ভেটেরানস ডে-তে ৩০ শহীদ সেনা পরিবারের বাড়ির ঋণ শোধ করে দিল টানেল টু টাওয়ার্স

যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে উপলক্ষে দেশজুড়ে শহীদ সেনা সদস্যদের ৩০টি পরিবারের বাড়ির মর্টগেজ বা বন্ধকী ঋণ পুরোপুরি শোধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টানেল টু টাওয়ার্স ফাউন্ডেশন। এর মাধ্যমে এসব পরিবারের প্রিয়জন হারানোর পর নিজেদের স্থায়ী ঠিকানা নিয়ে অনিশ্চয়তা কাটবে বলে জানিয়েছে সংস্থাটি।
পরিবারগুলো যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যে ছড়িয়ে আছে এবং তারা মার্কিন সেনাবাহিনীর প্রায় সব শাখার প্রতিনিধিত্ব করে। এই ফাউন্ডেশন দায়িত্ব পালনকালে বা সেবাজনিত অসুস্থতায় প্রাণ হারানো সেনা সদস্য ও প্রথম সাড়াদানকারীদের জীবিত স্বামী বা স্ত্রী এবং সন্তানদের মর্টগেজমুক্ত বাড়ি দিয়ে থাকে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফ্র্যাঙ্ক সিলার বুধবার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে মর্টগেজ শোধের খবরসহ পেনসিলভানিয়ায় গৃহহীন ভেটেরানদের আবাসন কর্মসূচি এবং অগ্নিনির্বাপকদের পরিবারের জন্য আসন্ন ‘সিজন অব হোপ’ উদ্যোগের কথা জানান।
সিলার বলেন, ‘প্রথমত, আমরা গোল্ড স্টার পরিবারের ৩০টি মর্টগেজ শোধ করে দিচ্ছি, যারা দেশের জন্য প্রিয়জনকে হারিয়েছে। অনেকে বার্ন পিটের ক্যানসারে মারা যাচ্ছে, ঠিক যেমন আমাদের অনেক প্রথম সাড়াদানকারী এখনও ৯/১১-জনিত অসুস্থতায় মারা যাচ্ছেন। এটি খুবই দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘আজকের মতো দিনে আমরা নিশ্চিত করতে চাই, আমেরিকা যেন ভুলে না যায় যে আমাদের দেশের জন্য সব সময় বড় ত্যাগ স্বীকার করা হচ্ছে। আমরা এই মহান দেশে বাস করতে পারছি। এখনও মানুষ আমাদের জন্য প্রাণ দিচ্ছে।’
ভেটেরানস ডে-র এই ঘোষণা ২০২৬ সালে ৩৪৩টি মর্টগেজমুক্ত বাড়ি দেওয়ার বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। সংখ্যাটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো নিউইয়র্ক সিটির ৩৪৩ জন অগ্নিনির্বাপকের প্রতি শ্রদ্ধা। এ বছর ৯/১১-এর ২৫তম বার্ষিকী পালিত হচ্ছে, যে ট্র্যাজেডি থেকেই ফাউন্ডেশনটির সৃষ্টি এবং সেনা পরিবার ও প্রথম সাড়াদানকারীদের সহায়তার লক্ষ্য নির্ধারিত হয়।
সিলার বলেন, ‘২৫তম বার্ষিকীর জন্য এ বছর আমরা প্রতিশ্রুতি দিয়েছি, ৯/১১-এ নিহত প্রতিটি অগ্নিনির্বাপকের জন্য একটি করে মোট ৩৪৩টি মর্টগেজমুক্ত বাড়ি দেব। এটি প্রায় প্রতিদিন একটি করে বাড়ি। থ্যাঙ্কসগিভিং থেকে বড়দিন পর্যন্ত বাকি ৬০টির বেশি বাড়ি দেওয়া হবে এবং তাতেই আমাদের ৩৪৩-এর লক্ষ্য পূরণ হবে।’
