আওয়ামী লীগের বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি এবং এসব কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। শহরের সঙ্গীতা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসানের সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ পরিকল্পিতভাবে বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়লেও এসব কর্মকাণ্ড প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।
বক্তারা অবিলম্বে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসসহ সারাদেশে জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, এইচআরডি সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান ও স্পোর্টস সম্পাদক হাসানুল বান্নাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


