কংগ্রেসীয় তদন্তের পরিকল্পনাকে ‘ক্ষমতার অপব্যবহার’ বলল ট্রাম্পের হোয়াইট হাউস, পাল্টা জবাব গার্সিয়ার
নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে ক্ষমতার ‘অপব্যবহার’ করতে চাইছে ডেমোক্র্যাটরা—এমন অভিযোগ তুলে দলটির শীর্ষ এক আইনপ্রণেতাকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবার পাঠানো চিঠিটি বুধবার প্রকাশ্যে আসে।
চিঠিটি পাঠানো হয়েছে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়াকে। ৩ জানুয়ারি প্রতিনিধি পরিষদে নতুন ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ দল শপথ নিলে গার্সিয়া ওভারসাইট কমিটির চেয়ারম্যান হতে যাচ্ছেন।
বুধবার এক বিবৃতিতে গার্সিয়া বলেন, ‘মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কিছু লুকানোর আছে।’ তিনি বলেন, ‘আইন প্রণয়নের ক্ষমতার অন্তর্নিহিত কর্তৃত্ব হিসেবে তদন্ত ও তদারকি চালানোর ব্যাপক এখতিয়ার কংগ্রেসের আছে।’
চিঠিতে অভিযোগ করা হয়েছে, গার্সিয়া ও অন্য ডেমোক্র্যাটদের সাম্প্রতিক বক্তব্য থেকে মনে হচ্ছে, তাঁরা যেসব কংগ্রেসীয় তদন্ত চালাতে চান, তা কংগ্রেসের সাংবিধানিক এখতিয়ারের বাইরে।
হোয়াইট হাউসের আইনজীবী উইলিয়াম শার্ফ চিঠিতে লেখেন, ‘কংগ্রেসীয় তদন্ত ও সাবপিনার (তলবনামা) ওপর সংবিধান যেসব মৌলিক সীমা আরোপ করেছে, তা আপনাদের স্মরণ করিয়ে দিতে আমি লিখছি; আপনি এবং নতুন কংগ্রেসের সদস্যরা স্পষ্টভাবে সেসব সীমা লঙ্ঘনের অভিপ্রায় দেখিয়েছেন।’
শার্ফ যুক্তি দেন, কংগ্রেসীয় ডেমোক্র্যাটরা ‘ফৌজদারি বিচারের ক্ষমতা’ প্রয়োগ করতে চাইছেন, যা নির্বাহী শাখা ও বিচার বিভাগের এখতিয়ার। তিনি গার্সিয়ার মতো আইনপ্রণেতাদের বিরুদ্ধে সরকারের আইনসংগত কার্যক্রমে ‘ভয় দেখানো ও হস্তক্ষেপ’ করার অভিপ্রায়ের অভিযোগও তোলেন।
শার্ফ আরও লেখেন, ‘নির্বাহী শাখার কর্মকর্তাদের জনসেবা থেকে বিরত রাখতে হুমকি, কিংবা প্রাপককে কেবল হয়রানি করা বা ভয় দেখানোর উদ্দেশ্যে করা প্রক্রিয়া স্পষ্ট অপরাধের পর্যায়ে পৌঁছাতে পারে।’
ডেমোক্র্যাটরা তাঁদের প্রতিশ্রুত তদন্ত চালালে হোয়াইট হাউস কী পদক্ষেপ নিতে পারে, চিঠিতে তা বিস্তারিত বলা হয়নি। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পও একই ধরনের হুমকি দিয়েছেন। শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ডেমোক্র্যাটরা ঘুরে ঘুরে বহু মানুষকে হুমকি দিচ্ছে। এটি সর্বোচ্চ পর্যায়ের চাঁদাবাজি, তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।’
গার্সিয়া ও অন্য ডেমোক্র্যাটরা অবশ্য জানিয়েছেন, তাঁদের লক্ষ্য আইনসভার তদারকির দায়িত্ব পালন করা। বুধবারের বিবৃতিতে গার্সিয়া যুক্তি দেন, সীমা লঙ্ঘন করছে ট্রাম্প প্রশাসন, আসন্ন কংগ্রেস নয়। তিনি বলেন, ‘অস্ত্রায়িত বিচার বিভাগ কিংবা প্রেসিডেন্টের আইনজীবীদের ভিত্তিহীন হুমকিতে আমরা দমে যাব না; আমরা সরকারের একটি সমমানের শাখা।’
