‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ অবস্থা থেকে বের হতে চায় তেহরান, বল এখন আমেরিকার কোর্টে: গালিবাফ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ টেনে চলা এবং আলোচনা থেমে থাকার মধ্যে ইরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ অবস্থা থেকে বেরিয়ে আসতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। আল জাজিরাকে তিনি বলেছেন, এখন বল আমেরিকার কোর্টে।
গালিবাফ বলেন, যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে তেহরান এখনো খোলামেলা আছে এবং এ জন্য দেওয়া শর্তগুলোর জবাবের অপেক্ষায় আছে তারা।
ইরান হরমুজ প্রণালি দিয়ে কোন কোন জাহাজ যেতে পারবে, তার ওপর নিয়ন্ত্রণের দাবি ধরে রেখেছে। ‘অননুমোদিত’ পথে যাওয়া ট্যাংকারে হামলায় জাহাজ চলাচল ব্যাহত হয়েছে।
পূর্ণমাত্রার লড়াই আপাতত থেমে থাকলেও আনুষ্ঠানিক শান্তিচুক্তি এখনো নাগালের বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভঙ্গুর অচলাবস্থা বেশিদিন নাও টিকতে পারে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির উপপরিচালক আলি ভায়েজ আল জাজিরাকে বলেন, ‘বর্তমান ভারসাম্য প্রকৃতিগতভাবেই অস্থিতিশীল। ওয়াশিংটন যেটাকে টেকসই অচলাবস্থা মনে করে, তেহরান সেটাকে দেখে ধীরগতির শ্বাসরোধ হিসেবে। দুই পক্ষই বাজি ধরছে, অপর পক্ষের কষ্ট সহ্য করার সীমা নিজেদের চেয়ে কম।’
যুদ্ধবিরতিতে রাজি হওয়া, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে শান্তি আলোচনা আবার শুরু করার আগে তেহরান সাতটি শর্ত দিয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে। শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, নিষেধাজ্ঞা শিথিল করা, জব্দ করা ইরানি তহবিল ছেড়ে দেওয়া, সব ফ্রন্টে শত্রুতা বন্ধ করা এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা।
গালিবাফ বলেন, এই শর্তগুলো জুনে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) অংশ ছিল; যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আবার বসার আগে সেগুলো বাস্তবায়ন করতে হবে।
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত অর্থনৈতিক চাপ বাড়ানোর পথ বেছে নিয়েছেন বলে বিশেষজ্ঞরা বলছেন। ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে, ইরানি বন্দরগুলোর অবরোধ বজায় রেখেছে এবং একটি অভিযানের ঘোষণা দিয়েছে, যেটি দিয়ে ট্রাম্পের ভাষায় উন্নত অস্ত্র ও প্রযুক্তি পরিবহনে ইরানের ব্যবহৃত স্থলপথগুলো বন্ধ করে দেওয়া হবে।
কাতার মঙ্গলবার বলেছে, তারা সংকটের সমাধানে ‘অক্লান্তভাবে’ কাজ করছে এবং দুই পক্ষই কূটনীতি নিয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছে। এর এক দিন আগে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানিকে আতিথ্য দেওয়ার পর ট্রাম্প বলেন, এই সংঘাতের সমাপ্তির দিকে ‘গতি’ তৈরি হয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের দাবিগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন।
কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও উপসাগরীয় অধ্যয়নের অধ্যাপক গের্ড নোনেমান আল জাজিরাকে বলেন, এই চাপ ধরে রাখার খরচ ওয়াশিংটনের কৌশলগত সুযোগ সংকুচিত করে দিতে পারে; সামগ্রিক অর্থনৈতিক প্রভাব ও সামরিক অভিযানের ব্যয়ের দিক থেকে এই কৌশল অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এটি কখনো টেকসই হবে না।
হরমুজ প্রণালিতে ইরানের প্রভাবের চিত্র গত সপ্তাহান্তে দেখা গেছে, যখন ট্যাংকারে হামলার পর জাহাজ চলাচল তীব্রভাবে কমে যায়। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, শনিবার ৭ নভেম্বর মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ প্রণালি পার হয়েছিল, রোববার ৮ নভেম্বর একটিও পার হয়নি; আগের সপ্তাহান্তে এই সংখ্যা ছিল ৩১টি।
তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, বুধবার রাতে একটি ‘বিশাল বিস্ফোরণে’ দুটি সুপারট্যাংকার থেমে যায়; জাহাজ দুটি তাদের ভাষায় অননুমোদিত পথে যাচ্ছিল এবং দুটিতে মিলে চার মিলিয়নের বেশি ব্যারেল তেল ছিল।
অ্যাক্সিওসের খবর অনুযায়ী ট্রাম্পের উপদেষ্টারা পরবর্তী পদক্ষেপ নিয়ে বিভক্ত। রুবিও মনে করেন অর্থনৈতিক চাপের কৌশল কাজ করছে, আর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার মাধ্যমে চুক্তির পক্ষে চাপ দিয়েছেন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার অর্থনৈতিক চাপ বজায় রাখার পক্ষে রয়েছেন।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের আলবার্ট ভিদাল বলেন, নৌ অবরোধে অর্থনৈতিক চাপের কারণে যুক্তরাষ্ট্র ইরানের তুলনায় বর্তমান অচলাবস্থা নিয়ে কিছুটা বেশি আগ্রহী হতে পারে। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনও ট্রাম্পের হিসাবে প্রভাব ফেলতে পারে; জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নিলে ডেমোক্র্যাটরা ব্যয়ের ক্ষমতা ব্যবহার করে প্রশাসনের সামরিক অভিযান টিকিয়ে রাখা কঠিন করে দিতে পারে বলে ভিদাল বলেন। তিনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধকের ঘাটতির কথাও উল্লেখ করেন।
ভায়েজ বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, দুই পক্ষই জানে কীভাবে আরেক দফা শত্রুতা শুরু করতে হয়, কিন্তু কেউই জানে না কীভাবে সেটি নিয়ন্ত্রণ বা শেষ করতে হয়।’ ইরান বেসামরিক অবকাঠামো ও অঞ্চলটিতে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার ইঙ্গিত দিয়েছে বলেও বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে।


