অজ্ঞাত সৈনিকের সমাধিতে হাসির শব্দে হেগসেথের দলকে সতর্ক করা প্রহরী সৈনিককে পদক দিলেন প্রতিরক্ষামন্ত্রী

আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে অজ্ঞাত সৈনিকের সমাধিতে ছবি তোলার পর হাসাহাসি করায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দলকে নীরবতা বজায় রাখতে সতর্ক করেছিলেন এক প্রহরী সৈনিক। বৃহস্পতিবার সেই সৈনিককে পেন্টাগনে ডেকে তাঁর বুকে পদক পরিয়ে দিয়েছেন হেগসেথ নিজে।
পদকপ্রাপ্ত সৈনিকের নাম স্পেশালিস্ট টমাস ইগলেসিয়াস। হেগসেথ তাঁর বুকে জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল পরিয়ে দেওয়া ও তাঁর সঙ্গে করমর্দনের ছবি প্রকাশ করেছেন।
মার্কিন সেনাবাহিনীর মতে, জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল দেওয়া হয় সশস্ত্র বাহিনীর সেই সদস্যদের, যাঁরা কোনো যৌথ সামরিক স্টাফ, কার্যক্রম বা সংস্থায় দায়িত্ব পালনকালে মেধাবী সাফল্য বা সেবায় নিজেদের বিশিষ্ট করে তোলেন।
ঘটনাটি ঘটে ভেটেরানস ডে উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের পর, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর হেগসেথ, তাঁর স্ত্রী জেনিফার ও অন্য কর্মকর্তারা সমাধি এলাকার সামনের সিঁড়িতে দাঁড়িয়ে ছবি তোলেন।
ছবি তোলা শেষে দলটি সরে যাওয়ার সময় কারও হাসির শব্দ শোনা যায়। তখন ডিউটিতে থাকা প্রহরী সৈনিক সতর্ক ভঙ্গিতে ঘুরে দাঁড়িয়ে প্রচলিত বাক্যে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও শ্রদ্ধার পরিবেশ বজায় রাখতে হবে।’ পুরো ঘটনাটি ভিডিওতে ধরা পড়ে।
সমাধি এলাকায় শিষ্টাচার ভঙ্গ করলে যেকোনো দর্শনার্থীকেই একই নির্দেশ দেন প্রহরীরা। সমাধিক্ষেত্রে দর্শনার্থীদের নিচু স্বরে কথা বলতে বলা হয়, যাতে অন্যের অভিজ্ঞতা বিঘ্নিত না হয়।
আনুষ্ঠানিক পোশাক পরা এই প্রহরী সৈনিকরা সমাধিতে চব্বিশ ঘণ্টা পাহারা দেন এবং নীরবতার এই নিয়ম কঠোরভাবে বলবৎ করেন। এলাকাটিকে দেশের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি হিসেবে গণ্য করা হয়।
বুধবার এবিসি নিউজ এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল সৈনিকটির দায়িত্ব পালনের প্রশংসা করেন। তিনি বলেন, ‘মন্ত্রী ও পুরো বিভাগ সব সময় আমাদের সেনা সদস্যদের আত্মত্যাগকে সম্মান করেছে এবং করবে। এই গম্ভীর দিনটি পালনের সময় একজন সৈনিক সঠিকভাবে ও শ্রদ্ধার সঙ্গে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা মনে করিয়ে দিয়েছেন।’




