বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা, সারা দেশে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হতে পারে বলেও জানানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (১৫ নভেম্বর) ও সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা বলা হয়েছে, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।



