গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ৬ জন নিহত, আহত ২০

গাজার দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
হামলাটি চালানো হয়েছে খান ইউনিসের এই হাসপাতালের অস্ত্রোপচার বিভাগে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।
বৃহস্পতিবার ভোরে চালানো এই হামলায় নিহতদের মধ্যে একজন শল্যচিকিৎসকও রয়েছেন বলে খবরে বলা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিবিসি এ বিষয়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সঙ্গে যোগাযোগ করেছে।
বিবিসি জানিয়েছে, গাজা উপত্যকার ভেতর থেকে স্বাধীনভাবে প্রতিবেদন পাঠাতে ইসরায়েল তাদের বাধা দেওয়ায় এই ঘটনার বিস্তারিত তারা যাচাই করতে পারছে না।
গাজায় উদ্ধারকাজ চালায় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা, যা হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। তাদের এই কাজে সহায়তা করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।
দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতাল নাসের। ২০২৫ সালের আগস্টে এই হাসপাতালে ইসরায়েলের জোড়া হামলায় সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছিলেন।
গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে সেখানে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এই মন্ত্রণালয়ের পরিসংখ্যানকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে। ইসরায়েল ও হামাস পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
একই সঙ্গে গাজার মানবিক সংকট আরও গভীর হয়েছে। সম্প্রতি ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত পরিবারগুলোর বসবাসের হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে বলে খবরে বলা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে চালানো হামলা থেকেই গাজা যুদ্ধের সূত্রপাত। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এরপর থেকে গাজায় ৭৪ হাজার ৬৪৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।



