‘পর্যটকদের জন্য নয়’—উল্টো প্রচারণায় পর্যটক টানতে চায় তাসমানিয়া

অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়া পর্যটকদের উদ্দেশে বলছে, এই দ্বীপ ‘আসলে পর্যটকদের জন্য নয়’। তবে এটি পর্যটকদের ফিরিয়ে দেওয়ার ঘোষণা নয়; ট্যুরিজম তাসমানিয়ার নতুন প্রচারণাটি সাজানো হয়েছে উল্টো মনোবিজ্ঞানকে কাজে লাগিয়ে, যাতে ভিড় এড়িয়ে চলতে চাওয়া ভ্রমণপিপাসুরা এই দ্বীপের দিকেই আকৃষ্ট হন।
প্রচারণার পেছনের যুক্তি হিসেবে গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে—গবেষণায় দেখা গেছে, ‘পর্যটকরা নিজেদেরই অপছন্দ করেন’। অর্থাৎ অনেকেই নিজেকে ‘ট্যুরিস্ট’ বা পর্যটক পরিচয় দিতে চান না; অস্ট্রেলীয়রা বরং নিজেদের ‘ট্রাভেলার’ বা ভ্রমণকারী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন, এমন ধারণার ওপর দাঁড়িয়েই প্রচারণাটি তৈরি।
প্রচারণায় যুক্ত করা হয়েছে এসবিএসের সাবেক সংবাদ পাঠিকা লি লিন চিনকে। তিনি বেশির ভাগ সময় অনলাইনের বাইরে থাকেন, মোবাইল ফোনও ব্যবহার করেন না। প্রচারণার ভিডিওগুলোতে তিনি তাসমানিয়ার হাঁটার পথগুলো ঘুরে দেখছেন।
প্রচারণার কেন্দ্রীয় ভিডিওতে দেখা যায়, ‘বিশ্ববিখ্যাত’ একটি পেস্ট্রির জন্য এক ব্যক্তিকে একটি অন্তহীন লাইনের একেবারে শেষে পাঠিয়ে দেওয়া হচ্ছে। একপর্যায়ে তিনি সেই লাইন ছেড়ে তাসমানিয়ার প্রকৃতির নির্জনতা খুঁজে নেন।
ট্যুরিজম তাসমানিয়ার প্রধান নির্বাহী সারাহ কিংস্টন ক্লার্ক বলেছেন, প্রচারণাটি ইচ্ছাকৃতভাবেই রসিকতাপূর্ণ, দর্শনার্থীবিরোধী নয়। তার ভাষায়, এটি আধুনিক ভ্রমণের ‘টানাপোড়েন’কেই তুলে ধরে।
তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও ঐতিহ্য পর্যটনের অধ্যাপক ক্যান-সেং উই গবেষণার সেই টানাপোড়েনের দিকটি তুলে ধরেছেন। তিনি বলেন, ‘গবেষণায় দেখা গেছে, পর্যটকরা নিজেদের অপছন্দ করেন। তারা একে অপরকে এড়িয়ে চলতে চান।’
উইর মতে, এই প্রচারণার লক্ষ্য হলো ‘নীরবতা’ খুঁজতে থাকা চাপে থাকা মানুষ, বিশেষ করে মূল ভূখণ্ডের শহরগুলোতে বসবাসকারীরা। তিনি বলেন, এটি সেই ধরনের পর্যটকের কথা বলে, যেমনটা মানুষ নিজে হতে চায়; ‘পর্যটক’ শব্দটির নেতিবাচক অর্থের কারণেই মানুষ নিজেকে ‘ভ্রমণকারী’ হিসেবে দেখতে পছন্দ করেন।
স্ক্যান্ডিনেভিয়ায় ২০ বছর বসবাস করে আঞ্চলিক গন্তব্যের উন্নয়নে পর্যটন, সংস্কৃতি ও ঐতিহ্যের ভূমিকা নিয়ে গবেষণা করেছেন উই। তার মতে, প্রচারণার বার্তা ও দৃশ্যায়ন খুবই স্ক্যান্ডিনেভীয় ধাঁচের—সনা, ভিনাইল রেকর্ড, বইয়ের মতো উপাদান রয়েছে এতে। তিনি বলেন, ঠান্ডা উত্তরের বদলে এখানে ঠান্ডা দক্ষিণের কথা বলা হচ্ছে; এটি একটি শান্ত জায়গা, যেখানে সময় ধীরে চলে।
কিউইউটির ব্যবস্থাপনা স্কুলের সহযোগী অধ্যাপক চার-লি ম্যাকলেনান বলেছেন, প্রচারণায় ‘উল্টো মনোবিজ্ঞানের একটি উপাদান’ ব্যবহার করা হয়েছে, যা দর্শনার্থীদের পরিচিত জনপ্রিয় জায়গাগুলোর বাইরে ঠেলে দিয়ে আঞ্চলিক অর্থনীতির উপকার করতে পারে। তবে তার মতে, প্রচারণার সাফল্য নির্ভর করবে তাসমানিয়া ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা এর প্রতিশ্রুতির সঙ্গে মেলে কি না এবং আঞ্চলিক সম্প্রদায়ের জন্য অর্থবহ অর্থনৈতিক সুফল আসে কি না, তার ওপর।
ইউটিএসের বিপণন বিশেষজ্ঞ অধ্যাপক ডেভিড ওয়ালার বলেছেন, তাসমানিয়ার ‘কাম ডাউন ফর এয়ার’ ভাবটি ‘পর্যটকবিরোধী’ কম, বরং ‘অতিরিক্ত ভিড় ও লাইনে দাঁড়ানো পর্যটন গন্তব্যের বিরোধী’ বেশি। লি লিন চিন সম্পর্কে তিনি বলেন, তিনি এই বার্তায় হাস্যরস যোগ করেছেন; চিন একজন আইকন—বুদ্ধিমতী, অগ্রণী ধাঁচের এবং তার হাস্যরস শুষ্ক প্রকৃতির।



