ব্রেক্সিট রিসেট আলোচনার শেষ সপ্তাহে চীনা আমদানি নিয়ে ইইউর সঙ্গে কথা বলবেন বার্নহাম
চীনা আমদানি নিয়ে ইউরোপের যে সমস্যা, তা ব্রিটেনেরও সমস্যা — বৃহস্পতিবার এ কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ব্রাসেলসের সঙ্গে ব্রেক্সিট রিসেট চুক্তি চূড়ান্ত করার শেষ পর্যায়ে তিনি চাইছেন, ব্রিটেনকে ব্লকের 'মেড ইন ইউরোপ' নিয়মের আওতায় অন্তর্ভুক্ত করা হোক।
ডাবলিনে ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটির সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের বার্নহাম বলেন, ‘মেড ইন ইউরোপের ক্ষেত্রে ইউরোপের সমস্যাই ব্রিটেনের সমস্যা, বিশেষ করে চীন থেকে আসা আমদানিই এই সমস্যা তৈরি করছে।’
ইউরোপীয় শিল্পকে অগ্রাধিকার দিতে ইইউর পরিকল্পনা থেকে যুক্তরাজ্যের নির্মাতারা যাতে বাদ না পড়েন, সে বিষয়ে নিশ্চয়তা চাইতে এ সপ্তাহের শুরুতে ব্রাসেলস গিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস ও ব্রেক্সিটমন্ত্রী হামিশ ফ্যালকনার। আসন্ন আইনে ব্রিটিশ নির্মাতারা মূল ইউরোপীয় সরবরাহ শৃঙ্খল থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে রয়েছেন।
বৃহস্পতিবার ইউরোপীয় নেতাদের অনেকের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন বার্নহাম। ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে সমর্থন জোগাড় করাই ছিল এসব বৈঠকের উদ্দেশ্য।
তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের পর বার্নহাম বলেন, ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতি রক্ষায় ব্রিটেন গুরুত্ব দিচ্ছে, তবে পরের পদক্ষেপ এখন ব্রাসেলসের হাতে।
বার্নহাম বলেন, ‘আমাদের দিনটা ভালো গেছে, কিন্তু সামনে বড় একটি সপ্তাহ আছে। চুক্তি এখনো হয়নি। আগামী সাত দিনে অনেক লম্বা রাত কাটাতে হবে।’
আগামী সপ্তাহের আলোচনায় নতুন কৃষি-খাদ্য চুক্তি, যুক্তরাজ্য ও ইইউর নির্গমন বাণিজ্য ব্যবস্থা যুক্ত করা এবং যুব গতিশীলতা (ইয়ুথ মোবিলিটি) প্রকল্প নিয়ে কথা হওয়ার কথা রয়েছে।
তবে উল্লেখযোগ্য বাধা রয়ে গেছে — যুব গতিশীলতা চুক্তির শর্ত, ইইউর 'মেড ইন ইউরোপ' উদ্যোগে ব্রিটেনের প্রবেশাধিকার এবং যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়া ইইউ শিক্ষার্থীদের টিউশন ফি কমানোর সম্ভাব্য সিদ্ধান্ত।

