মৃতের সংখ্যা লুকাতে পারে ক্রেমলিন, লুকানো যাচ্ছে না বেড়ে চলা কবর

ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়া হতাহতের সংখ্যা গোপন করতে তৎপর হয়েছে—তথ্যভান্ডার বন্ধ করা হচ্ছে এবং যারা নিহতদের নথিভুক্ত করছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
সেপ্টেম্বরে রাশিয়ার একটি আদালত ইয়ারোস্লাভলের এক মধ্যবয়সী ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে কারাগার কলোনিতে। তার অপরাধ ছিল ইউক্রেনে নিহত রুশ সেনাদের কবরের ফলকের ছবি তোলা—যে শাস্তি সাধারণত দেশটির সবচেয়ে গুরুতর অপরাধীদের জন্য রাখা হয়।
স্বতন্ত্র সাংবাদিক ও কর্মীরা কবরের ছবি ব্যবহার করে যুদ্ধে প্রকৃত মৃতের সংখ্যা নথিভুক্ত করে আসছেন, যা মস্কোর প্রকাশ্যে স্বীকার করা সংখ্যার চেয়ে অনেক বেশি মৃত্যুর চিত্র তুলে ধরেছে।
জার্মানিভিত্তিক লাইবনিজ সেন্টার ফর কনটেম্পোরারি হিস্ট্রির ইয়ান সি. বেহরেন্ডস বলেন, বেড়ে চলা কবরের সংখ্যা কর্তৃপক্ষকে খুবই বিচলিত করছে, কারণ তা পুতিনের যুদ্ধের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। তিনি বলেন, 'অনেক মানুষ মারা গেছে।'
সাম্প্রতিক মাসগুলোতে রুশ কর্তৃপক্ষ সতর্ক করেছে, সামরিক কবরের ছবি তুললে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে, আর ফেডারেল সিকিউরিটি সার্ভিস দেশের কবরস্থানগুলোতে টহল দিয়ে অপরাধী খুঁজছে। গ্রীষ্মের পর থেকে রাশিয়াজুড়ে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এসব রুদ্ধদ্বার বিচারে আনুষ্ঠানিক অভিযোগ রাষ্ট্রদ্রোহ—বিশেষ করে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা।
পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার ক্ষয়ক্ষতি বিপুল। স্বতন্ত্র সংবাদমাধ্যম মিডিয়াজোনা ও বিবিসির রুশ বিভাগের তৈরি হতাহত-অনুসন্ধানী তথ্যভান্ডার 'রাশিয়া ২০০'-এ প্রায় ২ লাখ ৮৩ হাজার নিহত সেনার নাম রয়েছে, তাদের মৃত্যুর পরিস্থিতির বিবরণসহ। তবে খোলা উৎস—সামাজিক মাধ্যমের পোস্ট ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন—থেকে তথ্য সংগ্রহ করা মিডিয়াজোনার পক্ষে প্রতিটি যুদ্ধক্ষেত্রের মৃত্যু নথিভুক্ত করা সম্ভব নয়।
অন্য সংস্থাগুলোর হিসাবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ও ওলন্দাজ গোয়েন্দা সংস্থাগুলোর হিসাবে রাশিয়ার মৃতের সংখ্যা পাঁচ লাখের বেশি, আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জুলাইয়ে বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধ করে ৭ লাখ রুশ সেনা মারা গেছে।
সবচেয়ে কম হিসাবেও ইউক্রেনে রাশিয়ার মৃতের সংখ্যা আফগানিস্তানে সোভিয়েত হতাহতকে ছাড়িয়ে গেছে। ১৯৭৯ সালে শুরু হয়ে প্রায় এক দশক ধরে চলা সেই যুদ্ধেও ক্রেমলিন প্রকৃত খরচ লুকাতে চেয়েছিল।
উত্তর ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক জেফ জোন্স বলেন, আফগানিস্তানে নিহতদের স্বজনদের কবরের ফলকে প্রিয়জনের মৃত্যুর স্থান খোদাই করতে নিষেধ করা হয়েছিল। তিনি বলেন, কোনোভাবেই কবরে যুদ্ধে মৃত্যুর ইঙ্গিত দেওয়া যেত না, এমনকি কিছু স্বজনকে রাতে অন্ত্যেষ্টিক্রিয়া করতে বাধ্য করা হয়েছিল যাতে মনোযোগ আকর্ষণ না হয়। পরে স্বজনদের 'আন্তর্জাতিক কর্তব্য পালন করতে গিয়ে বীরের মতো মৃত্যু' লেখার অনুমতি দেওয়া হলেও 'আফগানিস্তানে মৃত্যু' কখনো লিখতে দেওয়া হয়নি।
