সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: মবের ঘটনা ৫৫ থেকে কমে ১৬, ধীরে ধীরে দেশে মবের অস্তিত্ব থাকবে না

দেশে ধীরে ধীরে মবের অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে মবের ঘটনা ঘটেছিল ৫৫টি। চলতি বছরের একই সময়ে তা কমে ১৬টিতে নেমে এসেছে। তিনি বলেন, ‘এই ১৬টাও যাতে আর না হয়, সে জন্য চূড়ান্ত ব্যবস্থা নেব। ধীরে ধীরে দেশে কোনো মব থাকতে পারবে না।’
তিনি বলেন, সরকার মব সহিংসতা, সন্ত্রাস, মাদক, উগ্রবাদ ও কিশোর গ্যাং নির্মূলে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি, টহল, চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন জোরদার করা হয়েছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা ও মহানগর পর্যায়ে কমিউনিটি পুলিশিং কমিটিও গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই দেশ পরিচালনা করতে চায় সরকার। তিনি বলেন, ‘আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবও না। তবে প্রয়োজনে, আই রিপিট, প্রয়োজনে সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
বিগত সরকারের আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার বাস্তবায়নে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল জেলায় জেলায় তদন্ত শুরু করবে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীলতাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করে পতিত শক্তি দেশে অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে মানবাধিকারের সীমারেখার মধ্যেই এসব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযানের সময় ‘রাইট অব প্রাইভেট ডিফেন্স’ বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের আলোকে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং কক্সবাজারে মানব পাচারবিরোধী অভিযানে এক সৈনিকের মৃত্যুর ঘটনা উল্লেখ করেন তিনি। ওই অভিযানে ৫৬ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, অবৈধ অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ সৈনিক সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



