পাকিস্তানের কোহাটে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ডিএসপিসহ নিহত ১১
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশের একটি দলের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য।
বুধবার (১১ নভেম্বর) কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান জেব এ তথ্য জানান। হামলায় ১২ জন আহতও হয়েছেন এবং হামলাকারীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশের দলটি কোহাটের গামবাত এলাকায় অবৈধভাবে সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছিল। পথে কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।
পাকিস্তানের দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, পাহাড়ের ওপর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা।
নিহতদের মধ্যে গামবাতের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হায়দার জামান ও উপপরিদর্শক (এসআই) মুখতিয়ার রয়েছেন বলে নিশ্চিত করেছেন কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান।
হামলার সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় বলে মুখপাত্র জানান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।
হামলার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
কোহাটের গামবাত তহসিলে হামলার পর জেলা সদর হাসপাতাল টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
গত কয়েক মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।


