ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনায় মস্কোয় পৌঁছেছেন মার্কিন দূত কুশনার ও উইটকফ

মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোয় পৌঁছেছেন। আবুধাবিতে ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে সর্বশেষ আলোচনা শেষ হওয়ার এক দিন পর বৃহস্পতিবার তারা মস্কোয় পৌঁছান।
রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমান থেকে নামার পর ক্রেমলিনের দূত কিরিল দিমিত্রিয়েভ করমর্দন ও আলিঙ্গনের মধ্য দিয়ে কুশনার ও উইটকফকে স্বাগত জানান।
মার্কিন আলোচকদের স্থানীয় সময় দুপুর ১২টায় (গ্রিনিচ মান সময় সকাল ৯টা) পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। এরপর তারা ডাবলিনে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।
মঙ্গলবার কুশনার বলেছিলেন, যুক্তরাষ্ট্র কিছু সুযোগ ও সম্ভাবনা দেখতে পেয়েছে এবং পুতিনের সঙ্গে বৈঠকে তারা কিছুটা অগ্রগতি আনার চেষ্টা করবেন।
রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে এই সরাসরি আলোচনার কথা বুধবারই ঘোষণা করা হয়। এর আগে দুই দিনের আলোচনা মূলত ইউরোপের যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামোকে কেন্দ্র করে হয়েছে বলে জানানো হয়।
রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরুর প্রায় পাঁচ বছর হতে চললেও মস্কো ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড নিয়ে তার সর্বোচ্চ দাবি থেকে পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না; একই সঙ্গে তারা চাইছে, ভবিষ্যতে আর কোনো আক্রমণ ঘটলে কিয়েভকে রক্ষার প্রতিশ্রুতি থেকে পশ্চিমা দেশগুলো সরে আসুক।
যুদ্ধের প্রথম বছরগুলোতে ইউরোপীয়রা ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে অনেক ইউরোপীয় দেশ বর্তমান মার্কিন প্রশাসনের ইউরোপের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি ও ক্রেমলিনের প্রতি নমনীয়তা নিয়ে উদ্বিগ্ন হয়ে আলোচনার টেবিলে নিজেদের আসনের জন্য চাপ দিচ্ছে।
আবুধাবির আলোচনায় নেতৃত্ব দিয়েছিল আমেরিকানরা এবং তাতে শুধু রাশিয়া ও ইউক্রেন অংশ নেয়। কুশনার বলেছেন, তিনি ও উইটকফ পুতিনকে ভবিষ্যতের আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে তাঁর সম্মতি দিতে বলবেন—বিশেষ করে মহাদেশটির ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর প্রশ্নে। তিনি ইউরোপকে তাদের পক্ষে কথা বলার জন্য একজন ব্যক্তিকে চিহ্নিত করার আহ্বানও জানিয়েছেন।
তবে রুশরা এই ধারণার বিরোধিতা করে আসছে; কিয়েভকে ইউরোপের সমর্থনকে তারা বাধা হিসেবে উল্লেখ করছে। আবুধাবিতে রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া ভ্লাদিমির মেদিনস্কি বলেছেন, তাঁর ধারণা সব পক্ষই শান্তি অর্জনের কাছাকাছি এসেছে, তবে এখন অনেক কিছু নির্ভর করছে ইউক্রেনের ওপর, যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর এবং ইউরোপ সংবিত ফিরে পায় কি না তার ওপর।
মস্কোয় উইটকফ ও কুশনার রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী আবার স্টারশিল্ড স্যাটেলাইট ইন্টারনেটে নিয়মতান্ত্রিক বিধিনিষেধের খবর পাচ্ছে। ইলন মাস্কের স্পেসএক্সের এই সেবা সম্মুখ সারির যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অক্টোবরে সংযোগ সমস্যা প্রায় এক সপ্তাহ ধরে ছিল; মাস্ক ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের সংযোগ কমিয়ে দেওয়ার কথা অস্বীকার করেছিলেন।
জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, এই বিধিনিষেধের কারণে ইউক্রেনীয় বাহিনীর পক্ষে রাশিয়ার জেটচালিত ড্রোন আটকানো কঠিন হয়ে পড়েছে। তাঁর ভাষায়, এটি রুশদের আরও বেশি ইউক্রেনীয়কে হত্যা করতে ও ইউক্রেনের বিরুদ্ধে আরও নিখুঁত হামলা চালাতে সাহায্য করছে। তিনি বলেছেন, তারা আমেরিকান পক্ষের সঙ্গে সব পরিস্থিতি পরিষ্কার করার চেষ্টা করছেন।




