যুক্তরাষ্ট্রে হামে এ বছর ৬ জনের মৃত্যু, ৩৫ বছরের মধ্যে সবচেয়ে বড় প্রাদুর্ভাব: সিডিসি

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ বছর দেশটিতে হামজনিত ছয়জনের মৃত্যুর কথা জানিয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য দেওয়া হয়।
নতুন এই সংখ্যা ২০২৫ সালে রেকর্ড করা মৃত্যুর দ্বিগুণ। অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটি ২০০০ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নির্মূল ঘোষণা করা হয়েছিল।
দেশটি এখন ১৯৯১ সালের পর সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব মোকাবিলা করছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ভ্যাকসিন অ্যাকসেস সেন্টারের ট্র্যাকার অনুযায়ী, সারা দেশে ৫ হাজার ৪০০-র বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে।
প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য পেনসিলভানিয়া। রাজ্য কর্মকর্তারা এ বছর সেখানে হাম-সংশ্লিষ্ট ছয়জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। নির্বাচনের দিন নিউইয়র্কে একটি শিশুর মৃত্যু হয়েছে, এর কয়েক দিন পর উইসকনসিনে মারা গেছে এক শিশু। প্রায় প্রতিটি অঙ্গরাজ্যেই সক্রিয় প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।
উইসকনসিনের স্বাস্থ্য সেবা বিভাগ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিউইয়র্কে তিন দশকের বেশি সময়ের মধ্যে প্রথম হামজনিত মৃত্যু রেকর্ড করা হয়েছে।
তবে সিডিসি তার সরকারি হিসাবে থাকা ছয়টি মৃত্যু কোন কোন অঙ্গরাজ্যের, তা চিহ্নিত করেনি।
পরিসংখ্যানের এই পার্থক্যের পেছনে রয়েছে গণনা পদ্ধতির পরিবর্তন। স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে পরিচালিত সিডিসি এখন ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিকসের (এনসিএইচএস) তথ্য ব্যবহার করছে, যা সময়ের সঙ্গে মৃত্যুহারের ধারা অনুসরণের একটি পদ্ধতি। সংস্থাটির ওয়েবসাইটে ৪ সেপ্টেম্বর প্রকাশিত এক নোটে এ কথা বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কেনেডি এর আগে প্রমাণ ছাড়াই যুক্তি দিয়েছিলেন যে পেনসিলভানিয়ার দুটি মৃত্যু হাম থেকে নাও হতে পারে। তিনি সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজকে ওই মৃত্যু দুটি সরকারি হিসাবে না ধরতে বলেছিলেন। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পরদিনই সিডিসি মৃত্যু গণনার তথ্যসূত্র বদলে দেয়।
হাম প্রতিরোধ করা যায় হাম, মাম্পস ও রুবেলা (এমএমআর) টিকা দিয়ে। দুই ডোজের পর এই টিকা প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা দেয়।
এই সপ্তাহেই যুক্তরাষ্ট্র তার হাম নির্মূলের মর্যাদা হারাতে পারে। সেই মর্যাদা হারালে দেশটি কানাডা এবং ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশের সারিতে চলে যাবে, যেখানে হাম একসময় নির্মূল হলেও আবার ফিরে এসেছে।




