স্কটল্যান্ডের জলাভূমিতে পাওয়া ব্রোঞ্জের পা বদলে দিচ্ছে রোমান দখলের ইতিহাস

স্কটল্যান্ডের গ্রামাঞ্চলের এক জলাভূমিতে ২০০ বছরের বেশি আগে পাওয়া বড় একটি ব্রোঞ্জের পা এখন রোমান সাম্রাজ্যের ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করছে। ‘মিসলিংটন লেগ’ নামে পরিচিত সোনার প্রলেপ দেওয়া এই পা-টি এডিনবরায় শনিবার শুরু হতে যাওয়া রোমান স্কটল্যান্ড নিয়ে আয়োজিত এযাবৎকালের সবচেয়ে বড় প্রদর্শনীর কেন্দ্রবিন্দু।
পুরাতত্ত্ববিদেরা আগে মনে করতেন, পা-টি লুট করা হয়েছিল—সম্ভবত ইয়র্ক থেকে স্কটিশ উপজাতিরা তা কেটে নিয়ে হ্যাড্রিয়ানের প্রাচীর পেরিয়ে উত্তরে নিয়ে গিয়েছিল। ১৯৩২ সালে পণ্ডিত জেমস কার্ল লিখেছিলেন, প্রাচীরের উত্তরে কোথাও এটি স্থাপনের মতো পরিস্থিতি কল্পনা করা যায় না।
কিন্তু প্রত্নতাত্ত্বিকরা এখন মনে করেন, ভারী এই ব্রোঞ্জের পা-টি এসেছে স্কটিশ বর্ডার্স এলাকা থেকে। এটি ছিল সম্রাট আন্তোনিনাস পিয়াসের ঘোড়ায় চড়া বিশাল এক মূর্তির অংশ। খ্রিষ্টীয় ১৪০ সালের দিকে তাঁর বাহিনী দক্ষিণ স্কটল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার পর হ্যাউইকের কাছে মূর্তিটি স্থাপন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য সীমান্ত অঞ্চলের সাম্রাজ্যিক মূর্তির সঙ্গে এর তাৎপর্যপূর্ণ মিল রয়েছে।
পা-টি ১৮২০ সালে খুঁড়ে তোলার পর ১০০ বছর ধরে এডিনবরার কাছে ডালকিথ হাউসের ‘চার্টার রুমে’ পড়ে ছিল। বাড়িটি বুকলিউয়ের ডিউকের মালিকানাধীন অভিজাত বাসভবনগুলোর একটি। ন্যাশনাল মিউজিয়াম অব স্কটল্যান্ডে ‘রোমান স্কটল্যান্ড: লাইফ অন দ্য এজ অব এম্পায়ার’ শীর্ষক প্রদর্শনীতে এখন এটি অন্যান্য নিদর্শনের পাশাপাশি প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীর প্রধান কিউরেটর ড. ফ্রেজার হান্টার মনে করেন, এ ধরনের মূর্তি লৌহযুগের সম্প্রদায়গুলোর ওপর গভীর প্রভাব ফেলত। তাঁর ভাষায়, এগুলো কেবল দৃশ্যতই প্রভাবশালী ছিল না, দেখতেও ছিল একেবারেই অচেনা। লৌহযুগে প্রকৃতিবাদী শিল্পের প্রায় কোনো অস্তিত্বই ছিল না, আর মানুষের মূর্তি গড়ার ধারণাটাই ছিল সেই সময়ের বিশ্বদৃষ্টির কাছে সম্পূর্ণ অচেনা।
হান্টারের মতে, পা-টি কেটে নেওয়া হয়নি; বরং সযত্নে সরিয়ে যেখানে রাখা হয়েছিল, ১ হাজার ৭০০ বছর পর সেখানেই তা পাওয়া গেছে। কিউরেটরদের বিশ্বাস, এই নিদর্শনগুলো প্রমাণ করে রোমানরা হ্যাড্রিয়ানের প্রাচীরের উত্তরে আগে যা ভাবা হতো তার চেয়ে অনেক বেশি প্রভাবশালী শক্তি ছিল—তারা দেশের বড় বড় এলাকা দখল করেছিল, নতুন শিল্পকর্ম তৈরি করেছিল এবং সরে যাওয়ার অনেক পরও স্কটল্যান্ডের রাজনীতিকে প্রভাবিত করেছিল।
