…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সিরাজগঞ্জে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জমির জাল দলিল, দুজনের চার বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জমির জাল দলিল, দুজনের চার বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ২০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকে জীবিত দেখিয়ে তাঁর জমির জাল দলিল তৈরির মামলায় দুজনকে চার বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ২ নভেম্বর সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত দুজন হলেন দলিলগ্রহীতা মো. বোরহান উদ্দিন তালুকদার এবং দলিল লেখক মো. জুয়েল হোসেন। পেনাল কোডের ৪৬৭ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে চার বছর সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দলিলের সাক্ষী মো. রফিকুল ইসলাম ও মো. লোকমান হোসেনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, সিরাজগঞ্জের বাসিন্দা কাজী আব্দুল বরকত ওরফে এবিএম সাদ উদ্দিন ১৯৯৪ সালের ২ জুন ঢাকায় মারা যান। তাঁর মৃত্যুর পর স্ত্রী হাসিনা সাদ এবং চার ছেলে ওয়ারিশ সূত্রে সিরাজগঞ্জে থাকা ০.৫৪০০ একর (৫৪ শতাংশ) সম্পত্তির মালিক হন।

ওয়ারিশরা ২০০৫ সালের ২৫ জুন সম্পত্তিটি মো. আসলাম সেখ, মো. আবুল খায়ের সেখ, মো. আ. ছালাম ও মো. আনোয়ারুল হকের কাছে বিক্রি করেন। একই বছর ওই চারজন জমিটি মালা রানী মালাকারের কাছে বিক্রি করেন। মালা রানী জমি কিনে নিজ নামে নামজারি করেন, নিয়মিত খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছিলেন এবং ২০০৭ সালের ১৬ জুলাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিরাজগঞ্জ শাখায় জমিটি বন্ধক রেখে ঋণও নেন।

এরপর হঠাৎ বোরহান উদ্দিন জমিটি নিজের বলে দাবি করলে মালা রানী সিরাজগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নেন। দলিলের জাবেদা নকল তুলে যাচাই করে তিনি দেখেন, ২০১৪ সালের ৩ জুলাই তারিখ দেখিয়ে একটি দলিল তৈরি করা হয়েছে, যাতে মৃত কাজী বরকতকে দাতা হিসেবে দেখানো হয়েছে। তাঁর অভিযোগ, আসামিরা যোগসাজশে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে তাঁর স্বাক্ষর জাল করেছেন এবং এতে তাঁর প্রায় দেড় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এরপর তিনি মামলা করেন।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. নূরুল ইসলাম তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ২০২০ সালের ২৫ অক্টোবর প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে দাতা সাজিয়ে বোরহান উদ্দিন দুজনকে সাক্ষী করে দলিল লেখকের মাধ্যমে ২০১৪ সালে দলিলটি রেজিস্ট্রি করেন। ওই সময়ের নিয়ম অনুযায়ী দলিলে দাতা ও গ্রহীতার ছবি এবং ভোটার আইডি নম্বর থাকার কথা থাকলেও তা উল্লেখ করা হয়নি।

তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ২০২২ সালের ২১ আগস্ট চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচারে রাষ্ট্রপক্ষ মোট চারজন সাক্ষীকে উপস্থাপন ও জেরা করে। সাক্ষ্য শেষে ৩৪২ ধারায় পরীক্ষায় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন এবং সাফাই সাক্ষ্য দেবেন না বলে জানান।

বিচারের সময় ঢাকা সিটি করপোরেশনের ১৯৯৪ সালের ২২ জুন ইস্যু করা ওয়ারিশান সনদের মূল কপি, মৃত্যু সনদের ফটোকপি এবং আজিমপুর কবরস্থানে দাফনের রশিদ বহির ফটোকপি আদালতে দাখিল করা হয়।

রায়ে আদালত বলেন, ওয়ারিশান সনদ, আজিমপুর কবরস্থানের প্রত্যয়নপত্র ও দাফনের রসিদ এবং ১৯৯৪ সালের ৪ জুনের পত্রিকার ফটোকপিসহ বিভিন্ন নথিতে অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে কথিত দাতা ১৯৯৪ সালের ২ জুনই মারা গেছেন। দীর্ঘ ২০ বছর আগে মৃত ব্যক্তির জীবিত হয়ে সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে ২০১৪ সালে দলিল সম্পাদনের বিষয়টি অবাস্তব ও আইনগতভাবে সম্পূর্ণ অসম্ভব বলে রায়ে উল্লেখ করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. কামাল পারভেজ ও মো. আনিছুর রহমান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মু. শওকত আলী সেলিম।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে অসময়ে যমুনার ভাঙন, এক ঘণ্টায় বিলীন ২০ ফুট তীর

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম দুশ্চিন্তা …