…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

ভারতে ফোন হ্যাকিং প্রযুক্তি কেনা সহজ করল সরকার, ইসরায়েলি সেলিব্রাইটকে বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক
ভারতে ফোন হ্যাকিং প্রযুক্তি কেনা সহজ করল সরকার, ইসরায়েলি সেলিব্রাইটকে বিশেষ ছাড়
ছবি: সংগৃহীত

ভারতের তদন্ত সংস্থাগুলোর জন্য মোবাইল ফোন হ্যাকিং ও ডিজিটাল নজরদারির প্রযুক্তি কেনার পথ সহজ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির বাধ্যবাধকতা থেকে বিশেষ ছাড় পেয়েছে ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলিব্রাইট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ফলে ভারতের বিভিন্ন তদন্ত সংস্থা সেলিব্রাইটের তৈরি ফোন হ্যাকিং ও ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি সহজে কিনতে পারবে।

প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তে সরাসরি অনুমোদন দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) অনুসন্ধান করে অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য সরকারি ফরেনসিক প্রতিষ্ঠানগুলোর কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়ার তথ্য পেয়েছে।

গত ৭ জানুয়ারি অমিত শাহের স্বাক্ষর করা একটি চিঠিতে এসব প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রে এক বছরের জন্য বিস্তৃত ছাড় দেওয়া হয়। পরে ২০ জানুয়ারি আরেকটি চিঠির মাধ্যমে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএকে সেলিব্রাইটের ‘প্রিমিয়াম টুল’ তিন বছরের লাইসেন্সে কেনার অনুমতি দেওয়া হয়। এর মূল্য প্রায় ৫ কোটি রুপি বা ৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

আইএফএফের তালিকায় ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিকের জন্য ১১৮টি প্রযুক্তিপণ্যের উল্লেখ রয়েছে। এর মধ্যে সেলিব্রাইটের পাথফাইন্ডার, ইনসিয়েটস অন-প্রিমিস প্রো এবং ইনসিয়েটস অফলাইন সফটওয়্যারও রয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, দিল্লি পুলিশের একটি দরপত্রে এমন সফটওয়্যার চাওয়া হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন অপারেটিং সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে মোবাইল ফোন ও কম্পিউটারে প্রবেশ করা যাবে। এসব ডিভাইস থেকে ব্রাউজিং ইতিহাস, মুছে ফেলা ফাইল, ভিপিএন ব্যবহারের তথ্য এবং বিভিন্ন মেসেজিং অ্যাপের উপাত্ত সংগ্রহের সক্ষমতাও চাওয়া হয়েছে।

এ ছাড়া আরেকটি প্রযুক্তির মাধ্যমে গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামসহ শতাধিক ক্লাউড সেবার তথ্য সংগ্রহের সক্ষমতা চাওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জব্দ করা ডিভাইস থেকে পাওয়া লগইন তথ্য বা টোকেন ব্যবহার করেও এসব অনলাইন সেবায় প্রবেশ করা সম্ভব হতে পারে।

তবে এ ধরনের প্রযুক্তি ব্যবহারের ফলে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ডিজিটাল অধিকারকর্মী ও আইনজীবীরা। আইনজীবী বৃন্দা ভান্ডারির মতে, ভারতে নজরদারির সক্ষমতা ক্রমেই বিস্তৃত ও গভীর হচ্ছে। অথচ জোর করে মোবাইল ফোন আনলক করা কিংবা ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়ে দেশটিতে সুনির্দিষ্ট আইন ও পর্যাপ্ত তদারকির ব্যবস্থা নেই।

উল্লেখ্য, ২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট ব্যক্তিগত গোপনীয়তাকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তিগত গোপনীয়তায় রাষ্ট্রের হস্তক্ষেপের ক্ষেত্রে যথাযথ আইনি ভিত্তি, বৈধ উদ্দেশ্য ও আনুপাতিকতার শর্ত পূরণ করতে হয়।

এর আগে ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নজরদারির আওতায় আনার অভিযোগ উঠেছিল। এবার সেলিব্রাইটের প্রযুক্তি কেনার সুযোগ সহজ করায় দেশটিতে রাষ্ট্রীয় নজরদারি ও নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

প্রযুক্তিতে বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে আছি: খুলনায় ডিজিটাল কম্পিউটার ফেয়ার উদ্বোধনে কেসিসি প্রশাসক মঞ্জু

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন খুলনা…

বিশ্বজুড়ে বিভ্রাটের পর সব গ্রাহকের কাছে সেবা ফিরল, জানাল মাইক্রোসফট
প্রযুক্তি

বিশ্বজুড়ে বিভ্রাটের পর সব গ্রাহকের কাছে সেবা ফিরল, জানাল মাইক্রোসফট

বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের পর সব ক্ষতিগ্রস্ত গ্রাহক ও অঞ্চলে সেবা পুরোপুরি ফিরিয়ে আনার কথা জানিয়েছে মাইক্রোসফট। শনিবার সকালে কোম্পানিটি জানায়, …

আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে এই ডিজিটাল ঠিকানা
প্রযুক্তি

আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে এই ডিজিটাল ঠিকানা

ইন্টারনেটে কোনো ওয়েবসাইট খোলা, ছবি দেখা কিংবা ফাইল ডাউনলোড করার সময় অসংখ্য তথ্য এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে আদান–প্রদান হয়। এই যোগাযোগের পুরো প্রক্…

জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরানোর দাবিতে সমর্থন ইলন মাস্কের, পিটিশনে সই করার কথা জানালেন তিনি
প্রযুক্তি

জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরানোর দাবিতে সমর্থন ইলন মাস্কের, পিটিশনে সই করার কথা জানালেন তিনি

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরিয়ে আনার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন টেসল…