প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে ঘরোয়া জায়ান্ট পিজিজেডের ওপর ভরসা পোল্যান্ডের, কাঠামো নিয়ে প্রশ্ন

ওয়ারশ চায় দেশীয় কোম্পানিগুলো দ্রুত বেড়ে চলা সামরিক ব্যয়ের আরও বড় অংশ জোগান দিক। কিন্তু রাষ্ট্রমালিকানাধীন পোলিশ আর্মামেন্টস গ্রুপের (পিজিজেড) খণ্ডিত কাঠামো ও রাজনৈতিক সংস্পর্শ নিয়ে প্রশ্ন উঠেছে—এই ব্যয়ের ঢেউকে ওয়ারশ কতটা শক্তিশালী শিল্পে রূপ দিতে পারবে।
পিজিজেড পোল্যান্ডের সবচেয়ে বড় প্রতিরক্ষা কোম্পানি। কোম্পানিটি কোটি কোটি জ্লোটির (পোল্যান্ডের মুদ্রা) নতুন অর্ডার জিতেছে, যা একে সামরিক সম্প্রসারণের কেন্দ্রে বসিয়েছে।
২০১৩ সালে প্রায় ৫০টি তীব্রভাবে স্বাধীন ছোট কোম্পানিকে একত্র করে এই সম্মিলিত গোষ্ঠী গড়া হয়েছিল; সেসব কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনা দল ছিল এবং অনেক ক্ষেত্রে নিজস্ব রাজনৈতিক পৃষ্ঠপোষকও ছিল। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাডাম লেশকিয়েভিচ ২০২৫ সালের মে মাস থেকে দায়িত্বে আছেন—প্রতিষ্ঠার পর থেকে তিনি হোল্ডিং কোম্পানিটির দ্বাদশ সিইও।
লেশকিয়েভিচ বলেন, ‘পিজিজেড অন্য ইউরোপীয় কোম্পানির থেকে আলাদা।’ তিনি জানান, পিজিজেড ৭০০-র বেশি পণ্য তৈরি করে। তাঁর ভাষায়, ‘আমি বলতে পারি আমরা প্রায় সবকিছুই বানাই। কিন্তু যা শক্তি হতে পারে, তা দুর্বলতাও হতে পারে।’
ওয়ারশভিত্তিক পলিটিকা ইনসাইট সেন্টার ফর পলিসি অ্যানালাইসিসের প্রতিরক্ষা বিশ্লেষক মারেক শ্বিয়েরচিনস্কি বলেন, অন্য কোম্পানিগুলোকে পরিচালনা করতে গিয়ে লেশকিয়েভিচকে মূলত কূটনীতি কাজে লাগাতে হয়।
কমিউনিজমের পতনের পর কয়েক দশক ধরে পোল্যান্ড প্রতিরক্ষায় কম ব্যয় করেছে এবং সামরিক বাহিনী মূলত পুরোনো সোভিয়েত যুগের সরঞ্জাম দিয়েই চলেছে। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ সেই চিত্র বদলে দেয়; এরপর পোল্যান্ডের প্রতিরক্ষা ব্যয় দ্রুত বেড়ে যায়।
লেশকিয়েভিচ বলেন, ‘সাঁজোয়া যান এবং রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল সেবায় আমাদের শক্তিশালী ঐতিহাসিক ও বর্তমান অভিজ্ঞতা আছে। আমরা ইয়েলচের মতো চাকাওয়ালা যানও বানাই, সেন্সর ও রাডার নিয়ে আমাদের কাজ ভালোভাবে এগোচ্ছে। রাইফেল ও পিস্তলে আমরা বরাবরই শক্তিশালী।’
ওয়ারশভিত্তিক পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রতিরক্ষা বিশ্লেষক আলেকসান্দ্রা কোজিওল দেশের অন্য উল্লেখযোগ্য প্রতিরক্ষা কোম্পানির দিকেও ইঙ্গিত করেন, যেমন বেসরকারি ডব্লিউবি গ্রুপ, যা যোগাযোগ নেটওয়ার্ক, মানববিহীন আকাশযান, লয়টারিং মিউনিশন ও ফায়ার কন্ট্রোল সমাধানে বিশেষজ্ঞ।
নতুন প্রযুক্তিতে উন্নতির লক্ষ্যের কথা জানিয়ে লেশকিয়েভিচ বলেন, ‘আমরা নতুন প্রযুক্তিতে, বিশেষ করে মানববিহীন যান, সফটওয়্যার ও আইটি সমাধানে উন্নতি করতে চাই।’
পিজিজেড অন্য ইউরোপীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গেও সম্পর্ক গড়ছে। যুক্তরাজ্যের বিএই সিস্টেমসের সঙ্গে মিলে এটি তিনটি নতুন কামানের গোলা কারখানা তৈরি করছে। পিজিজেডের নারেউ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র ও লঞ্চার সরবরাহে এমবিডিএর সঙ্গে অংশীদারত্ব রয়েছে।
এ বছর পোল্যান্ড প্রতিরক্ষায় ২০০ বিলিয়ন জ্লোটি (৪৫ দশমিক ৭ বিলিয়ন ইউরো) ব্যয়ের লক্ষ্য নিয়েছে, যা জিডিপির ৪ দশমিক ৮ শতাংশ—ন্যাটোতে সর্বোচ্চ। দেশটি ইউরোপীয় ইউনিয়নের ১৫০ বিলিয়ন ইউরোর সেফ ঋণ-বিনিময়ে-অস্ত্র কর্মসূচির সবচেয়ে বড় প্রাপকও, যেখানে এর অংশ প্রায় ৪৪ বিলিয়ন ইউরো।
সরকার চেষ্টা করছে নতুন ব্যয়ের ক্রমবর্ধমান অংশ যেন দেশের প্রতিরক্ষা শিল্প পায়। মে মাসে পোল্যান্ডের আর্মামেন্টস এজেন্সি সেফ অর্থায়নে পোলিশ অস্ত্র কোম্পানিগুলোর সঙ্গে প্রায় ১২০ বিলিয়ন জ্লোটির চুক্তি সই করে। বড় অংশ যায় পিজিজেড ও এর সহযোগীদের কাছে, মূলত হুতা স্টালোওয়া ওলার কাছে; এর মধ্যে রয়েছে ১৪৬টি বোরসুক পদাতিক যুদ্ধযান, ৯৬টি ক্র্যাব হাউইটজার, ৬৪টি রাক মর্টার, কে৯পিএল সহায়ক যান এবং হোমার-কে রকেট লঞ্চার ব্যবস্থার জন্য ১,০০০ যান।
