…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

প্রধানমন্ত্রীর বাসভবন এখন পুরোপুরি সৌরবিদ্যুতে, ছাদের উদ্বৃত্ত বিদ্যুৎ ইউনিটে সাড়ে ১০ টাকায় কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর বাসভবন এখন পুরোপুরি সৌরবিদ্যুতে, ছাদের উদ্বৃত্ত বিদ্যুৎ ইউনিটে সাড়ে ১০ টাকায় কিনবে সরকার
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বাসভবন এখন জাতীয় গ্রিডের বাইরে সম্পূর্ণ সৌরবিদ্যুতে চলছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেই প্রধানমন্ত্রী এই দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষ বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করলে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ সরকার সাড়ে ১০ টাকা ইউনিট দরে কিনে নেবে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অধিবেশনে ৭১ বিধিতে ‘জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ’ পর্বে আধুনিক স্মার্ট সোলার সিস্টেম ও উন্নত আইপিএস প্রযুক্তির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নোটিশটি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের (৩৩) সংসদ সদস্য শওকত আরা অ্যাক্তার (এ্যানি)।

নোটিশের জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মোট বিদ্যুতের ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি (সোলার) থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রথম পাঁচ বছরে আমরা ২০ শতাংশ বা ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে আনতে চাই। এ জন্য ইতোমধ্যে নীতি প্রণয়ন ও আইন তৈরি করা হয়েছে।’

সৌরবিদ্যুৎ জনপ্রিয় করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘মানুষকে বোঝাতে হবে তার নিজের ছাদই একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সেখান থেকেই সে রোজগার করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ছাদ থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ আমরা সাড়ে ১০ টাকায় কিনে নেব। এতে উৎপাদন খরচ পড়বে সর্বোচ্চ ৮ টাকা। অর্থাৎ, নিজের বিদ্যুৎ নিজে ব্যবহার করার পাশাপাশি প্রতি ইউনিটে দুই টাকার বেশি লাভ করতে পারবেন গ্রাহকরা।’

সৌরবিদ্যুৎ ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের কথা সংসদে তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী এখন কিন্তু গ্রিডে নাই। ওনার বাসাতে পুরো সোলার দিয়ে চলে। ব্যাটারির ব্যাকআপে ২৪ ঘণ্টা ওনার বাসায় বিদ্যুৎ থাকে। জনগণের নেতা হিসেবে তিনি দেখিয়ে দিয়েছেন, আপনারাও এটা করলে বিদ্যুতের বিল না দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।’

মন্ত্রী সংসদকে জানান, ক্যাবিনেট ডিভিশন থেকে সব জেলার ডিসিদের সরকারি অফিসে সোলার লাগানোর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারির ফলে বেসরকারি খাতের আস্থা ফিরেছে বলেও তিনি উল্লেখ করেন।

তাঁর তথ্য অনুযায়ী, গত দুই মাসের মধ্যেই ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। খুব শিগগিরই ৫ হাজার মেগাওয়াটের লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং দেশ লোডশেডিং থেকে মুক্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংসদ সদস্য শওকত আরা এ্যানি তাঁর সম্পূরক প্রশ্নে জানতে চান, সোলার প্যানেল স্থাপনে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সমান সুযোগ বা বিশেষ সুবিধা দিতে সরকারের কোনো উদ্যোগ আছে কি না। স্পিকারও এ প্রশ্নে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে মন্ত্রী বলেন, ‘সোলার প্যানেল প্রোভাইডারদের জন্য ডাকা দরপত্রে ইতোমধ্যে ৮ হাজারেরও বেশি প্রতিষ্ঠান আবেদন করেছে। প্রোভাইডার বাড়াতে আরও তিন মাস সময় বাড়ানো হয়েছে। যে আট হাজার আবেদন জমা পড়েছে, সেখানে ক্ষুদ্র-বৃহত্তর সবাই আছে। ক্ষুদ্র উদ্যোক্তারা চাইলে দুই-চারটা ছাদে সোলার লাগিয়েও ব্যবসা করতে পারবেন। এখানে আমাদের কোনো বিধিনিষেধ নেই। শুধু সরকার নির্ধারিত মূল্যে কাজ করতে হবে, তাহলেই অনুমতি দেওয়া হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

নারী যাত্রীদের জন্য ১০০টি পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারী যাত্রীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনতে যাচ্ছে সরকার।…

আবহাওয়া ও পরিবেশ

দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপ এখন সুস্পষ্ট, ৪৮-৭২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সিস্টেম…

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন
আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ঐতিহাসিক দায়ের ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে শনিবার (১৪ নভেম্…

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না
আবহাওয়া ও পরিবেশ

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না

শৈশবে চোখের সামনে দেখেছেন প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ধ্বংসযজ্ঞ। সেই স্মৃতি থেকেই উপকূলের মানুষের দুর্ভোগ ও জলবায়ু সংকট নিয়ে কাজের অনুপ্রেরণা পেয়েছ…