বুধবার যেসব পরিবারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরির সেনা লেফটেন্যান্ট কর্নেল ডেভিড ব্রিসেনো, মেরিল্যান্ডের অ্যানাপোলিসের মেরিন কোর মাস্টার সার্জেন্ট খান তুয়ান ‘শেন’ গুয়েন, ওয়াশিংটনের অলিম্পিয়ার সেনা সার্জেন্ট ব্র্যান্ডন মিনেম্যান এবং ক্যালিফোর্নিয়ার ওকডেলের নৌবাহিনীর চিফ পেটি অফিসার আর্নেস্ট লোপেজ জুনিয়রের পরিবার। নিউইয়র্ক, জর্জিয়া, টেনেসি, ইলিনয়, ম্যাসাচুসেটসসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যের পরিবারও তালিকায় রয়েছে।
গোল্ড স্টার ফ্যামিলি হোম কর্মসূচির মাধ্যমে প্রিয়জন হারানো পরিবারগুলোর আর্থিক বোঝা কমানোর চেষ্টা করে ফাউন্ডেশন। ছোট সন্তানসহ জীবিত স্বামী বা স্ত্রী থাকা যোগ্য পরিবারগুলোকে মর্টগেজমুক্ত বাড়ি দিয়ে দীর্ঘমেয়াদি আবাসন স্থিতিশীলতা দেওয়ার লক্ষ্য এই কর্মসূচির।
মর্টগেজ শোধের পাশাপাশি ভেটেরানস ডে-তে পেনসিলভানিয়ায় হ্যারিসবার্গ ভেটেরানস ভিলেজের উদ্বোধনও উদ্যাপন করেছে ফাউন্ডেশন, যা সাবেক সেনা সদস্যদের গৃহহীনতা মোকাবিলায় তাদের উদ্যোগের সম্প্রসারণ। নতুন আবাসনটি সাবেক ফিনিক্স মিল সম্পত্তিতে গড়া, যেখানে ২০২৫ সালের এপ্রিলে নির্মাণ শুরু হয়। সুসকেহান্না নদীর তীরের ওয়াটারফ্রন্ট এলাকাটিকে আবাসিক কমিউনিটিতে রূপ দেওয়া হয়েছে, যেখানে ৬১ ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এবং এক শয়নকক্ষের ২০টি কমফোর্ট হোম রয়েছে।
এই আবাসনে স্থায়ী বাসস্থানের প্রয়োজন থাকা ৮০ জনের বেশি ভেটেরান থাকতে পারবেন এবং জীবন পুনর্গঠনে সহায়ক সেবা পাবেন। সেবাগুলোর মধ্যে রয়েছে চাকরির প্রশিক্ষণ, ভেটেরানদের সুবিধা পেতে সহায়তা, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং আসক্তির চিকিৎসা।
সিলার বলেন, ‘কয়েক বছর আগে টানেল টু টাওয়ার্সে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভেটেরানদের মধ্যে গৃহহীনতা নির্মূল করব। গত তিন বছরে আমরা ২৭ হাজার ৫০০ গৃহহীন ভেটেরানকে রাস্তা থেকে তুলে এনেছি।’ ফাউন্ডেশন জানায়, শুধু আশ্রয় দেওয়ার বাইরে ভেটেরানদের গৃহহীনতার পেছনে থাকা মানসিক, আর্থিক ও চিকিৎসাগত সংকটগুলো মোকাবিলাই তাদের পদ্ধতির অংশ।
টানেল টু টাওয়ার্স ২০২২ সালে হোমলেস ভেটেরান কর্মসূচি চালু করে, যার লক্ষ্য দেশের সেবা করা ভেটেরানদের যেন দেশের রাস্তায় থাকতে না হয় তা নিশ্চিত করা। কর্মসূচি শুরুর পর থেকে সংস্থাটি ২০ হাজারের বেশি ভেটেরান এবং ১০ হাজার শিশুকে আবাসন সহায়তা ও সহায়ক সেবা দিয়েছে বলে জানিয়েছে। হ্যারিসবার্গের এই কেন্দ্র টেনেসির মেমফিস, সাউথ ক্যারোলাইনার নর্থ চার্লসটন, টেক্সাসের হিউস্টন এবং জর্জিয়ার আটলান্টায় চালু থাকা ভেটেরানস ভিলেজগুলোর সঙ্গে যুক্ত হলো। ফাউন্ডেশন ক্যালিফোর্নিয়ার রিভারসাইড ও পশ্চিম লস অ্যাঞ্জেলেস এবং টেক্সাসের অস্টিনে সংশ্লিষ্ট ভেটেরান আবাসন কর্মসূচিকেও সহায়তা করে। আগামী ৯ ডিসেম্বর কলোরাডোর ডেনভারে আরেকটি ভেটেরানস ভিলেজ খোলার কথা রয়েছে, আর আরও সাতটি নির্মাণাধীন প্রকল্প ২০২৭ সালে খোলার প্রত্যাশা করা হচ্ছে।