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষেই উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং দুটি কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থেকে ছিনিয়ে নিয়েছে। নতুন কংগ্রেস শপথ নিলে এই সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের শুনানি আয়োজন ও কর্মকর্তাদের শপথের আওতায় জবাব দিতে তলব করার ক্ষমতাসম্পন্ন কমিটিগুলোর নিয়ন্ত্রণ দেবে।
সাম্প্রতিক দিনগুলোতে গার্সিয়াসহ অন্য আইনপ্রণেতারা ঠিক তা-ই করার প্রতিশ্রুতি দিয়েছেন। গার্সিয়া এই মাসে বারবার বলেছেন, ট্রাম্পের কর্মকর্তাদের ‘আইনজীবী প্রস্তুত রাখা’ এবং সাবপিনার মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকা উচিত। হোয়াইট হাউস এই সপ্তাহের চিঠিতে সেই মন্তব্যসহ ডেমোক্র্যাটদের আরও কয়েকটি মন্তব্য উদ্ধৃত করেছে।
নির্বাচিত প্রতিনিধি কেটি পাডিলা স্টাউটও গার্সিয়ার একই স্লোগান পুনরাবৃত্তি করে সামাজিক মাধ্যমে ‘দুর্নীতিবাজ কর্মকর্তা ও বিলিয়নিয়ারদের’ উদ্দেশে লিখেছেন: ‘আইনজীবী প্রস্তুত রাখুন, সময়সূচি ফাঁকা করুন, আর ক্যামেরার জন্য মেকআপ করে আসুন।’ নর্থ ক্যারোলাইনার আরেক নবনির্বাচিত ডেমোক্র্যাট রিচার্ড ওজেডা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের জন্য সাবপিনার অপেক্ষার কথা লিখেছেন: ‘শুনানির ঘরে তাঁকে নড়বড়ে হতে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।’ দুটি মন্তব্যই শার্ফ তাঁর চিঠিতে নির্বাহী কর্মকর্তাদের প্রতি ‘অপব্যবহারমূলক ও খামখেয়ালি হুমকির’ উদাহরণ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন।
কংগ্রেসের অনুমোদন ছাড়াই নেওয়া কয়েকটি সামরিক পদক্ষেপে তাঁর ভূমিকার কারণে নতুন বছরে সাবপিনা পেতে পারেন এমন কর্মকর্তাদের মধ্যে হেগসেথ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব স্থগিত হওয়া ঠেকাতে হাউস ডেমোক্র্যাটরা পর্যাপ্ত ভোট জোগাড় করতে পারেননি। তবে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ দল শপথ নেওয়ার পর অভিশংসনের উদ্যোগ আবার বিবেচনায় আসতে পারে। মঙ্গলবারের অভিশংসন প্রস্তাবটি প্রকাশ্যে সমর্থন করেছিলেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস, যিনি জানুয়ারিতে হাউস স্পিকার হতে পারেন।
গার্সিয়া বলেছেন, দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য সম্পর্কসহ অন্যান্য বিষয়ও তিনি হাউস ওভারসাইট কমিটি দিয়ে খতিয়ে দেখবেন। বর্তমানে রিপাবলিকানদের নেতৃত্বাধীন কমিটি এই সপ্তাহে এক প্রতিবেদনে বলেছে, এপস্টিনের অভিযুক্ত যৌন পাচার চক্রের সঙ্গে ট্রাম্পকে যুক্ত করার কোনো প্রমাণ নেই। বরং ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ট্রাম্পকে এপস্টিনের সঙ্গে যুক্ত করার চেষ্টায় ‘আচ্ছন্ন’ থাকার অভিযোগ তুলে তাদের প্রচেষ্টাকে ‘ভিত্তিহীন ডাইনি-শিকার’ বলে আখ্যা দিয়েছে কমিটি।




