…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ৩৬তম বাংলাদেশ, শীর্ষে চীন

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ৩৬তম বাংলাদেশ, শীর্ষে চীন
ছবি: সংগৃহীত

২০২৫ সালে বিশ্বে বিদ্যুৎ উৎপাদনের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৬তম। আন্তর্জাতিক জ্বালানি তথ্যের ভিত্তিতে তৈরি তালিকা অনুযায়ী, ওই বছর বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ১০৩ দশমিক ৪ টেরাওয়াট-ঘণ্টা (টিডব্লিউএইচ)।

তালিকাটি প্রকাশ করেছে ডেটাস্ট্যাটস। ২০০ দেশের এই তালিকা তৈরি করা হয়েছে জ্বালানিবিষয়ক গবেষণা সংস্থা এমবারের তথ্যের ভিত্তিতে। তবে কয়েকটি দেশের ক্ষেত্রে বিভিন্ন বছরের সর্বশেষ পাওয়া তথ্য ব্যবহার করা হয়েছে, ফলে তালিকাটি ২০২৫ সালের জন্য পুরোপুরি তুলনাযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে।

তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে চীন। ২০২৫ সালে দেশটি উৎপাদন করেছে ১০ হাজার ৫৭৯ দশমিক ৭ টিডব্লিউএইচ বিদ্যুৎ, যা দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫১৯ দশমিক ৮ টিডব্লিউএইচের দ্বিগুণেরও বেশি। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পৃথক তথ্যেও দেশটির উৎপাদন প্রায় ১০ হাজার ৫৭৫ টিডব্লিউএইচ বলে উল্লেখ করা হয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারত, উৎপাদন ২ হাজার ৮১ দশমিক ৬ টিডব্লিউএইচ। এরপর রয়েছে রাশিয়া (১ হাজার ১৯২ দশমিক ৮ টিডব্লিউএইচ) ও জাপান (১ হাজার ২৯ দশমিক ৯ টিডব্লিউএইচ)।

ষষ্ঠ অবস্থানে ব্রাজিলের উৎপাদন ৭৫০ দশমিক ৫ টিডব্লিউএইচ। এরপর কানাডা (৬৫২ দশমিক ৪ টিডব্লিউএইচ), দক্ষিণ কোরিয়া (৬২৪ দশমিক ৭ টিডব্লিউএইচ), ফ্রান্স (৫৭০ দশমিক ২ টিডব্লিউএইচ) ও জার্মানি (৫০০ দশমিক ৫ টিডব্লিউএইচ) রয়েছে তালিকায়।

বাংলাদেশের উৎপাদন আগের বছরের তুলনায় বেড়েছে। ২০২৪ সালে উৎপাদন ছিল ১০১ দশমিক ৭ টিডব্লিউএইচ; ২০২৫ সালে তা বেড়ে ১০৩ দশমিক ৪ টিডব্লিউএইচ হয়েছে, অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি প্রায় ১ দশমিক ৬ শতাংশ।

গত এক দশকে দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় ৭৪ শতাংশ। ২০১৫ সালে উৎপাদন ছিল ৫৯ দশমিক ৩ টিডব্লিউএইচ, যা ২০২৫ সালে বেড়ে ১০৩ দশমিক ৪ টিডব্লিউএইচে দাঁড়িয়েছে।

তবে বড় উৎপাদক দেশগুলোর সঙ্গে ব্যবধান এখনো অনেক। ২০২৫ সালে চীন বাংলাদেশের তুলনায় ১০০ গুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে, আর প্রতিবেশী ভারতের উৎপাদন ছিল বাংলাদেশের প্রায় ২০ গুণ। এক টেরাওয়াট-ঘণ্টা সমান ১০০ কোটি কিলোওয়াট-ঘণ্টা।

উৎপাদনের উৎসের দিক থেকে বাংলাদেশ এখনো জীবাশ্ম জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এমবারের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশের মোট উৎপাদনের প্রায় ৬৪ দশমিক ৩ শতাংশ এসেছে প্রাকৃতিক গ্যাস থেকে, ২১ দশমিক ৫ শতাংশ কয়লা থেকে এবং ১২ দশমিক ১ শতাংশ তেল ও অন্যান্য জীবাশ্ম জ্বালানি থেকে। সব মিলিয়ে উৎপাদনের প্রায় ৯৮ শতাংশই জীবাশ্ম জ্বালানি থেকে এসেছে।

নবায়নযোগ্য জ্বালানির অবদান ছিল মাত্র ২ শতাংশের কিছু বেশি। এর মধ্যে সৌরবিদ্যুৎ থেকে এসেছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ এবং জলবিদ্যুৎ থেকে শূন্য দশমিক ৬ শতাংশ।

বিশ্বের চিত্র অবশ্য ভিন্ন দিকে এগোচ্ছে। এমবারের গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ ২০২৬ প্রতিবেদন অনুযায়ী, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন কয়লাভিত্তিক উৎপাদনকে ছাড়িয়ে গেছে। বিশ্বের মোট উৎপাদনের ৩৩ দশমিক ৮ শতাংশ এসেছে নবায়নযোগ্য উৎস থেকে, আর কয়লা থেকে এসেছে ৩৩ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌরবিদ্যুৎ উৎপাদনে রেকর্ড প্রবৃদ্ধির ফলে বিশ্বজুড়ে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির প্রায় ৭৫ শতাংশ পূরণ হয়েছে। সৌর ও বায়ুবিদ্যুৎ মিলিয়ে এই চাহিদা বৃদ্ধির প্রায় ৯৯ শতাংশ পূরণ করেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে অসময়ে যমুনার ভাঙন, এক ঘণ্টায় বিলীন ২০ ফুট তীর

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম দুশ্চিন্তা …