প্রদর্শনীতে আরও রয়েছে এডিনবরার পূর্বে ইনভারেস্ক থেকে পাওয়া অত্যন্ত অলংকৃত একটি মাটির বাটির নতুন পুনর্নির্মাণ। গ্রামটিতে ছিল বড় একটি রোমান দুর্গ ও শহর। হান্টারের বিশ্বাস, খ্রিষ্টীয় ১৪২ থেকে ১৬৫ সাল পর্যন্ত আন্তোনাইন আমলে—স্কটল্যান্ডে রোমান দখলের তিনটি পর্বের দ্বিতীয়টিতে—এটি ছিল সাম্রাজ্যিক ক্ষমতার একটি কেন্দ্র।
সহকারী কিউরেটর বেথানি সিম্পসন বলেন, বাটিটিতে ডলফিন, হরিণ ও শিকারি কুকুরের আকৃতির প্রাণীর নকশার এক অনন্য সমন্বয় রয়েছে। তাঁর ভাষায়, এটি শুধু ইনভারেস্কেই পাওয়া যায়—স্কটল্যান্ডের আর কোথাও নয়, পুরো যুক্তরাজ্যের কোথাও নয়।
জাদুঘরটি প্রথমবারের মতো ইনভারেস্কে খনন করা একটি মিথ্রেয়াম (মিথ্রাসের মন্দির) থেকে পাওয়া স্থানীয়ভাবে খোদাই করা দুটি পাথরের বেদিও প্রদর্শন করছে। নাটকীয় আলো ব্যবহার করে দেখানো হয়েছে বেদিগুলোতে মূলত আঁকা উজ্জ্বল রঙ। একটি বেদির ফাঁপা পাথরে মিথ্রাসের খোদাই করা মাথা থেকে ছিদ্র কাটা হয়েছে, চোখ ও মুখে ছিদ্র রাখা হয়েছে যাতে মন্দিরের ধোঁয়াটে অন্ধকারে প্রদীপের আলো বেরিয়ে আসতে পারে।
প্রদর্শনীতে রয়েছে ইনভারেস্কে সযত্নে কবর দেওয়া একটি ঘোড়ার পুরো কঙ্কালও। সেখানে একটি ছোট অ্যাম্ফিথিয়েটারও ছিল, যা সীমান্ত শহরগুলোতে বিরল। হান্টার বলেন, ব্রিটেনে অশ্বারোহী বাহিনীর ঘোড়া কবর দেওয়া বিরল ঘটনা; সাধারণত সেগুলো ফেলে দেওয়া হতো, তাই এটি অবশ্যই ছিল মূল্যবান একটি ঘোড়া।
হান্টারের হিসাব অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব স্কটল্যান্ডজুড়ে প্রায় ১০ হাজার সৈন্য মোতায়েন ছিল, যাদের মধ্যে ছিল আধুনিক রোমানিয়া ও উত্তর আফ্রিকার মতো জায়গা থেকে আসা সহায়ক বাহিনী। তাদের সঙ্গে ছিল আরও প্রায় ১০ হাজার শিবির-অনুসারী, স্ত্রী ও দাস।
প্রদর্শনীটির মূল বিষয় আদিবাসী কেল্টিক উপজাতিদের সংস্কৃতি ও রাজনৈতিক কাঠামোর ওপর রোমের প্রভাব। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, রোমান-পূর্ব স্কটল্যান্ডে খোদাইশিল্পের কোনো ঐতিহ্য ছিল না, কিন্তু রোমান দখল থেকে সমৃদ্ধ স্থানীয় ধারার জন্ম হয়, যা থেকে আসে অত্যন্ত অলংকৃত পিক্টিশ দাঁড়ানো পাথর। রোমানরা আনুগত্য কেনার জন্য রুপা ব্যবহার করত, যা স্থানীয়দের কাছে আগে অজানা ছিল। তবে তৃতীয় ও চতুর্থ শতাব্দীতে রোমান হুমকির মুখে পিক্টিশ উপজাতিরা ‘রোমানবিরোধী জোটে’ একত্র হয়।



