লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডে পথচারীদের ওপর মিনিভ্যান, তিন নারী নিহত; চালকের বিরুদ্ধে হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডে মেট্রো স্টেশনের কাছে এক মিনিভ্যান পথচারী ও এক খাবার বিক্রেতাকে চাপা দিলে তিন নারী নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। মাদক বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে ৬১ বছর বয়সী চালককে তিনটি হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে।
পুলিশ চালককে ভ্যালি ভিলেজের বাসিন্দা ইহোর দেমিয়ানেঙ্কো হিসেবে শনাক্ত করেছে। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার ওই দুর্ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তাঁর জামিন ধরা হয়েছে ৬০ লাখ ৩০ হাজার ডলার।
এলএপিডির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৫টা ৫৫ মিনিটে। দেমিয়ানেঙ্কো সাদা রঙের একটি টয়োটা সিয়েনা মিনিভ্যান নিয়ে ল্যাংকারশিম বুলেভার্ড ধরে দক্ষিণ দিকে যাচ্ছিলেন; চ্যান্ডলার বুলেভার্ডের ঠিক দক্ষিণে ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, মিনিভ্যানটি অনিরাপদ গতিতে ডান দিকে সরে গিয়ে ফুটপাতের কাছে থাকা এক খাবার বিক্রেতা ও পথচারীদের আঘাত করে এবং এগিয়ে গিয়ে একটি স্থাপনার ভেতরে আটকে যায়।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্যারামেডিকরা ঘটনাস্থলেই তিন নারীকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহতরা ৪০ থেকে ৬০ বছর বয়সী হিস্পানিক নারী; পরিবারকে খবর না দেওয়া পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
আহত দুই নারীর বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে; তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। চালক নিজে সামান্য আহত হন; হাসপাতালে চিকিৎসার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্সে দেওয়া বিবৃতিতে বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। আরও তথ্য পাওয়া গেলে আমরা জানাতে থাকব।’
এলএপিডি প্রধান জিম ম্যাকডোনেল আগেই সাংবাদিকদের বলেছিলেন, দুর্ঘটনার পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তিনি বলেন, ‘কী ঘটেছে তা বের করতে এটি হবে দীর্ঘ কিন্তু অত্যন্ত সতর্ক একটি তদন্ত। আজ রাতে যারা আঘাত পেয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা।’
এলএপিডির ভ্যালি ট্রাফিক ডিভিশন সংঘর্ষটির তদন্ত করছে। তথ্য থাকলে তদন্তকারীদের ৮১৮-৬৪৪-৮১১৪ বা ৮১৮-৬৪৪-৮১১৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।




