‘বাংলার দামাল সন্তানরা সবচেয়ে সাহসী’, রাওয়ার ভেটেরানস ডে অনুষ্ঠানে বললেন স্পিকার হাফিজ উদ্দিন
পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশমাতৃকার সেবায় নিজেকে ব্যাপৃত করা খুব গৌরবের বিষয়, আর দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করতে কখনো কার্পণ্য বোধ করেননি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিজের সামরিক জীবনের কথা উল্লেখ করে স্পিকার বলেন, ‘আমি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, রাওয়ার সদস্য হওয়া তেমনি গৌরবের। সামরিক বাহিনীতে আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।’
মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন সেনাবাহিনীর পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। তবে মহান মুক্তিযুদ্ধের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
স্পিকার আরও বলেন, স্বাধীনতার অব্যবহিত পরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রশিক্ষণবিহীন আপামর জনতা অস্ত্র হাতে নিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
গণতন্ত্র প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই হয়েছিল, আর দেশের উন্নয়নে গণতন্ত্র ছাড়া বিকল্প পথ নেই। বিগত ১৫ বছরের ইতিহাসকে তিনি দুঃশাসনের ইতিহাস বলে বর্ণনা করেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এই অভ্যুত্থানে দেশের ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে; উদ্যত সঙ্গীনের সামনে আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। সামরিক বাহিনী এই অভ্যুত্থানে সহায়ক ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে স্পিকার সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে যুদ্ধের স্মৃতিচারণ করেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন। এমসি কলেজ যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের সম্মুখসমরে অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কর্মকর্তারা, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।




