বাকলিয়ায় সুবাহান হত্যায় নারীসহ গ্রেপ্তার ২, অস্ত্র ও ছুরি উদ্ধার
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর সুবাহান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, তক্তারপুল এলাকায় আব্দুর সুবাহানের বাড়ির সামনের গলির মুখে এসে শওকত গ্রুপের লোকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়।
মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকার আধিপত্য জানান দিতে এ হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় গুরুতর আহত হন সুবাহান। স্বজনেরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাকলিয়া থানা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করে।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, সুবাহান হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।



