শেলফের দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগে ৬ কোটি ৩০ লাখ ডলারে সমঝোতা করল ফ্যামিলি ডলার

যুক্তরাষ্ট্রের ছাড়ের পণ্যের দোকান চেইন ফ্যামিলি ডলার গ্রাহকদের কাছ থেকে নিয়মিত বেশি দাম নেওয়ার অভিযোগ নিষ্পত্তিতে ৬ কোটি ৩০ লাখ ডলার দিতে রাজি হয়েছে। ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) ও ১৭টি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের সঙ্গে এই সমঝোতা ঘোষণা করা হয় বৃহস্পতিবার।
এই প্রয়োগমূলক পদক্ষেপের আগে দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেয়েছিল, ফ্যামিলি ডলার ও এর বড় প্রতিদ্বন্দ্বী ডলার জেনারেল প্রায়ই শেলফে লেখা দামের চেয়ে ক্যাশ কাউন্টারে বেশি নেয়। গার্ডিয়ানের অনুসন্ধানে দেখা গেছে, ২০২২ সাল থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত ২০টি অঙ্গরাজ্যে অন্তত ২ হাজার ১০০টি মূল্য পরিদর্শনে ব্যর্থ হয়েছে ফ্যামিলি ডলার।
সমঝোতার অংশ হিসেবে প্রথমবারের মতো প্রকাশ্যে আসা মামলায় এফটিসি ও অঙ্গরাজ্যগুলো অভিযোগ করেছে, ‘ফ্যামিলি ডলার জানে যে বিজ্ঞাপিত দামের চেয়ে কাউন্টারে বেশি দাম নিয়ে তারা ধারাবাহিকভাবে গ্রাহকদের ক্ষতি করছে।’
মামলায় বলা হয়েছে, ব্যাপক গ্রাহক অভিযোগ ও বাড়তে থাকা সরকারি নজরদারি সত্ত্বেও বেশি দাম নেওয়া ঠেকাতে পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা গড়তে ব্যর্থ হয়েছে চেইনটি। মামলার ভাষ্য অনুযায়ী, ‘এখনো ফ্যামিলি ডলার গ্রাহকদের কাছ থেকে বেশি দাম নিচ্ছে।’
মামলায় আরও বলা হয়েছে, ২০২৫ সালের শরতে গার্ডিয়ানের অনুসন্ধান প্রকাশের খবর পাওয়ার পরই করপোরেট দপ্তরের কর্মীরা অঙ্গরাজ্যের মূল্য পরিদর্শন নিয়ে বেশি মনোযোগ ও সম্পদ বরাদ্দ করেন।
ফ্যামিলি ডলারের প্রায় ৭ হাজার দোকান রয়েছে। কোম্পানিটি কর্তৃপক্ষের অভিযোগ স্বীকারও করেনি, অস্বীকারও করেনি। এর আগে গার্ডিয়ানকে কোম্পানিটি বলেছিল, ‘আমরা গ্রাহকের আস্থাকে গুরুত্ব দিই এবং সব দোকানে মূল্যের নির্ভুলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
২০২৫ সালের ডিসেম্বরে গার্ডিয়ানের প্রতিবেদন প্রকাশের পর এফটিসি ছদ্মবেশে ফ্যামিলি ডলার ও ডলার জেনারেলের দোকান পরিদর্শন করে। সংস্থাটি জানায়, জানুয়ারিতে ওহাইওর ইউক্লিডের একটি ফ্যামিলি ডলার দোকানে কেনা ৫০টি পণ্যের মধ্যে ১৫টিতেই তাদের তদন্তকারীকে বেশি দাম দিতে হয়েছে।
গ্রাহক অভিযোগের উদাহরণও মামলায় এসেছে। অন্তত সাতটি অঙ্গরাজ্যের গ্রাহক ২০২৫ সালের জানুয়ারিতে অভিযোগ করেন, শেলফ ট্যাগ, সাপ্তাহিক বিজ্ঞাপন ও মোবাইল অ্যাপে প্রচারিত ‘দুটি ২০ ডলারে’ ডায়াপারের অফার মানতে অস্বীকার করেছে ফ্যামিলি ডলার। মিশিগানের এক গ্রাহক শেলফে প্রদর্শিত ছাড়ের দামের ছবি তুললেও ম্যানেজার তাঁকে বলেন, দামটি ভুল এবং ওই দামে তিনি বিক্রি করবেন না।
দক্ষিণ ডাকোটার এক গ্রাহক অভিযোগ করেন, ‘তিনটি ১২ ডলারে’ লেখা তিন প্যাক ড. পেপারের জন্য তাঁর কাছ থেকে ২৫ ডলার ৫০ সেন্ট নেওয়া হয়। অভিযোগ জানালে এক কর্মী ২০ জন মানুষের সামনে তাঁর ওপর চিৎকার করেন এবং বলেন, বেশি দামটাই সঠিক এবং ওই দোকানে তিনি আর স্বাগত নন।
সমঝোতা অনুযায়ী, ফ্যামিলি ডলারকে ৪ কোটি ডলারের গ্রাহক প্রতিকার তহবিল গঠন করতে হবে, গ্রাহকদের ২ কোটি ডলারের ছাড় দিতে হবে এবং অঙ্গরাজ্য কর্তৃপক্ষকে ৩০ লাখ ডলারের বেশি দিতে হবে। পাশাপাশি নিয়মিত দাম পর্যবেক্ষণ ও যাচাই, মূল্য সমস্যা শনাক্তে কর্মী প্রশিক্ষণ এবং বেশি নেওয়া দাম দ্রুত সংশোধনের কর্মসূচি চালু করতে হবে কোম্পানিটিকে।
মামলায় বলা হয়েছে, বেশি দাম নেওয়ার পরিণতি সবচেয়ে ভারী হয়ে পড়ে ক্ষীণ বাজেটে চলা ক্রেতাদের ওপর — যেসব পরিবার প্রতিটি ডলার হিসাব করে বাজেট করে এবং দৈনন্দিন চাহিদা মেটাতে নির্ভুল ও স্বচ্ছ দামের ওপর নির্ভর করে।
এই সমঝোতার পেছনে ডলার-দোকান ও কনভিনিয়েন্স চেইনগুলোর বেশি দাম নেওয়া নিয়ে বাড়তে থাকা মনোযোগও রয়েছে। অক্টোবরে এফটিসি ও ২০টি অঙ্গরাজ্য সবচেয়ে বড় ডলার-দোকান চেইন ডলার জেনারেলের বিরুদ্ধে মামলা করে, তাদের মূল্য অনিয়মকে ‘চমকে দেওয়ার মতো’ মাত্রার বলে অভিযোগ করে। জবাবে ডলার জেনারেল বলেছে, তারা এই মামলায় জোরালোভাবে লড়বে; খুচরা বাজারে মাঝেমধ্যে দামের গরমিল ঘটতে পারে এবং ঘটলে দোকানের কর্মীদের গ্রাহকের জন্য তা ঠিক করে দেওয়ার নির্দেশ ও ক্ষমতা দেওয়া আছে।




