সিনেট ফিরে পাওয়া নিয়ে ২০২৮ সালকেও ‘ভুলে যেতে’ বললেন রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ২০২৮ সালেও ফিরে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস। ওয়েস্ট ভার্জিনিয়া থেকে নির্বাচিত এই সিনেটর বলেছেন, পরের ফেডারেল নির্বাচন নিয়ে রিপাবলিকানরা ‘ভুলে যেতে’ পারে।
গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটদের ঢেউ কংগ্রেসের দুই কক্ষেই তাদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। রিপাবলিকানদের দখলে থাকা আটটি সিনেট আসন হাতছাড়া হয়েছে।
বুধবার মিসিসিপির সিনেট আসনে ডেমোক্র্যাট স্কট কলম জয়ী হবেন বলে পূর্বাভাস মেলার পর ডেমোক্র্যাট ককাসের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৫৫টিতে।
আলাস্কায় ডেমোক্র্যাট মেরি পেল্টোলা তাঁর সংকীর্ণ অগ্রগতি ধরে রাখতে পারলে ককাসে আরও একটি আসন যোগ হতে পারে।
ওয়াশিংটন এক্সামিনারকে জিম জাস্টিস বলেন, ‘২০২৮ সাল ভুলে যান। একেবারেই। আমি আশা করি ও প্রার্থনা করি, আমরা যেন প্রেসিডেন্ট পদ না হারাই। কিন্তু এটি এত বড় ধাক্কা যে আমেরিকার জন্য এটি কতটা বিশাল, তা বিশ্বাসের বাইরে।’
জাস্টিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুনসহ অন্য রিপাবলিকানদের সঙ্গে মিলে দলের মধ্যবর্তী নির্বাচনের পরাজয়ের জন্য আংশিকভাবে ইরান যুদ্ধকে দায়ী করেছেন, যার ফলে জ্বালানির দাম বেড়েছে।
এএএ-এর তথ্য অনুযায়ী, পেট্রলের দাম এক বছর আগের তুলনায় গ্যালনপ্রতি প্রায় ৯০ সেন্ট বেশি। বুধবার জাতীয় গড় দাম ছিল গ্যালনপ্রতি প্রায় ৩ ডলার ৯৪ সেন্ট, যা এক বছর আগে ছিল ৩ ডলার ৭ সেন্ট।
জন থুন এ সপ্তাহের শুরুতে সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই, নির্বাচনের ফল আমরা যেমন আশা করেছিলাম তেমন হয়নি। তবে আমার মনে হয়, এর থেকে শিক্ষা নেওয়া এবং আমেরিকার জনগণ আমাদের যে বার্তা পাঠাচ্ছিল, তা আত্মস্থ করা জরুরি।’
২০২৮ সালের নির্বাচনচক্রের জন্য রিপাবলিকানদের সিনেট প্রচার শাখা ন্যাশনাল রিপাবলিকান সিনেটোরিয়াল কমিটির চেয়ারম্যান নির্বাচিত ওহাইওর সিনেটর বার্নি মোরেনো বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে দলের বিপর্যয়কর ফল থেকে রিপাবলিকানদের শিক্ষা নিতেই হবে।
মোরেনো বলেন, ‘আমি খুচরা গাড়ি ব্যবসায় ছিলাম; সেখানে গ্রাহকের কথা না শুনলে গ্রাহক আপনাকে শাস্তি দেয়। আমার মনে হয়, আমাদের তা মেনে নিতে হবে এবং তা থেকে শিখতে হবে।’
এই মধ্যবর্তী নির্বাচনের সঙ্গে ২০০৬ সালের নির্বাচনের তুলনা টানা হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ভোটারদের ক্ষোভ ও একজন রিপাবলিকান প্রেসিডেন্টের নেতৃত্ব নিয়ে প্রশ্নের মধ্যে রিপাবলিকানরা বড় পরাজয় ও অপ্রত্যাশিত ধাক্কার মুখে পড়েছিল।
২০০৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় ডেমোক্র্যাটরা হাউসে ৩১টি ও সিনেটে ছয়টি আসন জিতে কংগ্রেসের দুই কক্ষই পুনর্দখল করেছিল। দুই বছর পর ডেমোক্র্যাটরা তাদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়িয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নির্বাচিত করেছিল।




