…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

শীতের আগেই সিরাজগঞ্জের চলনবিল ও যমুনার চরে অতিথি পাখির ঝাঁক, সক্রিয় শিকারিরাও

নিজস্ব প্রতিবেদক

শীতের আগমনী বার্তা নিয়ে সিরাজগঞ্জের চলনবিল ও যমুনার চরাঞ্চলে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। হিমেল হাওয়া আর কুয়াশার চাদর নামার আগেই দূরদেশ থেকে পাখিগুলো এসে পৌঁছেছে। তাদের ডানা ঝাপটানো, জলকেলি আর কলকাকলিতে মুখর এখন বিলের জলাভূমি।

কোথাও ঝাঁকে ঝাঁকে বালিহাঁসের বিচরণ, কোথাও পানকৌড়ির ডুবসাঁতার, আবার খাবারের সন্ধানে জলাশয়ের কিনারে সারিবদ্ধ বকের দল দেখা যাচ্ছে। এই দৃশ্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন প্রকৃতি ও বিনোদনপ্রেমীরা।

সাইবেরিয়াসহ বিশ্বের বিভিন্ন শীতপ্রধান অঞ্চল থেকে তীব্র শীত এড়াতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসে এসব পরিযায়ী পাখি। অনুকূল আবহাওয়া, খাদ্যের প্রাচুর্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে তারা বেছে নেয় বাংলাদেশের নদী, বিল, হাওর ও জলাভূমি।

এরই ধারাবাহিকতায় এবার শীত মৌসুম শুরুর আগেই সিরাজগঞ্জের বিভিন্ন জলাভূমিতে অতিথি পাখির দেখা মিলছে। মৎস্যভাণ্ডারখ্যাত তাড়াশের বিস্তীর্ণ চলনবিল এবং বেলকুচি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে এরই মধ্যে বক, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা শুরু হয়েছে।

সাধারণত বিলের পানি কমে গেলে অতিথি পাখির বিচরণ বাড়ে। তবে এবার কিছুটা আগেই তাদের উপস্থিতি চোখে পড়ছে। ভোরের আলো ফুটতেই খাবারের সন্ধানে জলাশয়, বিলের কিনারা ও আশপাশের ফসলি জমিতে জড়ো হচ্ছে পাখির ঝাঁক। দিনের বেশিরভাগ সময় জলাশয়ে খাবার সংগ্রহ ও বিশ্রামে কাটিয়ে বিকেলে আবার তারা ফিরে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে।

পাখির উপস্থিতি একটি এলাকার প্রাকৃতিক পরিবেশ ও খাদ্যশৃঙ্খলের সুস্থতার ইঙ্গিত বহন করে এবং জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে। অথচ অতিথি পাখির আগমনের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে একশ্রেণির অসাধু শিকারি।

অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকায় জাল ও খাঁচা পেতে পাখি শিকার করা হচ্ছে। কোথাও আবার খাবারের প্রলোভন দেখিয়ে পাখি আটকে ফেলার চেষ্টা চলছে। এতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে আসা পাখিগুলো পড়ছে নতুন বিপদের মুখে।

পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাছিম বলেন, পাখি প্রকৃতির অলঙ্কার। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে পরিযায়ী পাখির বাংলাদেশে আগমন পরিবেশ ও প্রকৃতির জন্য আশীর্বাদ। তাঁর ভাষায়, এসব পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষায় ভূমিকা রাখে; পাশাপাশি জলজ পরিবেশ, মাছের উৎপাদন এবং মাটির উর্বরতা বৃদ্ধিতেও সহায়তা করে। তাই অতিথি পাখি শিকার বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে তিনি মনে করেন।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্ত বলেন, অতিথি পাখি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষিতেও ইতিবাচক ভূমিকা রাখে। এসব পাখি ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে; এতে জমিতে কীটনাশকের ব্যবহার কমানোর সুযোগ তৈরি হয় এবং কৃষকদের উৎপাদন খরচও কমে। এ ছাড়া পাখির বিষ্ঠা জমিতে প্রাকৃতিক সারের কাজ করে।

পরিবেশবিদদের মতে, পরিযায়ী পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করা শুধু বন্যপ্রাণী সংরক্ষণের বিষয় নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। এজন্য চলনবিল ও যমুনার চরাঞ্চলে পাখি শিকার বন্ধে নিয়মিত নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়ন জরুরি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

নারী যাত্রীদের জন্য ১০০টি পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারী যাত্রীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনতে যাচ্ছে সরকার।…

আবহাওয়া ও পরিবেশ

দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপ এখন সুস্পষ্ট, ৪৮-৭২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সিস্টেম…

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন
আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ঐতিহাসিক দায়ের ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে শনিবার (১৪ নভেম্…

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না
আবহাওয়া ও পরিবেশ

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না

শৈশবে চোখের সামনে দেখেছেন প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ধ্বংসযজ্ঞ। সেই স্মৃতি থেকেই উপকূলের মানুষের দুর্ভোগ ও জলবায়ু সংকট নিয়ে কাজের অনুপ্রেরণা পেয়েছ…