আবুধাবি শান্তি আলোচনা শেষের কয়েক ঘণ্টা পরই কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ১২৩ ড্রোন হামলা রাশিয়ার
আবুধাবিতে শান্তি আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২৩টি হামলাকারী ড্রোন দিয়ে হামলা চালায় ক্রেমলিন।
ইউক্রেন ৯৪টি হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে, তবে কোনো ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি বলে জানা গেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, শহরে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। জরুরি সেবা বিভাগ রিভনে ও ঝিতোমির অঞ্চলে অগ্নিকাণ্ডের খবরও জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার দায় স্বীকার করে বলেছে, ড্রোন উৎপাদনকেন্দ্র ও বিদ্যুৎ সাবস্টেশন ছিল তাদের লক্ষ্য। মস্কো আরও জানিয়েছে, রাতে আটটি অঞ্চলের ওপর দিয়ে আসা প্রায় ৭০টি ইউক্রেনীয় ড্রোন তারা ভূপাতিত করেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আরেক দফা ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল।
আলোচনায় দুই পক্ষ আরেকটি বড় বন্দিবিনিময়ের প্রস্তুতি নিতে রাজি হলেও ভূখণ্ডের প্রশ্ন ও ভবিষ্যৎ আলোচনায় ইউরোপের অংশগ্রহণসহ অন্যান্য বিষয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে বলে জানা গেছে।
ইউক্রেনীয় প্রতিনিধিদলের সদস্য দাভিদ আরাখামিয়া আলোচনাকে এখন পর্যন্ত সবচেয়ে কঠিনগুলোর একটি বলে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্য, রুশরা কঠোর দাবি তুলেছে এবং সমঝোতার সুযোগ খুব কম রেখেছে।
রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি আলোচনার পর বলেছেন, ‘আমাদের ভূমির প্রতিটি ইঞ্চি ফিরিয়ে আনা হবে।’ ইউক্রেনীয় ভূখণ্ড দাবির পাশাপাশি ক্রেমলিন ইউরোপে নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার কথাও বলেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সর্বশেষ দফার আলোচনায় ভূখণ্ড ছিল আলোচিত বহু বিষয়ের একটি। মার্কিন মধ্যস্থতাকারীরা মূলত দনবাস অঞ্চলকে কেন্দ্র করে ভূখণ্ড বিরোধ মেটানোর বিভিন্ন উপায়ে মনোযোগ দিয়েছেন।
বুধবার ডাবলিনে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘তারা বিশ্বাস করে, এই যুদ্ধ থামাতে হলে আমাদের নিজেদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে। আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে এমনভাবে কথা বলা অসম্ভব। তারা এর বিভিন্ন রূপ খুঁজে বের করার চেষ্টা করছে, আমি নানা কথা শুনেছি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের ওপর চাপ দিয়ে আসছেন যেন তারা রাশিয়ার ভেতরে জ্বালানি লক্ষ্যবস্তুতে হামলা না চালায়।

