কালীগঞ্জে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, একই মাঠে মাদকবিরোধী সমাবেশের ডাক
ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুমতি না মিললেও মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ।
এদিকে একই স্থানে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দিয়েছে 'সচেতন কালীগঞ্জবাসী'। বৃহস্পতিবার বিকেলে শহরে মাইকিং করা হয়। শুক্রবার দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ঝিনাইদহ-৪ আসনের এমপি আবু তালিবের।
মাহফিলের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছিলেন ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী। কিন্তু বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অনুমতি না দেওয়ার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১ নভেম্বর ওই মাঠে মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য পুলিশ সুপার বরাবর পত্র পাঠানো হয়।
পুলিশ সুপারের পাঠানো তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদনে বিরূপ মন্তব্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। একই সঙ্গে ওই আয়োজন থেকে বিরত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে গিয়ে দেখা যায়, মাঠে কয়েকজন শ্রমিক মঞ্চ তৈরির কাজ করছেন। সেখানে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান ফারুকী বলেন, ‘এমপি সাহেব সার্বিক দায়িত্ব নিয়ে করাচ্ছেন। আমি শুধু স্পন্সর হিসেবে আছি। বাকি সবই এমপি আবু তালিব ও সংগঠন (জামায়াতে ইসলামী) করছে। শুক্রবার কোরআন মাহফিলে আমির হামজা উপস্থিত থাকবেন। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘আমরা আমাদের কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়, পুলিশ সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখবে।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, একই স্থানে মাদকবিরোধী সমাবেশের বিষয়ে তিনি জানেন না; বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন।
এ বিষয়ে জানতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।

