আওয়ামী লীগের নিজেদের করা আইনেই তাদের বিচার হচ্ছে, জুলাই-আগস্ট হত্যার বিচার এ দেশের মাটিতেই হবে: মীর শাহে আলম
বিগত সরকারের আমলে তৈরি করা মানবতাবিরোধী অপরাধের আইনেই এখন আওয়ামী লীগের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং পলাতক ব্যক্তিদের দেশে ফেরার গুঞ্জন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমকর্মীদের বিরত থাকা উচিত। তাঁর ভাষায়, ‘অনেকে বলেন পাসপোর্ট দেওয়া হচ্ছে বা অমুক ফিরছেন। আমি শুধু একটি আইনের কথা মনে করিয়ে দিতে চাই, যে আইনটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নিজেই করে গেছে।’
মীর শাহে আলম বলেন, মানবতাবিরোধী অপরাধ আইনের ৪৭(এ) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। তিনি বলেন, ‘তারা নিজেরাই আইন করে তাদের অধিকার খর্ব করে রেখেছে। আজ সেই আইনের ফাঁদেই তারা পড়েছে।’
তিনি বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় সরকারের বিদ্যমান পাঁচটি স্তরের পাশাপাশি স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের কাজ চলছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে ২০০৩ সালে বেগম খালেদা জিয়া স্বনির্ভর গ্রাম সরকার আইন প্রণয়ন করেছিলেন, যা ২০০৯ সালে বাতিল করা হয়। নতুন করে এই ব্যবস্থা চালু হলে গ্রামের ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আটজনকে মরণোত্তর এবং ছয়জনকে আজীবন সম্মাননাসহ মোট ১৪ জনকে সম্মাননা প্রদান করা হয়।
মরণোত্তর সম্মাননা পেয়েছেন আমানুল্লাহ খান, জাহিদুর রহমান জাদু, খন্দকার আব্দুর রহিম, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লিমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মহন্ত শানু ও ইকবাল মুর্শেদ রিপন। আজীবন সম্মাননা পেয়েছেন পশিমুর রহমান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বোগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান সুমন।


