নতুন ভূগর্ভস্থ 'মিসাইল সিটি' উন্মোচন করল ইরান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শন
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি নতুন ভূগর্ভস্থ 'মিসাইল সিটি' বা ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। সেখানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের যন্ত্রও প্রদর্শন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার আবহে নিজেদের এই সামরিক সক্ষমতা প্রদর্শন করল ইরান। গত মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন এই সামরিক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়।
কয়েক সপ্তাহ ধরে ইরানের নেতারা ইঙ্গিত দিয়ে আসছিলেন যে, আগামীতে বিশ্বকে চমকে দেওয়ার মতো অস্ত্র উন্মোচন করবে তেহরান। নতুন 'মিসাইল সিটি' উন্মোচন সেই বার্তারই অংশ হিসেবে মনে করা হচ্ছে।
ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি ভূগর্ভস্থ স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তাঁরা ক্ষেপণাস্ত্র ইউনিট ও লঞ্চারগুলোর প্রস্তুতি এবং অভিযান পরিচালনার সক্ষমতা পর্যালোচনা করেন।
ইরানের সশস্ত্র বাহিনীপ্রধান জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'মাটির গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব উন্নত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চমকে দেবে এবং নিজেদের সক্ষমতার প্রমাণ দেবে।'
এর আগে গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ঘোষণা দিয়েছিলেন, অ্যারোস্পেস ফোর্স সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ বেশ কিছু সামরিক সক্ষমতা উন্মোচন করবে। মঙ্গলবারের এই আয়োজন সেই ঘোষণার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
মোহেব্বি বলেন, 'আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন ব্যবস্থা ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। শুধু অস্ত্র সংরক্ষণের জন্য নয়, মাটির অনেক গভীরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে।'
মোহেব্বির ভাষ্য অনুযায়ী, ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, বিশাল ভূখণ্ড এবং উৎপাদন অবকাঠামোর কারণে তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে তিনি অ্যারোস্পেস ফোর্সের অর্জিত ১০টি প্রধান সামরিক সাফল্যের বিস্তারিত তুলে ধরেন।
তাঁর দাবি অনুযায়ী, নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'শহীদ-১৩৬' ড্রোন শিল্প পর্যায়ে বিপুল পরিমাণে উৎপাদন করা হচ্ছে। এর পাশাপাশি 'আরমান' ক্ষেপণাস্ত্র, '৩৫৮' ড্রোন এবং 'তৃতীয় খোরদাদ' আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিদেশে রপ্তানি করা হচ্ছে।
মোহেব্বির দাবি অনুযায়ী, বিদেশি কোনো সরঞ্জাম, আমদানিকৃত যন্ত্রাংশ কিংবা শত্রুর জব্দ করা অস্ত্রের 'রিভার্স ইঞ্জিনিয়ারিং'-এর ওপর নির্ভর না করেই নিজস্ব ঘরানার বিশ্বমানের প্রযুক্তিকাঠামো দাঁড় করানো হয়েছে।
মোহেব্বির দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক উত্তেজনার সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স একাই অন্তত ২৬০টি শত্রু আকাশযান ধ্বংস ও প্রতিহত করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-৫, এফ-১৮ যুদ্ধবিমান এবং এমকিউ-১, আরকিউ-৪, অরবিটার ও লুকাসের মতো ড্রোন রয়েছে বলে তিনি দাবি করেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, রাডার ক্রস-সেকশন (আরসিএস) নাটকীয়ভাবে কমিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোনে স্টিলথ প্রযুক্তি যুক্ত করা হয়েছে, ফলে এসব অস্ত্র যুক্তরাষ্ট্রের 'থাড' কিংবা 'প্যাট্রিয়ট'-এর মতো বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে অকার্যকর করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম বলে তিনি দাবি করেন।


