মক্কায় হামলার দাবি অস্বীকার হুথিদের, ইয়েমেনে তীব্র লড়াইয়ে হতাহত ১১ হাজার ৭৫৫
ইয়েমেনে লড়াই তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের দাবি অস্বীকার করেছে হুথিরা। সৌদি কর্তৃপক্ষ বলেছিল, হুথিরা ইসলামের পবিত্রতম শহর মক্কা লক্ষ্য করে হামলা চালিয়েছে। হুথিদের একজন মুখপাত্র বুধবার সেই দাবিকে সৌদি ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন।
ওই মুখপাত্র বলেছেন, ড্রোন ছোড়া হয়েছিল লোহিত সাগরের ইয়ানবুতে একটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে। তাঁর ভাষ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী বলেছিল, তারা রিয়াদ লক্ষ্য করে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ড্রোনও প্রতিহত করা হয়েছে বলে জোটের পক্ষ থেকে বলা হয়।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলেছে, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ মক্কা প্রদেশের সাবুহাহ গ্রামে পড়েছে। বৃহস্পতিবার ভোরে কর্তৃপক্ষ বলেছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে এই শত্রুতাপূর্ণ হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং হুথি মিলিশিয়ার বিপজ্জনক শত্রুতাপূর্ণ মনোভাবের প্রতিফলন।
সৌদি আরবে এই সন্দেহভাজন হুথি ক্ষেপণাস্ত্র হামলার দাবি এমন সময় এল, যখন ইয়েমেনের ভেতরে সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে লড়াই করা বাহিনী এবং হুথি যোদ্ধাদের মধ্যে লড়াই তীব্র হয়েছে।
ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি বলেছেন, শত শত লক্ষ্যভেদী হামলায় অন্তত ১৩৮ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, ইয়েমেনের সৌদি-সমর্থিত সেনাবাহিনী আল-জাওফ, মারিব, আল-বায়দা ও তাইজ গভর্নরেটে ৭৭৩টি মাঠপর্যায়ের কামান হামলা, ৪৪টি ড্রোন হামলা ও ৩৭টি রকেট হামলা চালিয়েছে।
আল-নুজাইলি আরও বলেছেন, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী হুথিদের বিরুদ্ধে ২৩টি বিমান হামলা চালিয়েছে। এতে ৮৬টি ভারী অস্ত্র ও সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাঠে বিভিন্ন ফ্রন্টে সাফল্যের দাবি সত্ত্বেও সৌদি-সমর্থিত বাহিনী এডেনের আল-বুরাইকা জেলায় হুথি হামলা থামাতে পারেনি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘাঁটি এই এডেন শহরেই।
ইয়েমেনের তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে বলেছেন, ঘনবসতিপূর্ণ আল-বুরাইকা জেলাসহ এডেন শহরে হুথি মিলিশিয়ার বারবার গোলাবর্ষণ বেসামরিকদের লক্ষ্যবস্তু করা ও নিরীহ মানুষকে আতঙ্কিত করার প্রতিষ্ঠিত ধরনই তুলে ধরছে। তিনি বলেছেন, এসব হামলা এডেনের মানুষের মনোবল ভাঙতে পারবে না, বরং আগ্রাসন মোকাবিলা ও শহর রক্ষায় তাদের সংকল্প আরও শক্তিশালী করবে।
অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাঁর বাহিনী এডেনের আল-বুরাইকা জেলায় সৌদি জোটের একটি সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘সফলভাবে হামলা’ চালিয়েছে। টেলিগ্রামে দেওয়া পোস্টে সারি বলেছেন, ওই কেন্দ্র থেকে লাহিজ, আল-দালে, তাইজসহ অন্যান্য গভর্নরেটের সক্রিয় ফ্রন্টে সৌদি সামরিক শক্তিবৃদ্ধি পরিচালনা ও তদারকি করা হতো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, ৮ নভেম্বর পর্যন্ত ইয়েমেনের লড়াইয়ে হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৫ জন। এর মধ্যে ২ হাজার ৯৮ জন নিহত ও ৯ হাজার ৬৫৭ জন আহত হয়েছেন। জাতিসংঘের সংস্থাটি বলেছে, মাত্র নয় দিনে ২ হাজারের বেশি হতাহতের ঘটনা নথিভুক্ত হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গভর্নরেটগুলোর মধ্যে রয়েছে মারিব ও লাহিজ।
ডব্লিউএইচও বলেছে, ১ আগস্ট থেকে লড়াইয়ের কারণে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে গত এক সপ্তাহেই প্রায় ১৬ হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
সংস্থাটি আরও বলেছে, হামলায় স্বাস্থ্য স্থাপনা ও অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাইজে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত করছে জ্বালানির তীব্র সংকট। চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও প্রায় ১০ লাখ শিশুকে লক্ষ্য করে টিকাদান কর্মসূচি চালানো হলেও ট্রমা চিকিৎসা, পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্যসেবায় বড় ঘাটতি রয়ে গেছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।


