শ্রমিক অসন্তোষের পেছনে পতিত শক্তির উসকানি ও সীমান্তের ওপার থেকে অর্থ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে শ্রমিক অসন্তোষের পেছনে পতিত শক্তি ও তাদের দেশীয় দোসরদের উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশ্বে চলমান যুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে একটি মহল শ্রমিকদের বিক্ষুব্ধ করার চেষ্টা করছে বলেও তিনি জানান।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্বে চলমান যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে। এই পরিস্থিতিকে পুঁজি করে একটি মহল শ্রমিকদের বিক্ষুব্ধ করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তৈরি পোশাকশিল্পের অস্থিরতা মোকাবিলায় সরকার শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করে নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বোর্ডের বৈঠক চলছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
তবে সীমান্তের ওপার থেকে অর্থ বিনিয়োগ করে একটি মহল মজুরি বোর্ড গঠনের অজুহাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এ কর্মকাণ্ডে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার প্রমাণ সরকারের হাতে রয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী একটি দলের শ্রমিক সংগঠনও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন, তবে সংসদীয় রীতির কথা উল্লেখ করে দল বা ব্যক্তির নাম প্রকাশ করছেন না বলে জানান।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাকে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি হিসেবে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। এ প্রসঙ্গে তিনি ২০০৪ সালের ৪ জুন রাজধানীর শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে গানপাউডার নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা তুলে ধরেন। তাঁর দাবি, ওই ঘটনায় ঘটনাস্থলে নয়জন এবং পরে হাসপাতালে আরও দুজনসহ মোট ১১ জন নিহত হন।
সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, সীমান্তের ওপার থেকে পলাতক আওয়ামী লীগ নেত্রী অডিও-ভিডিও কলে দলের নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের বাড়িঘর ভাঙার নির্দেশ দিচ্ছেন। দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বৈঠক করে আবার পালিয়ে যাওয়া রঞ্জিত সরকার নামে এক ব্যক্তির প্রসঙ্গ তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, এ ঘটনায় করা মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৭৫ জনকে আসামি করা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে যৌথ অভিযান চলছে।



