ইউরোপজুড়ে চীনের শত শত ‘পুলিশি ঘাঁটি’, প্রবাসীদের ওপর নজরদারির অভিযোগ প্রতিবেদনে
বেইজিং বিশ্বের ৯০টির বেশি দেশে প্রায় ১ হাজার ২৫০টি বিদেশি পুলিশি ঘাঁটি তদারকি করছে ভিন্নমতাবলম্বীদের দমনের জন্য—মানবাধিকার সংগঠন সেফগার্ড ডিফেন্ডার্সের এক প্রতিবেদনে এমন অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে ইউরোপকে এই তৎপরতার একটি কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে দুই ডজনের মতো দেশে ছড়িয়ে আছে বেইজিংয়ের শত শত পুলিশি কার্যালয়।
স্পেনভিত্তিক এই সংগঠনের গবেষকেরা চীনের দলীয়-রাষ্ট্রীয় কাঠামোর উন্মুক্ত সূত্রের তথ্য সংগ্রহ করে পরীক্ষা করেছেন, বিশ্বজুড়ে চীনা প্রবাসীদের কতটা নজরদারি, পর্যবেক্ষণ ও পুলিশি নিয়ন্ত্রণের মধ্যে রাখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পুলিশি ঘাঁটিগুলো বিদেশে কমিউনিটি নজরদারি ও নিয়ন্ত্রণে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হিসেবে কাজ করে।
প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ পেল, যা ইউরোপের বাণিজ্য কর্মকর্তাদের জন্য অস্বস্তিকর। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য বিভাগের প্রধান দিত্তে জুল জর্গেনসেন বৃহস্পতিবার ব্রাসেলসে চীনের উপ-বাণিজ্যমন্ত্রী লিং জির সঙ্গে বৈঠক করবেন। ইইউ বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ভারসাম্য রক্ষার চেষ্টা করে আসছে।
ইউরোপ বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। জানুয়ারিতে প্রস্তাবিত ইইউ আইনে সাইবার নিরাপত্তা উদ্বেগের কারণে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পগুলো থেকে ঝুঁকিপূর্ণ চীনা সরবরাহকারীদের সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সরবরাহ শৃঙ্খলনির্ভরতা ও রাজনৈতিক চাপও চলমান চ্যালেঞ্জ। ইইউর শীর্ষ কূটনীতিক কায়া ক্যালাস রাশিয়ার ইউক্রেন যুদ্ধে চীনের সহায়তা এবং রাশিয়ার সামরিক বাহিনীকে চীনের প্রশিক্ষণ দেওয়ার বিশ্বাসযোগ্য প্রতিবেদন নিয়েও উদ্বেগ জানিয়েছেন।
এই প্রতিবেদন সেফগার্ড ডিফেন্ডার্সের ২০২২ সালের প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। সেবার বিশ্বজুড়ে ১০০টির বেশি এমন স্থাপনা শনাক্ত করা হয়েছিল, যেগুলোকে সংগঠনটি চীনের নিরাপত্তা যন্ত্রের বিদেশি ঘাঁটি বলে বর্ণনা করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, বেইজিং ‘২১টি দেশের ২৫টি শহরে ৩০টি বিদেশি পুলিশ সেবাকেন্দ্রের প্রথম ব্যাচ’ চালুর ঘোষণা দিয়েছিল।
ওই তথ্য প্রকাশের পর কয়েকটি সরকার এসব বিদেশি পুলিশ স্টেশনকে অবৈধ বলে নিন্দা জানায় এবং কেউ কেউ ফৌজদারি তদন্ত শুরু করে বলে সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে সংগঠনটি। জবাবে বেইজিং দাবি করেছিল, স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
