নুসরাতের বাড়িতে হামলার পর নাহিদ ইসলামের হুঁশিয়ারি: আজ আমি, কাল আপনি, একে একে সবাই আক্রান্ত হবেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে। তাঁর ভাষায়, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’
বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে—এ আশা আর করেন না বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’
নাহিদ ইসলাম তাঁর পোস্টে পতিত শক্তিকে ‘সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি’ আখ্যা দিয়ে লিখেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি নয়। তাঁর দাবি, দিল্লির আশ্রয়-প্রশ্রয়-ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে; দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।
বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা করবেন জানিয়ে নাহিদ ইসলাম লিখেছেন, ‘ঐক্যবদ্ধভাবেই করব, গণতান্ত্রিকভাবেই করব।’
এর আগে এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। তাঁর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এক ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানোর কথা বলেছেন।