ওয়ারশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট থিংক ট্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, পিজিজেডের সঙ্গে চুক্তিগুলোর বেশির ভাগই ছিল দরপত্রবিহীন (নো-বিড)। প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ডের প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন প্রয়োজন, তবে এর অর্থ স্বয়ংক্রিয়ভাবে সরকারনিয়ন্ত্রিত কোম্পানিগুলোর জন্য অগ্রাধিকারমূলক আচরণ হওয়া উচিত নয়।
প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ গত মাসে দেশের সামরিক-শিল্প কমপ্লেক্স গড়ার সরকারি লক্ষ্যের ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা শক্তিশালী সেনাবাহিনী গড়ছি, নিরাপত্তা জোরদার করছি এবং পোল্যান্ডের ভবিষ্যতে বিনিয়োগ করছি।’
তবে ঘরোয়া কোম্পানিকে প্রাধান্য দেওয়া দ্রুততম পুনঃসশস্ত্রীকরণের সরকারি তাড়ার সঙ্গে সংঘাতে যেতে পারে। রাশিয়াকে প্রতিহত করতে ওয়ারশ ট্যাংক, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কিনতে চায়। বিশ্লেষক শ্বিয়েরচিনস্কির মতে, পোল্যান্ডের প্রতিরক্ষা ব্যয়ের প্রায় ৬০ শতাংশ যায় আমদানিতে এবং তা দ্রুত বদলাবে না। বেশির ভাগ অস্ত্র আমদানি আসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র থেকে, যার মধ্যে আছে কে২ ব্ল্যাক প্যান্থার ট্যাংক ও এফ-৩৫এ যুদ্ধবিমানের মতো ব্যবস্থা।
লেশকিয়েভিচ বলেন, ‘২০২২ সালে আমরা তৈরি সমাধান ও পণ্য খুঁজছিলাম, কারণ আমরা হুমকির মধ্যে ছিলাম। আজ আমরা উৎপাদনকে পোলিশকরণের প্রতিটি সুযোগ নিতে চেষ্টা করছি। যেখানে নির্দিষ্ট সক্ষমতা সত্যিই নেই, সেসব ছাড়া আমরা এখন প্রায় তৈরি পণ্য কিনছি না।’ পিজিজেডের একটি সহযোগী কোম্পানি ২০২৮ সাল থেকে কে২ ট্যাংক তৈরি শুরু করবে।
কোজিওল বলেন, পোলিশ বৌদ্ধিক সম্পত্তি বাড়ানোর চেষ্টা তিনি দেখছেন; তবে সরকারি চুক্তি পোলিশ কোম্পানির দিকে সরানোর চেষ্টা বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
২০২৫ সালে পিজিজেড ১৮ দশমিক ৪ বিলিয়ন জ্লোটি রাজস্বের খবর দেয়, যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি; মুনাফা ছিল ২ দশমিক ৮ বিলিয়ন জ্লোটি, আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ বেশি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২৫ সালের বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানির তালিকায় কোম্পানিটির অবস্থান ছিল ৫১তম। লেশকিয়েভিচের লক্ষ্য, ইউরোপে শীর্ষ ১০ এবং বিশ্বে শীর্ষ ৩০-এ পৌঁছানো।
রাজনৈতিক হস্তক্ষেপের জন্য পোল্যান্ডের রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানিগুলো কুখ্যাত। আগের ল অ্যান্ড জাস্টিস পার্টি সরকারের সময়কার (২০১৭-২০২৩) প্রধানমন্ত্রী মাতেউশ মোরাভিয়েস্কি এই গ্রীষ্মে ‘দুর্বল’ ব্যবস্থাপনার অভিযোগ তুলে পিজিজেডকে সম্ভাব্যভাবে ভেঙে দেওয়ার আহ্বান জানান। কোসিনিয়াক-কামিশ পাল্টা জবাবে এই ধারণাকে ‘ক্ষতিকর ও রাষ্ট্রবিরোধী’ বলেন।
আগামী বছর পোল্যান্ডে সংসদীয় নির্বাচন হবে এবং জনমত জরিপে ইঙ্গিত মিলছে, প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের জোটকে ডানপন্থী দলগুলোর একটি গ্রুপ ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। লেশকিয়েভিচ ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত টাস্কের আগের সরকারের একজন জুনিয়র সদস্য ছিলেন এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত সার জায়ান্ট গ্রুপা আজোতি চালানোর পর পিজিজেডের দায়িত্ব নেন। শ্বিয়েরচিনস্কি বলেন, একজন সিইওর এক দশক ধরে দায়িত্বে থাকা দরকার, কিন্তু পোলিশ বাস্তবতায় এর কোনো সুযোগ নেই।


