ভেনেজুয়েলার তেল-খনিজের ১ হাজার ২২৬ কোটি ডলারের হিসাব প্রকাশ করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ থেকে পাওয়া ১ হাজার ২০০ কোটি ডলারের বেশি রাজস্ব দিয়ে যুক্তরাষ্ট্র কী করেছে, তার বিস্তারিত তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দেশটির নেতা নিকোলাস মাদুরোকে আটকের প্রায় এক বছর পর এই প্রতিবেদন প্রকাশ করা হলো।
বৃহস্পতিবার প্রকাশিত ৫৩ পৃষ্ঠার এই প্রতিবেদনকে তহবিল ব্যবস্থাপনায় ‘স্বচ্ছতা ও জবাবদিহি এগিয়ে নেওয়ার’ উদ্যোগ হিসেবে বর্ণনা করা হয়েছে। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার জন্য ট্রাস্টে রাখা এই রাজস্ব কীভাবে সামলেছে, তা নিয়ে উদ্বেগের জবাব দেওয়াই প্রতিবেদনটির উদ্দেশ্য বলে এতে উল্লেখ করা হয়েছে।
গত জানুয়ারিতে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে নিউইয়র্ক সিটিতে নিয়ে যায়। সেখানে তাঁদের বিরুদ্ধে মাদক পাচার ও নির্যাতন-সংক্রান্ত অভিযোগে মামলা চলছে।
মাদুরোকে আটকের পর তখনকার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দায়িত্ব নেন। এরপর তিনি ওয়াশিংটনের সঙ্গে এমন চুক্তি করেন, যার আওতায় দক্ষিণ আমেরিকার দেশটির তেল ও অন্যান্য খনিজ সম্পদ রপ্তানি থেকে পাওয়া মুনাফায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশীদার হয়।
মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর থেকে ট্রাম্প প্রশাসন সরাসরি নিয়ন্ত্রণ করতে চেয়েছে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ কারা কিনবে এবং সেই বিক্রি থেকে কারা মুনাফা পাবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে একটি নির্বাহী আদেশ জারি করে বিশেষ ব্যাংক হিসাব খোলেন, যেখানে এসব লেনদেনের রাজস্ব রাখা হয় এবং পরে নিয়ন্ত্রিত পদ্ধতিতে ভেনেজুয়েলায় ফেরত বিতরণ করা হয়।
প্রতিবেদনটিতে ২০২৬ সালের ৩ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন নিয়ন্ত্রণাধীন হিসাবগুলোতে অর্থের আসা-যাওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। লেনদেনগুলো পরীক্ষার জন্য পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটন ডিসিভিত্তিক বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠান কেপিএমজিকে চুক্তি দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে ‘যাচাইকৃত ও অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর’ কাছ থেকে ভেনেজুয়েলায় অনুমোদিত কার্যক্রম বাবদ যুক্তরাষ্ট্র ১ হাজার ২২৬ কোটি ডলারের বেশি অর্থ নিয়েছে। এই অর্থের বেশির ভাগই এসেছে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম-ভিত্তিক রাজস্ব থেকে; তবে সোনা, খনিজ ও সার-সংক্রান্ত লেনদেন থেকেও জমা পড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই রাজস্বের ১ হাজার ২০০ কোটি ডলারের বেশি বিতরণ করা হয়েছে এবং হিসাবে প্রায় ১৬ কোটি ৯০ লাখ ডলার অবশিষ্ট ছিল।
যুক্তরাষ্ট্র প্রথমে জানুয়ারিতে কাতার ন্যাশনাল ব্যাংকে একটি হিসাব খোলে, যেখানে অনুমোদিত তেল ও অন্যান্য খনিজ কিনতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর অর্থ জমা হয়। শুরুতে ওই হিসাবে প্রায় ৫০ কোটি ডলার জমা পড়ে এবং জানুয়ারির শেষ দিকে তার প্রায় সবটাই ভেনেজুয়েলার প্রতিষ্ঠানগুলোর কাছে ফেরত বিতরণ করা হয়। এরপর ভবিষ্যতের লেনদেন সামলাতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে একটি আলাদা নিবেদিত হিসাব খোলা হয়।
প্রতিবেদন অনুযায়ী, অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বর্তমান হিসাবে ১ হাজার ২০০ কোটি ডলারের বেশি অর্থ জমা পড়েছে প্রায় ২০ জন জমাদানকারীর কাছ থেকে; পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে তাঁদের পরিচয় গোপন রাখা হয়েছে। জমা হওয়া অর্থের প্রায় ৯৯ শতাংশই তেল কেনা-সংক্রান্ত ছিল।
সেপ্টেম্বরের শেষ নাগাদ ওই অর্থের প্রায় সবটাই ভেনেজুয়েলার কয়েকটি ব্যাংকে বিতরণ করা হয় বৈদেশিক মুদ্রা হস্তক্ষেপে ব্যবহারের জন্য—যে প্রক্রিয়ায় ব্যাংকগুলো ডলার বিক্রি করে স্থানীয় মুদ্রার পরিমাণ কমিয়ে মুদ্রার মান ধরে রাখে; এ ক্ষেত্রে মুদ্রাটি ভেনেজুয়েলার বলিভার।
প্রতিবেদনটি ব্যাপকভাবে সম্পাদিত (রিড্যাক্টেড) আকারে প্রকাশ করা হয়েছে। ভেনেজুয়েলায় বিতরণ করা ১ হাজার ২০০ কোটি ডলারের বেশি অর্থের চূড়ান্ত প্রাপকদের বিস্তারিত এতে দেওয়া হয়নি। তবে এতে উল্লেখ করা হয়েছে, প্রায় ৯৪০ কোটি ডলার গেছে ‘আইনি সত্তা’ বা প্রতিষ্ঠানগুলোর কাছে এবং ২৯০ কোটি ডলার গেছে ব্যক্তিদের কাছে।
ট্রাম্প ভেনেজুয়েলাকে তাঁর রাজনৈতিক বয়ানের কেন্দ্রে রেখেছেন এবং চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের প্রচারে দেশটির তেল বিক্রি থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাবে, তা তুলে ধরেছেন। অন্যদিকে ভেনেজুয়েলার অধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন, মাদুরোকে সরানোর পর ওয়াশিংটন তেল রাজস্বকেই অতিরিক্ত গুরুত্ব দিতে পারে এবং গণতান্ত্রিক সংস্কারের পক্ষে সমর্থনে খুব কম আগ্রহ দেখাতে পারে।