কিন্তু নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ তো হয়ইনি, বরং এগুলো আরও বেড়েছে। প্রতিবেদনের ভাষ্য, এখন চীনের পাঁচটি প্রদেশের ১০টির বেশি পুলিশ বাহিনী বিদেশে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের একটি বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে কাজ করছে।
সর্বশেষ এই গবেষণাপত্রটি হেগে ইন্টার-পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না (আইপ্যাক) আয়োজিত এক সম্মেলনে উপস্থাপন করা হয় এই মাসের শুরুতে। আইপ্যাক হলো ৩০টি দেশের ৫২ জন আইনপ্রণেতার একটি জোট, যারা চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের পক্ষে প্রচারণা চালায়। সম্মেলনে নীতিনির্ধারকেরা গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা হুমকি, বাণিজ্যনির্ভরতা এবং চীন-তাইওয়ান সম্ভাব্য সংঘাতের ঝুঁকি নিয়ে উদ্বেগ জানান।
এই প্রতিবেদন সম্পর্কে মন্তব্যের অনুরোধে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নে চীনের মিশন সাড়া দেয়নি। চীন এর আগে বিদেশে পুলিশ স্টেশন চালানোর অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এবং আন্তর্জাতিক আইন মেনে চলে। ২০২৩ সালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ‘পুলিশ স্টেশন’ শব্দটি প্রত্যাখ্যান করে বলেছিলেন, ওই প্রতিষ্ঠানগুলো মহামারির কারণে চীনে ফিরতে না পারা প্রবাসী চীনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও শারীরিক পরীক্ষায় সহায়তা করত।
প্রতিবেদনের লেখক লরা হার্টের ভাষ্য, এই ১ হাজার ২৫০টি কার্যালয় ‘বরফখণ্ডের চূড়ামাত্র’। তিনি বলেন, সংগঠনটি রক্ষণশীলভাবে এগুলো গণনা করেছে—কেবল সেগুলোকেই ধরা হয়েছে, যেগুলো আনুষ্ঠানিকভাবে চীনের পুলিশ বা প্রসিকিউটরদের সঙ্গে যুক্ত এবং যাদের বিদেশি তৎপরতার উন্মুক্ত প্রমাণ রয়েছে। ফলে বৃহত্তর প্রভাব বা হস্তক্ষেপমূলক কার্যক্রম বাইরে রয়ে গেছে। তাঁর ভাষায়, এগুলো সবই প্রবাসী সম্প্রদায়কে নিয়ন্ত্রণ ও ভয় দেখানোর কাজ করে এবং প্রতিটি একটি স্থায়ী জাতীয় নিরাপত্তা ঝুঁকি।
ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটি ও চীন প্রতিনিধি দলের সদস্য স্লোভাক এমইপি মিরিয়াম লেক্সমান বলেছেন, চীনের সৃষ্ট নিরাপত্তা হুমকি সম্পর্কে মানুষের আরও সচেতন হওয়া দরকার। তিনি বলেন, এর অর্থ হলো আমাদের মুক্ত দেশগুলো আর সবার জন্য মুক্ত নয়, কারণ সেখানে থাকা মানুষের বাকস্বাধীনতা ও আচরণের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। মুখ শনাক্তকরণ প্রযুক্তি ও যোগাযোগে হস্তক্ষেপের মাধ্যমে চীনের নজরদারিকে তিনি সাবেক সোভিয়েত যুগের গোপন পুলিশ স্টাসির আচরণের সঙ্গে তুলনা করে বলেছেন, এখন প্রযুক্তি অনেক বেশি উন্নত হওয়ায় এটি আরও ভয়ংকর।
আইপ্যাক সম্মেলনে অংশ নেওয়া আইনপ্রণেতাদের প্রধান উদ্বেগ ছিল রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক এবং ক্রেমলিনের ইউক্রেন যুদ্ধে বেইজিংয়ের সহায়তা। সম্মেলনের সহ-সভাপতি ডাচ আইনপ্রণেতা ইয়ান পাটেরনোত্তে বলেছেন, তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়ার পথ ইউক্রেন ও কিয়েভে যা ঘটছে, তার মধ্য দিয়েই যেতে পারে।

