বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা চলতে পারবে: মার্কিন বিচারকের রায়, বিবিসির অস্বীকৃতি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবিসির বিরুদ্ধে করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা এগিয়ে যেতে পারবে বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির জন্য এ রায় একটি ধাক্কা।
প্রেসিডেন্টের এই দেওয়ানি মামলায় অভিযোগ করা হয়েছে, বিবিসি ৬ জানুয়ারির ঘটনা নিয়ে একটি প্রামাণ্যচিত্রে প্রতারণামূলক সম্পাদনা করেছে এবং তার সুনাম ক্ষুণ্ন করতে বিদ্বেষ নিয়ে কাজ করেছে।
ফ্লোরিডার দক্ষিণ জেলার ফেডারেল জেলা বিচারক জেফরি টি কুন্টজ—যিনি ট্রাম্পের নিয়োগ দেওয়া বিচারক—মঙ্গলবার ৪০ পৃষ্ঠার রায়ে বিবিসির মামলা খারিজের আবেদন আংশিকভাবে প্রত্যাখ্যান করেছেন।
বিচারক রায়ে বলেছেন, সম্প্রচারমাধ্যমটি ট্রাম্পের সুনাম ক্ষুণ্ন করেছে এবং ক্লিপটি বিভ্রান্তিকর ছিল—তা তারা জানত বা জানা উচিত ছিল—ট্রাম্পের এই দাবি "যথাযথভাবে অভিযোগ আকারে উপস্থাপিত" হয়েছে, অর্থাৎ তা বিশ্বাসযোগ্য। তবে এই সিদ্ধান্তে মামলাটি এগিয়ে গেলেও ট্রাম্প এসব দাবি প্রমাণ করেছেন কিনা, তা প্রতিষ্ঠিত হয়নি।
বিবিসির বিরুদ্ধে প্রেসিডেন্টের মামলার কেন্দ্রে রয়েছে ২০২৪ সালের অক্টোবরের প্রামাণ্যচিত্র "ট্রাম্প: আ সেকেন্ড চান্স?"। এতে ২০২১ সালের ৬ জানুয়ারি সমর্থকদের উদ্দেশে ট্রাম্পের দেওয়া ভাষণের ক্লিপ রয়েছে, যেখানে তিনি উপস্থিতদের মার্কিন ক্যাপিটলে হামলা চালাতে নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ। তখন আইনপ্রণেতারা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জয় প্রত্যয়নের ভোট দিচ্ছিলেন।
প্রেসিডেন্টের অভিযোগ, প্রামাণ্যচিত্রটি বেছে বেছে সম্পাদনা করা হয়েছে—একই ভাষণের প্রায় ৫৫ মিনিট ব্যবধানের দুটি আলাদা ভিডিও ও অডিও ক্লিপের ক্রম ভুলভাবে সাজানো হয়েছে এবং ফুটেজ এমনভাবে সম্পাদনা করা হয়েছে যাতে মনে হয় তিনি সরাসরি সহিংসতার আহ্বান জানাচ্ছিলেন।
সম্পাদিত দুটি ক্লিপের একটিতে তিনি সমর্থকদের ক্যাপিটলের দিকে মিছিল করতে বলেছিলেন, অন্যটিতে তিনি বলেছিলেন, "প্রাণপণে লড়াই করো।"
ট্রাম্প বরাবরই বলে আসছেন, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর ঠেকাতে তিনি কখনো সমর্থকদের সহিংসতা করতে বলেননি; যদিও তিনি দীর্ঘদিন ধরে মিথ্যাভাবে দাবি করে আসছেন, ভোট কারচুপির কারণেই ২০২০ সালের নির্বাচনে তিনি হেরেছিলেন।
ট্রাম্প আরও বলেছেন, তার ভাষণের সম্পাদিত অংশগুলোতে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান বাদ দেওয়া হয়েছে।
বিবিসি স্বীকার করেছে, সম্পাদনাটি বিভ্রান্তিকর ছিল এবং মামলা দায়েরের এক মাস আগে ২০২৫ সালের ১৩ নভেম্বর ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে। মামলা খারিজ চেয়ে বিবিসি বলেছিল, তাদের সম্পাদনায় ৭০ মিনিটের ভাষণ সংক্ষিপ্ত করা হয়েছিল—বিচারক এই যুক্তি প্রত্যাখ্যান করেছেন। তবে সম্প্রচারমাধ্যমটি এখনো প্রেসিডেন্টকে মানহানি করার অভিযোগ অস্বীকার করে যাচ্ছে।
