…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্টসার্কিটে নয়, তদন্ত প্রতিবেদন রোববার

নিজস্ব প্রতিবেদক
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্টসার্কিটে নয়, তদন্ত প্রতিবেদন রোববার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের সম্ভাবনা নাকচ করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কমিটির তদন্ত শেষ পর্যায়ে এবং রোববার চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে।

পেট্রোল বোমা বা শর্টসার্কিটের পাশাপাশি অন্য কোনো নাশকতা বা দুর্ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, কমিটি তা পর্যালোচনা করে দেখছে বলে তদন্ত কমিটির এক সদস্য জানিয়েছেন।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে শনিবার ওই সদস্য বলেন, ঘটনার দিন রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে সিসিটিভি ফুটেজে যে আগুনের স্ফুলিঙ্গ দেখা গেছে, প্রথমে ভাবা হয়েছিল সেটিই আগুন লাগার শুরু। কিন্তু সেই স্ফুলিঙ্গের অনেক আগে থেকেই আগুন অল্প অল্প করে জ্বলছিল; এর ভিডিও ফুটেজ আছে। ওই স্ফুলিঙ্গই আগুনের সূত্রপাত ছিল না—সূত্রপাত অনেক আগেই হয়েছে।

শর্টসার্কিটের বিষয়ে জানতে চাইলে তদন্তকারী ওই কর্মকর্তা বলেন, ‘তৃতীয়বার যখন দপ করে আগুন জ্বলে ওঠে, তখন বিদ্যুতের বাতি নেভে; কিন্তু তারও আগে থেকে আগুন লেগেছে। শর্টসার্কিটের কারণে আগুন লাগেনি।’

তদন্ত কমিটি মনে করছে, ওই বাড়ির একটি কক্ষে খড় রাখা ছিল। কেউ হয়তো খড়ে আগুন দিয়েছিল, বা দুর্ঘটনায় এটি হতে পারে। বিষয়টি আরও পর্যালোচনা করা হচ্ছে।

গত বুধবার গভীর রাতে বাগোয়ান গ্রামে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে গত বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলামকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির অন্য তিন সদস্য হলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

শুক্রবার ও শনিবার দুই দিন কমিটির সদস্যরা বাগোয়ানে নুসরাতদের পোড়া বাড়িটি পরিদর্শন করেন। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাঁরা বাড়িতে ছিলেন; সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁরা আবার বাড়িতে যান।

শনিবারের পরিদর্শনে কমিটির সঙ্গে ছিলেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) ময়নুল হুদা। সদস্যরা তাঁকে নিয়ে পোড়া বাড়ির কক্ষগুলো ঘুরে দেখেন; বিদ্যুতের মিটার যেখানে স্থাপন করা ছিল, সেই জায়গা ও তারসহ অন্যান্য বিষয় দেখেন। সেখানে আধা ঘণ্টার বেশি সময় থাকার পর তাঁরা চলে যান। গণমাধ্যমের সামনে পল্লী বিদ্যুতের ওই কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

যোগাযোগ করা হলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান মুঠোফোনে বলেন, ‘যেহেতু বিদ্যুতের লাইন পল্লী বিদ্যুতের, সে জন্য সেখানে একজন কর্মকর্তা গেছেন। আমি যাইনি। মিটারসহ অন্য বিষয়গুলো আবার দেখা হচ্ছে। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিও ছিল।’

উল্লেখ্য, পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেছেন নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। শনিবার পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তদন্ত কমিটির প্রধান আহমেদ মাহবুব উল ইসলাম বলেন, তদন্ত শেষ পর্যায়ে। আগামীকাল রোববার চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

সিরাজগঞ্জের ৮৩ ইউনিয়নে বিএনপির নেতৃত্ব ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু

সিরাজগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ৮৩টি ইউনিয়নে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বি…

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক
রাজনীতি

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

সুইজারল্যান্ডের জেনেভায় দেশটির সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশের পক্ষে প…

ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু তহবিলে জোর দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান
রাজনীতি

ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু তহবিলে জোর দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান

ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে বাংলাদেশ সরকারকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কপ৩১–এ অংশ নেওয়া প্রতিনিধিদলের সদস্য…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…