গোপালগঞ্জে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ
গোপালগঞ্জ শহরে পুলিশের সামনেই লাঠিসোঁটা হাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের লঞ্চঘাট ব্রিজের ওপর তাঁরা বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া সকাল থেকে শহরের একাধিক স্থানে বিক্ষোভ মিছিল ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দিতে থাকেন।
বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরতলীর গাবতলা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে একটি মিছিল বের করেন। মিছিলটি এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে শহরের শিশু পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।
এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে শহরতলীর জেলা কারাগারের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়ে লঞ্চঘাট ব্রিজের ওপরে এসে শেষ হয়। সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের সামনেই জড়ো হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ (প্রশাসন ও অর্থ) বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে, তবে তাঁদের কাছে এ বিষয়ে তথ্য নেই। তিনি বলেন, পুলিশি টহল অব্যাহত আছে।
শহরের একাধিক স্থানে এমন মিছিলের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।




