প্রধানমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করা ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট ও পেজ শনাক্ত: সংসদে প্রতিমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করা হয়েছে বলে জাতীয় সংসদে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের পক্ষে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সংসদে জানানো হয়, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চিহ্নিত করেছে। পাশাপাশি সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো ১৯টি ওয়েবসাইটও শনাক্ত করা হয়েছে।
এর আগে বিকেল সাড়ে ৪টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
প্রতিমন্ত্রী জানান, পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া অ্যানালাইসিস কার্যক্রম ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও প্রকাশ করেছে; যার মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি।
বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করছে। গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই একটি ‘ফ্যাক্ট চেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে। ওয়েবসাইটটির (banglafact.com) মাধ্যমে ডিজিটাল লিটারেসি ও মিডিয়া অ্যানালাইসিস বিষয়ক কনটেন্ট সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, গুজব ও হেটস্পিচ মোকাবিলা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
২০২৫-২৬ অর্থবছরে ৬৪ জেলায় ৯৭টি কর্মশালায় ৪ হাজার ৯৫ জন এবং চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২২টি কর্মশালায় ৭১৬ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের আমলে ৪৪টি তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিয়েছেন ১ হাজার ৬৯১ জন সাংবাদিক।
এ ছাড়া পিআইবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স ও ডিপ্লোমা কোর্সের পাশাপাশি অনলাইনে ই-লার্নিং ও অর্ধশতাধিক শিক্ষামূলক ভিডিও বিনামূল্যে শেখার সুযোগ রয়েছে।
গবেষণা ও আর্কাইভ কার্যক্রমের অংশ হিসেবে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১০টি জাতীয় দৈনিক ডিজিটাইজ করে সংরক্ষণ করা হচ্ছে। বিগত সময়ে গণমাধ্যম ব্যবহার করে চরিত্রহননের ওপর ‘বাংলাদেশে শিকারি সাংবাদিকতা’ ও ‘শিকারি সাংবাদিকতা: নিশানায় খালেদা জিয়া’ নামে দুটি গবেষণাগ্রন্থ প্রকাশ করেছে পিআইবি।

