দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৬, জব্দ ৪ মোটরসাইকেল
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিবন্ধনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ ও ডিবির একাধিক দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, দক্ষিণ রাঙ্গুনিয়ার মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকিয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
অভিযানকালে পাহাড়ি এলাকার বিভিন্ন বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য অবস্থানস্থলে তল্লাশি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা জানায়নি পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, পাহাড়ের দুর্গম ভূপ্রকৃতিকে ব্যবহার করে অপরাধীরা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে।
অপরাধীদের অবস্থান শনাক্ত ও সম্ভাব্য আস্তানাগুলো চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



