যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক গণতান্ত্রিক সমাজতন্ত্রী মেয়র, এখন প্রমাণের পালা সাশ্রয়ী জীবনের প্রতিশ্রুতি

যুক্তরাষ্ট্রজুড়ে গত সপ্তাহে প্রগতিশীল প্রার্থীদের জয়ের ধারায় ঐতিহাসিক সংখ্যক সমাজতন্ত্রী ক্ষমতায় এসেছেন—কংগ্রেসে, রাজ্য আইনসভায় এবং আমেরিকার বড় বড় শহরের নেতৃত্বে। ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) সদস্যেরা এখন এসব পদের দায়িত্ব নিতে যাচ্ছেন।
ডিএসএ সদস্য নিত্যা রমন নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের নেতৃত্বে, আর জ্যানিস লুইস জর্জ হয়েছেন রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র পদে নির্বাচিত। আরও দুই তরুণ ডিএসএ সদস্য—ডেভিড মোরালেস রোড আইল্যান্ডের প্রভিডেন্সের এবং ইউসুফ রাবহি মিশিগানের অ্যান আর্বরের মেয়র নির্বাচিত হয়েছেন।
তাঁরা যোগ দেবেন ভারমন্টের বার্লিংটন ও ক্যালিফোর্নিয়ার আরভাইনের মতো ছোট শহরের হাতে গোনা সমাজতন্ত্রী মেয়রদের সঙ্গে। এই তালিকায় রয়েছেন জোহরান মামদানিও—যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কের গণতান্ত্রিক সমাজতন্ত্রী মেয়র।
নিউইয়র্ক সিটির ডিএসএ শাখার রাজনীতিতে বেড়ে ওঠা মামদানিকে তাঁর বিস্ময়কর উত্থানের আগে সম্ভাবনাহীন প্রার্থী হিসেবে দেখা হতো। এখন তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিকদের একজন, এবং তাঁর নির্বাচনের কৃতিত্ব দেওয়া হচ্ছে সারা দেশে এবং ব্যালটের সব ধাপে গণতান্ত্রিক সমাজতন্ত্রীদের ঐতিহাসিক সংখ্যায় জয়ের অনুপ্রেরণা হিসেবে।
আগামী জানুয়ারিতে কংগ্রেসে ডিএসএ সদস্যের সংখ্যা চার গুণ বেড়ে দাঁড়াবে আটজনে, আর স্থানীয়, রাজ্য ও জাতীয় পর্যায়ে ১০০-এর বেশি ডিএসএ-সমর্থিত প্রার্থী দায়িত্বে থাকবেন।
তবে ডিএসএ মেয়রদের সামনে সুযোগটা আলাদা রকমের। আবর্জনা তোলা থেকে তুষারপাতের দিনের ব্যবস্থাপনা পর্যন্ত শাসনের দৈনন্দিন বিষয়গুলোতে তাঁদের কর্তৃত্ব রয়েছে। এই নির্বাহী দায়িত্ব থেকেই তাঁরা জনগণের কাছে প্রমাণ করতে পারবেন, সাশ্রয় আর অন্তর্ভুক্তির আদর্শ শ্রমজীবী মানুষের জীবন উন্নত করতে পারে—যা ডিএসএ-র দৃষ্টিভঙ্গির মূল কথা।
রাটগার্স বিশ্ববিদ্যালয়ের শ্রম অধ্যয়নের সহকারী অধ্যাপক ও ডিএসএ সদস্য এরিক ব্ল্যাংক বলেন, ‘এটা নির্বাহী পদ, তাই এখানে ঝুঁকি আসলে বেশি।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে এ বছর শরতের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের মেয়রদের এক সমাবেশে মামদানি বলেছিলেন, ‘রাজনীতি যদি আপনার বাসার গলিতে সেবা পৌঁছে দিতে না পারে, তাহলে আপনি কেন বিশ্বাস করবেন যে তা অন্য কোথাও পারবে? একজন নিউইয়র্কবাসীর জীবন একটু সহজ করতে পারলে, সরকারের সেবা দেওয়ার সক্ষমতায় তাঁর বিশ্বাসের যাত্রাও সহজ হয়।’ নিউইয়র্ক টাইমসের বর্ণনা অনুযায়ী, গর্ত ভরাটে তাঁর মনোযোগ ব্যাখ্যা করতেই তিনি এসব কথা বলেছিলেন—তাঁর কার্যালয়ের হিসাব, দায়িত্ব নেওয়ার পর তিনি দুই লাখের বেশি গর্ত মেরামত করেছেন।
