ব্রিটেন থেকে উপসাগর পর্যন্ত: যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিক ঘাঁটিই এখন দায় হয়ে উঠছে
কয়েক দশক ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে দূরবর্তী যুদ্ধ পরিচালনা ও মিত্রদের সুরক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধের পর সেই হিসাব বদলে যাচ্ছে—ঘাঁটি আয়োজক বন্ধু দেশগুলোর জন্যও, ওয়াশিংটনের জন্যও।
১৯৯৯ সালের মার্চে এক সকালে যুক্তরাষ্ট্রের একটি বি-৫২ বোমারু বিমান ব্রিটেনের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে দক্ষিণ-পূর্ব দিকে উড়ে যায়। দুই মিনিট ব্যবধানে আরও সাতটি জেট তার পিছু নেয়। সেটি ছিল যুগোস্লাভিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বোমাবর্ষণের শুরু, যেখানে ফেয়ারফোর্ড মার্কিন জেটের প্রধান উৎক্ষেপণকেন্দ্র ও যুদ্ধবিমানের জ্বালানি স্টেশন হিসেবে কাজ করেছিল।
একই ঘাঁটি ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধেও একই ভূমিকা পালন করেছিল। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রাথমিক পর্যায়েও ঘাঁটিটি ব্যবহৃত হয়।
কিন্তু গত অক্টোবরে যুক্তরাষ্ট্র ফেয়ারফোর্ড থেকে তার ১২টি বি-১ ল্যান্সার বোমারু বিমানই সরিয়ে নেয়। ক্রমবর্ধমান ইরানি হুমকির মুখে বিমানগুলো সেখানে আর নিরাপদ নয় বলেই এই সিদ্ধান্ত। তার কয়েক দিন আগে ব্রিটিশ নিরাপত্তা বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করে এবং ব্রিটেন সরকার ঘাঁটিটিকে লক্ষ্য করে ষড়যন্ত্রের পেছনে ইরান রয়েছে বলে অভিযোগ তোলে—যা তেহরান অস্বীকার করেছে।
ফেয়ারফোর্ড একা নয়। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র আরেক ব্রিটিশ ঘাঁটি আরএএফ মিল্ডেনহল থেকেও ডজনখানেক বিমান প্রত্যাহার করেছে। জুলাই মাসে খবর আসে, ইরানের হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত উপসাগরীয় ঘাঁটিগুলো থেকে যুক্তরাষ্ট্র অনেক সামরিক সম্পদ সরিয়ে জর্ডানের ঘাঁটিতে নিচ্ছে, এমনকি সেগুলো ইসরায়েলে স্থানান্তরের প্রস্তাবও বিবেচনা করছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি করতে পেরেছে এবং যুক্তরাজ্য পর্যন্ত হুমকি পৌঁছে দিতে সক্ষম হয়েছে। ফলে এই গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদগুলো প্রথমবারের মতো মার্কিন মিত্র ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই সম্ভাব্য দায়ে পরিণত হয়েছে।
ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন বলেন, ‘মার্কিন নিরাপত্তা ছাতা দ্বিমুখী তলোয়ারে পরিণত হচ্ছে। মার্কিন ঘাঁটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে ঘাঁটিগুলোর কৌশলগত সুবিধা নিয়ে ওয়াশিংটনের হিসাব বদলে যায়। ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় ইউরোপীয় ও উপসাগরীয় দেশগুলোরও এ নিয়ে গুরুত্ব দিয়ে ভাবার কারণ তৈরি হয়।’
মার্কিন ঘাঁটি আয়োজন দীর্ঘদিন ধরেই ইউরোপ, উপসাগর বা পূর্ব এশিয়ার মার্কিন মিত্রদের নিজেদের হুমকি প্রতিরোধের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একসময় উপসাগরীয় নিরাপত্তায় ‘লৌহদৃঢ় প্রতিশ্রুতি’র কথা বলেছিলেন, আর ব্রিটেন নিয়মিত যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ‘বিশেষ সম্পর্ক’র কথা তুলে ধরে।
তবে ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত সাম্প্রতিক নিরাপত্তা ঘটনাগুলো সেই ধারণাকে পরীক্ষার মুখে ফেলেছে এবং প্রশ্ন তুলেছে—এই প্রতিশ্রুতিগুলো আসলে কার স্বার্থ রক্ষা করে, এবং মার্কিন বাহিনী আয়োজন কি বিপদকে বাড়ির কাছাকাছি টেনে আনছে।
মার্কিন প্রসিকিউটররা ইরান-সমর্থিত কর্মী হিসেবে বর্ণনা করা তিন ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে প্রায় ২০টি হামলার ছক কষার অভিযোগ এনেছেন, যার মধ্যে আরএএফ ফেয়ারফোর্ডও রয়েছে।
উপসাগরীয় অঞ্চলে ইরান মার্কিন ঘাঁটির উপস্থিতিকেই প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করার যুক্তি হিসেবে তুলে ধরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে বোমাবর্ষণ করেছে। স্থায়ী মার্কিন ঘাঁটি না থাকা ওমানেও হামলা চালিয়েছে ইরান; উপসাগরের বাইরে প্রধান মার্কিন সামরিক স্থাপনা থাকা জর্ডান ও ইরাকেও হামলা হয়েছে।
সেপ্টেম্বরে প্রকাশিত পেন্টাগনের তদারকি সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইরানি হামলায় কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও ওমানের মার্কিন সামরিক স্থাপনার শত শত ভবন ও কাঠামো ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে।