ইউক্রেন যুদ্ধের শুরুতে ক্রেমলিন এতটা গোপনীয় ছিল না। পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর ছয় মাস পর, ২০২২ সালের সেপ্টেম্বরে, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন ৫ হাজার ৯৩৭ জন রুশ সেনা মারা গেছে। এরপর থেকে হতাহত নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা খুব কমই এসেছে।
২০২৪ সালের এপ্রিলে ক্রেমলিনের এক মুখপাত্র সাংবাদিকদের মনে করিয়ে দেন, হতাহতের তথ্য 'রাষ্ট্রীয় গোপনীয়' এবং ক্ষয়ক্ষতির প্রতিবেদন করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 'একচেটিয়া অধিকার'। ওই বছরের শেষ দিকে রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্তাত দেশের অতিরিক্ত মৃত্যুহারের তথ্যে প্রবেশ বন্ধ করে দেয়, যা ১৯৯০-এর দশক থেকে পাওয়া যেত।
মিডিয়াজোনার সম্পাদক ও রাশিয়া ২০০-এর সহ-লেখক দিমিত্রি ত্রেশচানিন বলেন, রসস্তাতের তথ্য হতাহতের হিসাব যাচাই ও সরকারি দাবি খণ্ডনে অমূল্য উৎস ছিল। তিনি বলেন, 'আমরা নাম ধরে ধরে সবাইকে গুনতে পারি, কিন্তু সরকারের কেউ সব সময় বলবে এটি ভুয়া। কিন্তু সরকারি তথ্যই যখন আমাদের হিসাব নিশ্চিত করে, তখন আর কিছু করার থাকে না।'
মস্কো নিহত সেনাদের বিষয়ে আদালতের মামলার তথ্যও দমিয়ে রেখেছে। ২০২৫ সালের শুরুতে রুশ সাংবাদিকরা লক্ষ করেন, নিখোঁজ বা মৃত ঘোষণার জন্য আদালতে মামলার সংখ্যা অভূতপূর্বভাবে বেড়েছে। যুদ্ধক্ষেত্র থেকে মাসের পর মাস না ফেরা সেনাদের মৃত ঘোষণা করতে সামরিক ইউনিটগুলো সাধারণত আদালতের কাছে আবেদন করে।
ত্রেশচানিন বলেন, সংখ্যাটি দ্রুত বাড়ছিল—প্রথমে ৪০ হাজার মামলা, চার মাস পর ৭০ হাজার, তার দুই মাস পর ৯০ হাজার। রাশিয়া ২০০-এ ২০২৫ সালেই এমন প্রায় ৯০ হাজার মামলা নথিভুক্ত হয়েছে, যা আগ্রাসনের আগের বছরগুলোর তুলনায় দশগুণের বেশি। ২০২৫ সালের শেষ দিকে সরকার এসব আদালতের কার্যক্রমে প্রবেশ সীমিত করে তা গোপনীয় করে দেয়।
ত্রেশচানিন ও তার সহকর্মীরা এখন কবরের ছবি ব্যবহারে সতর্ক। তিনি বলেন, আগ্রাসনের একেবারে শুরুতে, যখন অন্য তথ্য বেশি পাওয়া যেত না, কবরের ছবি ও অন্ত্যেষ্টিক্রিয়ার ভিডিও গুরুত্বপূর্ণ উৎস ছিল। কিন্তু ক্রেমলিন কৌশলটি ধরে ফেলার পর তা খুব বিপজ্জনক হয়ে ওঠে; তাদের স্বেচ্ছাসেবীদের কবরস্থানে হামলার শিকার হতে হয়েছে।
প্রয়াত রুশ ভিন্নমতাবলম্বী আলেক্সেই নাভালনির সহযোগী ও রুশ সামরিক বিশ্লেষক ইয়ান মাতভেয়েভ বলেন, ক্রেমলিন ক্ষয়ক্ষতি এত সতর্কভাবে লুকায় যাতে পূর্ণমাত্রার আগ্রাসনের জন্য সেনা নিয়োগ সহজ হয়। তার মতে, মানুষ সহজে জানতে পারলে কোন শতাংশ চুক্তিভিত্তিক সেনা সামনে বেঁচে থাকে, তা হলে মাসে ৩০ হাজার সেনা নিয়োগও অত্যন্ত কঠিন হতো। মাতভেয়েভ আরও বলেন, মস্কো বাইরের দর্শক—বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে—এ ধারণা দিতেও চাইতে পারে যে পুতিনের বাহিনী যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে।
ক্রেমলিনের প্রতিটি নতুন বিধিনিষেধের সঙ্গে সাংবাদিকদের পদ্ধতি বদলাতে হয়। ত্রেশচানিন বলেন, 'রাশিয়া বড়। এক জায়গায় কিছু বন্ধ হলে, তার বিপরীতে অন্য জায়গায় অন্য কিছু বেড়ে ওঠে।'