মামদানির মতোই নবনির্বাচিত ডিএসএ মেয়রেরা সাশ্রয় এবং মানুষের জীবনে বাস্তব উন্নতির প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়েছেন। নগর-পরিকল্পনাবিদ রমন প্রতিশ্রুতি দিয়েছেন আরও আবাসন ও গণপরিবহনের উন্নতির। লুইস জর্জ প্রচার চালিয়েছেন সবার জন্য শিশুযত্ন, সরকারি আবাসন এবং ভাড়াটেদের জন্য আরও ভালো সুরক্ষার প্রতিশ্রুতিতে। মোরালেস সাশ্রয়ী আবাসনের প্রস্তাব দিয়ে করপোরেশনগুলোকে সরকারি শিক্ষা ও নগর সেবায় বড় অংশ অবদান রাখার আহ্বান জানিয়েছেন। রাবহি প্রতিশ্রুতি দিয়েছেন ডেটা সেন্টারের বিরুদ্ধে লড়াই এবং ইউটিলিটি খরচ সাশ্রয়ী রাখার।
সমালোচকেরা সাধারণত পৌর শাসনের সঙ্গে সম্পর্কহীন বিতর্কে মনোযোগ দিলেও মামদানি মন দিয়েছেন ভাড়া স্থগিত রাখা, সবার জন্য শিশুযত্ন এবং ধনীদের ওপর কর আরোপের মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে।
ব্ল্যাংক বলেন, ‘শহরের আসন্ন পতনের সব পূর্বাভাসের বিপরীতে জোহরান ইতিমধ্যে ধারণাটির প্রমাণ দিয়েছেন। গণতান্ত্রিক সমাজতান্ত্রিক শাসন কেমন হতে পারে, তা তিনি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন।’ তিনি আরও বলেন, অন্যেরা এই মডেল অনুসরণ করতে পারলে—ধনী ও ক্ষমতাবানদের বিরুদ্ধে বড় লড়াই নিয়ে মানুষকে দেখাতে পারলে যে তাদের জীবন ভালো করা সম্ভব—তাহলেই শাসনের আসল কঠিন পরিস্থিতিগুলো এড়ানো সম্ভব হবে।
সিয়াটলের মেয়র কেটি উইলসন—যিনি নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী বললেও ডিএসএ সদস্য নন—এর সঙ্গে একমত। তিনি মেয়রের কাজকে ‘পৃথিবীর সেরা কাজ’ আখ্যা দিয়ে বলেন, এই পদে বড় স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা আর মূল্যবোধের পাশাপাশি বাতি জ্বালিয়ে রাখার মতো খুঁটিনাটি কাজও রয়েছে। তাঁর ভাষ্য, সমাজতন্ত্রী ও প্রগতিশীলরা ক্ষমতায় এসে এই খুঁটিনাটি বিষয়গুলো ঠিকমতো করা এবং মৌলিক কাজগুলো ভালোভাবে করাটা খুবই গুরুত্বপূর্ণ।
গত সপ্তাহের ভূমিধস জয়ের পর ক্রমবর্ধমান সংখ্যক প্রগতিশীল যখন ডেমোক্র্যাটদের ‘ফল দেওয়ার’ আহ্বান জানাচ্ছেন, তখন ফল দেখানোর প্রথম দায়িত্ব পড়বে মেয়রদের ওপরই। উইলসন বলেন, তাঁদের নিজেদের নাগালের মধ্যে যা আছে তা পূরণ করা উচিত এবং যেসব তৃণমূল সংগঠক তাঁদের নির্বাচিত হতে সাহায্য করেছেন, তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ কর্মসম্পর্ক রাখা উচিত।
উইলসন বলেন, ‘এই মুহূর্তে প্রগতিশীল ও সমাজতন্ত্রীদের ভোট দিয়ে মানুষ যা নিশ্চিত করছেন, তা হলো—মানুষের জীবন উন্নত করার সরকারের ক্ষমতায় আমরা বিশ্বাস করি।’ এমনকি সেবা দেওয়ার সক্ষমতা পৌর কর্তৃত্বের বাইরে চলে গেলেও মেয়রের উচিত মানুষকে দেখানো যে তিনি তাঁদের জন্য লড়ছেন, যোগ করেন তিনি। তাঁর প্রশ্ন, ‘শেষ পর্যন্ত এক শহরে সমাজতন্ত্র গড়া যায় না, কিন্তু কীভাবে সেই মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি ধারণ করে সমাজতান্ত্রিক নীতির দিকে বাস্তব, স্পর্শযোগ্য পদক্ষেপ নেওয়া যায়, যাতে শহরের বাসিন্দাদের দৈনন্দিন জীবন উন্নত হয়?’




