ছয় দিন ঝোপে নিখোঁজ অস্ট্রেলীয় কিশোর উইলিয়াম জীবিত উদ্ধার

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ঘন ঝোপে ছয় দিন নিখোঁজ থাকার পর ১৭ বছর বয়সী কিশোর উইলিয়ামকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার পদবি প্রকাশ করা হয়নি।
উইলিয়াম গত শুক্রবার এক বন্ধুর সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে নিখোঁজ হয়। ঘটনাস্থল মেলবোর্ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) পূর্বে ঝোপে ঘেরা এলাকা।
রাতে তাপমাত্রা অত্যন্ত কমে যাওয়ায় কর্তৃপক্ষ তার অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিল। তাকে খুঁজতে পুলিশের কুকুর, ডুবুরি ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল।
শুক্রবার সকালে তাকে পাওয়া যায় এবং উইঞ্চ দিয়ে নিরাপদে তোলা হয়। উদ্ধারের পর তাকে একটি ডোনাট ও এক বোতল পানি দেওয়া হয়, এরপর পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।
তার মা এলিজাবেথ বার্কলি সাংবাদিকদের বলেন, ছেলের শরীরে মাত্র কয়েকটি আঁচড় রয়েছে এবং সে সুস্থ ও স্বাভাবিক আছে। তিনি বলেন, 'সবকিছু ঠিক আছে মনে হচ্ছে, তার স্বাস্থ্য একেবারে ভালো।'
বার্কলি বলেন, উইলিয়াম এক জায়গাতেই অবস্থান করে উদ্ধারের অপেক্ষা করেছে। ছেলেকে জীবিত পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত বলে জানান।
মজা করে তিনি আরও বলেন, ছেলে 'সারা জীবনের জন্য ঘরে আটক' এবং 'আর কখনো বাড়ি থেকে বের হবে না'।
ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক জেসন বেনবো বলেন, কিশোরটিকে জীবিত পেয়ে কর্মকর্তারা আবেগাপ্লুত হয়েছেন। তিনি বলেন, 'এমন ঘটনা সব সময় ঘটে না।' বেনবো আরও বলেন, উইলিয়ামের কাছে তার অভিজ্ঞতার গল্প শুনতে তারা আগ্রহী।