রায়ের পর বিবিসির এক মুখপাত্র বলেছেন, "এই সিদ্ধান্তে আমরা বিস্মিত, তবে আদালতের কর্তৃত্বকে সম্মান করি এবং লক্ষ্য করছি, মামলাটি এখন পরবর্তী ধাপে যাবে। আমরা আমাদের অবস্থানে আত্মবিশ্বাসী এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই জবাব দিয়ে যাব।"
মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এই রায়কে "ভুয়া খবরের বিবিসির বিরুদ্ধে বিশাল বিজয়" বলে অভিহিত করেছেন।
মধ্যবর্তী নির্বাচনের প্রচারে যাওয়ার জন্য নির্ধারিত অক্টোবর মাসের জবানবন্দি এড়িয়ে যাওয়ার পর প্রেসিডেন্টের সামনে এখন আদালতের নির্দেশিত ১১ ডিসেম্বরের সময়সীমা রয়েছে—শপথ নিয়ে সাক্ষ্য দিতে হবে, নাহলে বিবিসির বিরুদ্ধে তার মানহানি মামলা খারিজ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
২০২৫ সালের ডিসেম্বরে মিয়ামির ফেডারেল আদালতে দায়ের করা মূল মামলায় অভিযোগ করা মানহানি এবং ফ্লোরিডা ডিসেপ্টিভ অ্যান্ড আনফেয়ার ট্রেড প্র্যাকটিসেস আইন লঙ্ঘনের প্রতিটির জন্য কমপক্ষে ৫ বিলিয়ন ডলার করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। মঙ্গলবার বিচারক দ্বিতীয় দাবিটি খারিজ করে দিয়েছেন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কিছু আগে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত সম্পাদিত ভাষণ নিয়ে এই বিতর্ক সম্প্রচারমাধ্যমটির জন্য জনসংযোগ সংকট তৈরি করেছিল, যার জেরে এর দুই শীর্ষ নির্বাহী পদত্যাগ করেছিলেন।
বিবিসির মামলাটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ব্যক্তিগতভাবে দায়ের করা বেশ কয়েকটি মামলার একটি; এটি তার অপছন্দের সংবাদ পরিবেশনের বিরুদ্ধে বৃহত্তর চাপ প্রয়োগের অংশ। একাধিক বিচারিক এলাকায় তার আইনজীবীরা বড় সংবাদ সংস্থা ও প্রকাশকদের বিরুদ্ধে বিপুল আর্থিক জরিমানার দাবি তুলেছেন।
প্রেসিডেন্ট বর্তমানে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে আরেকটি ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলায় জড়িয়ে আছেন, যেটি তিনি আগে খারিজ হওয়ার পর মে মাসে আবার দায়ের করেছিলেন। ৩১ অক্টোবর এক বিচারক পুনর্দায়ের করা মামলাটি খারিজ করেছেন এবং ট্রাম্প আপিল করেছেন। আরেকটি মানহানি মামলায় নিউইয়র্ক টাইমস ও বই প্রকাশক পেঙ্গুইন র্যান্ডম হাউসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
সেপ্টেম্বরে প্রেসিডেন্ট সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউস ও এর প্রেস পুল থেকে নিষিদ্ধ করার পদক্ষেপও নিয়েছিলেন—এক ফেডারেল বিচারক পরে সেই সর্বাত্মক নিষেধাজ্ঞা আটকে দেন, যদিও সংস্থাগুলো এয়ার ফোর্স ওয়ান ও ওভাল অফিস থেকে চলমান বাদ দেওয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।




