সমাধিতে শৃঙ্খলা রক্ষা করা সৈনিককে পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

অজ্ঞাত সৈনিকের সমাধিতে নিজের সঙ্গীদের ধমক দিয়ে শৃঙ্খলা রক্ষা করা সেনাসদস্যকে পদক দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার তিনি স্পেশালিস্ট টমাস ইগলেসিয়াসকে জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল প্রদান করেন।
পেন্টাগনের একজন কর্মকর্তা বৃহস্পতিবার এক বিবৃতিতে ফক্স নিউজ ডিজিটালকে নিশ্চিত করেছেন, দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে হেগসেথ ‘গর্বের সঙ্গে’ ইগলেসিয়াসকে পদকটি দিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, ছবিতে দেখা গেছে, হেগসেথ পেন্টাগনে থার্ড ইউএস ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ‘দ্য ওল্ড গার্ড’কে স্বাগত জানান এবং ২০২৬ সালের ১১ নভেম্বর অজ্ঞাত সৈনিকের সমাধিতে দায়িত্ব পালনের জন্য স্পেশালিস্ট টমাস ইগলেসিয়াসকে জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল প্রদান করেন।
জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল হলো যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সদস্যদের দেওয়া একটি সামরিক সম্মাননা, যা সাধারণত যৌথ সামরিক কার্যক্রম বা দায়িত্বে মেধাবী অর্জন বা সেবার স্বীকৃতিতে দেওয়া হয়।
এর আগে বুধবার ভেটেরানস ডে অনুষ্ঠানের পর হেগসেথ ও তাঁর সঙ্গীরা অজ্ঞাত সৈনিকের সমাধি থেকে সরে যাওয়ার সময় হাসির শব্দ শোনা গেলে ইগলেসিয়াস দর্শনার্থীদের নীরবতা ও শ্রদ্ধা বজায় রাখার কথা মনে করিয়ে দেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘সব দর্শনার্থী সব সময় নীরবতা ও শ্রদ্ধার পরিবেশ বজায় রাখবেন।’
হেগসেথ বৃহস্পতিবার এক্সে লিখেছেন, ‘আমরা সৈনিকদের ভালোবাসি। আমরা মানদণ্ডকে ভালোবাসি। সাবাশ, স্পেশালিস্ট।’ তিনি আরও লেখেন, ‘ক্যারি অন প্যাট্রিয়টস।’
বুধবারের ঘটনার পর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সিবিএস নিউজকে বলেন, হেগসেথ ও পুরো বিভাগ সব সময় আমেরিকাকে নিরাপদ রাখতে সামরিক নারী-পুরুষদের আত্মত্যাগকে সম্মান করেছে এবং করবে।
পার্নেল আরও বলেন, এই গম্ভীর দিনটি পালনের সময় একজন সৈনিক সঠিকভাবে ও শ্রদ্ধার সঙ্গে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা মনে করিয়ে দিয়েছেন।




