ফিনল্যান্ড উপসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজ, সেন্ট পিটার্সবার্গের দিকে ফিরল নারো-ফোমিনস্ক

ফিনল্যান্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বুধবার ফিনল্যান্ড উপসাগরে একটি রুশ যুদ্ধজাহাজে হামলা হয়েছে। হামলাটি সম্পর্কে অবশ্য এখনো খুব বেশি তথ্য জানা যায়নি।
ইউক্রেনের নিরাপত্তা সেবা এসবিইউ বলেছে, বাল্টিক উপকূলে রাশিয়ার উস্ত-লুগা তেল রপ্তানি ডিপোর বিরুদ্ধে বৃহত্তর ড্রোন অভিযানের অংশ হিসেবে তারা নারো-ফোমিনস্ক জাহাজটিকে লক্ষ্যবস্তু করেছে।
ধারণা করা হচ্ছে, বেসামরিক সামুদ্রিক চলাচলের জন্য উন্মুক্ত বাল্টিক সাগরের কোনো অংশে ইউক্রেনের ড্রোন এই প্রথম কোনো রুশ জাহাজে হামলা চালাল। এই ঘটনার পর ইউক্রেন তার হামলার পরিধি আরও বাড়াতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
হামলার পর নারো-ফোমিনস্ক সেন্ট পিটার্সবার্গের বন্দরের দিকে ফিরে গেছে বলে মনে করা হচ্ছে।
ফিনল্যান্ড ইউক্রেনের ঘনিষ্ঠতম ইউরোপীয় মিত্রদের একটি। ফিনিশ কর্মকর্তারা এই ঘটনাকে রাশিয়ার চলমান পূর্ণমাত্রার যুদ্ধের সরাসরি ফল হিসেবে বর্ণনা করেছেন।
ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন জোর দিয়ে বলেছেন, বাল্টিক সাগরের পরিস্থিতি স্থিতিশীল ও নিরাপদই রয়েছে এবং সামুদ্রিক চলাচলের জন্য কোনো ধরনের হুমকি নেই।
প্রতিরক্ষা কর্মকর্তারা কিয়েভকে এ কথা বুঝিয়ে দিয়েছেন বলে জানা গেছে যে, এই উপসাগর একটি অপেক্ষাকৃত সরু জলপথ, যা তেল ট্যাংকার ও বেসামরিক জাহাজ ব্যবহার করে এবং যেখানে সাগরতলের ডেটা কেবলও রয়েছে।
এসবিইউ রুশ জাহাজটিকে কালিবর ও ওনিকস ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী বুয়ান-এম ধরনের একটি ছোট করভেট হিসেবে বর্ণনা করেছে। রুশ যুদ্ধ হেলিকপ্টার ধ্বংস হওয়ারও অনিশ্চিত খবর পাওয়া গেছে।
উপসাগরের সীমান্তবর্তী দেশ এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্টিন হেরেম সরকারি সম্প্রচারমাধ্যম ইআরআরকে বলেছেন, বুধবার প্রায় ভোর সাড়ে ৫টায় (গ্রিনিচ মান সময় ০৩:৩০) জাহাজটিতে আঘাত লাগে। তিনি জাহাজটিতে কীভাবে হামলা হয়েছে, তা বলেননি। হেরেম বলেন, ‘আমরা জানি, এরপর জাহাজটি থেকে ধোঁয়া বের হয়েছিল। জাহাজটি নিজে সেন্ট পিটার্সবার্গের দিকে ফিরে যায়।’
রুশ নৌবাহিনীর জাহাজটির হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়, আর মস্কো সাধারণত এ ধরনের তথ্য খুব কমই দেয়।
ব্ল্যাক বার্ড পর্যবেক্ষক গোষ্ঠীর সহপ্রতিষ্ঠাতা সামরিক বিশ্লেষক এমিল কাস্তেহেলমি বলেছেন, ‘বাল্টিক সাগরের নৌবহর এত দিন অক্ষত ছিল, কিন্তু ইউক্রেনের সামনে আপাতদৃষ্টিতে একটি সুযোগ তৈরি হয়েছিল এবং তারা বোধগম্যভাবেই সেটি কাজে লাগানোর চেষ্টা করেছে।’ তবে বিবিসিকে তিনি বলেছেন, এই হামলাকে তিনি গুরুতর উত্তেজনা বৃদ্ধি বলে মনে করেন না।
বুধবার রাতে উস্ত-লুগা টার্মিনালের কয়েকটি সংরক্ষণ ট্যাংকেও আঘাত হেনেছে বলে মনে করা হচ্ছে, আর বন্দরের আগুন এস্তোনিয়া সীমান্তের ওপার থেকেও দেখা গেছে। হেরেম বলেছেন, মধ্যরাত থেকে প্রায় সকাল ৬টা পর্যন্ত ইউক্রেনের ড্রোন উস্ত-লুগা অঞ্চলে হামলা চালায়; বেশির ভাগ ড্রোন এস্তোনিয়া সীমান্তের কাছ দিয়ে, তবে রুশ আকাশসীমার ভেতর দিয়ে উড়ে যায়।
হেরেম আরও বলেছেন, একটি ড্রোন লাটভিয়া দিক থেকে কিছুক্ষণের জন্য এস্তোনিয়ার আকাশসীমায় ঢুকেছিল এবং তারপর রাশিয়ার দিকে চলে যায়। ওই সময় বাল্টিক রাষ্ট্রগুলোতে মোতায়েন ন্যাটো বিমান আকাশে ছিল, তবে ড্রোনগুলো ধ্বংস করা নিরাপদ বলে বিবেচিত হয়নি বলে তিনি জানান।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেওরহি তিখি বুধবার গভীর রাতে বলেছেন, কিয়েভ রাশিয়ায় হামলার জন্য বাল্টিক রাষ্ট্রগুলোর আকাশসীমা ব্যবহার করেছে বলে মস্কোর অভিযোগ ‘ভিত্তিহীন’, যদিও তিনি স্বীকার করেছেন, ‘রাশিয়া ইলেকট্রনিক যুদ্ধ ব্যবহার করে নিজের আকাশসীমা থেকে ড্রোন সরিয়ে দিলে ঘটনা ঘটতে পারে।’


