ঘরহীন বিধবা অর্চনাকে ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস গাজীপুরের জেলা প্রশাসকের

থাকার কোনো ঘর নেই বিধবা অর্চনা শীলের। মাথা গোঁজার জন্য ছোট একটি ঘরের দাবি নিয়ে তিনি গতকাল বুধবার গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নুরুল করিম ভুঁইয়ার সঙ্গে দেখা করেন। সব শুনে জেলা প্রশাসক তাঁকে ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
অর্চনা শীলের বয়স ৫৫ বছর। তিনি গাজীপুর মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া এলাকার নিতাই শীলের মেয়ে।
জেলা প্রশাসককে অর্চনা জানান, তাঁর স্বামী ছিলেন সেলুন শ্রমিক। ছয় বছর আগে দুই মেয়ে রেখে তাঁর স্বামী মারা যান।
প্রতিবেশীদের সহায়তায় কিছুদিন আগে তিনি দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। এখন তিনি অন্যের দেওয়া খাবার খেয়ে বেঁচে আছেন।
অর্চনার এক টুকরা জমি থাকলেও টাকার অভাবে তিনি ঘর তৈরি করতে পারছেন না। তাই আজ এ বাড়ি তো কাল ও বাড়িতে তাঁকে থাকতে হয়।
জেলা প্রশাসক নুরুল করিম ভুঁইয়া জানান, নানা পেশার ও নানা বয়সের নারী-পুরুষ নানা সমস্যা নিয়ে তাঁর কাছে আসেন। বড় সমস্যার সমাধান করা না গেলেও ছোট সমস্যার সমাধান দেওয়া হচ্ছে এবং এতে তাঁরা উপকৃত হচ্ছেন।
জেলা প্রশাসক আরও বলেন, সমাজের বিত্তশালীরা অসহায় মানুষের দিকে এগিয়ে এলে মানুষের কষ্ট কমবে।




