…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ভোলায় ৫৬ বছর পর সরকারি উদ্যোগে ভয়াল ১২ নভেম্বর স্মরণ, উপকূল দিবস ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক
ভোলায় ৫৬ বছর পর সরকারি উদ্যোগে ভয়াল ১২ নভেম্বর স্মরণ, উপকূল দিবস ঘোষণার দাবি
ছবি: সংগৃহীত

১৯৭০ সালের ভয়াল ১২ নভেম্বরের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে ভোলায় স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি জানান। তাঁরা উপকূলের মানুষের সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেন।

সেদিন বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় জনপদ লন্ডভন্ড হয়ে যায়। ওই দুর্যোগে প্রায় ৫ লাখ মানুষের প্রাণহানি ঘটে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার অন্যতম ছিল দ্বীপজেলা ভোলা। ঘরবাড়ি, গাছপালা ও গবাদিপশুর সঙ্গে ভেসে যায় অসংখ্য মানুষের জীবন। স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে হাজার হাজার পরিবার।

ঘটনার ৫৬ বছর পর সরকারি উদ্যোগে প্রথমবারের মতো এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠনও দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ও জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম।

স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সেই ভয়াল রাতের স্মৃতি এখনো বেঁচে থাকা মানুষদের তাড়া করে ফেরে। দুর্যোগে প্রাণ হারানো মানুষের আত্মত্যাগ এবং উপকূলীয় জনপদের ভয়াবহ ক্ষয়ক্ষতির কথাও তাঁরা তুলে ধরেন।

বক্তারা বলেন, ১২ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে পালিত হলে উপকূলের মানুষের আত্মত্যাগ, দুর্যোগের ইতিহাস এবং উপকূলীয় অঞ্চলের সংকট ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভয়াল সেই দিনের ইতিহাস তুলে ধরার সুযোগও তৈরি হবে।

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ংকরী ঘূর্ণিঝড় তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। ঘণ্টায় প্রায় ২২৪ কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে ৬ থেকে ১০ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূলের বিস্তীর্ণ জনপদ তলিয়ে যায়।

সেই জলোচ্ছ্বাসে ভেসে যায় হাজার হাজার ঘরবাড়ি, গবাদিপশু, ফসলি জমি ও মাছ ধরার নৌকা।

বিশ্ব আবহাওয়া সংস্থার স্বীকৃতি অনুযায়ী, ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়। ১২ থেকে ১৩ নভেম্বর আঘাত হানা এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা আনুমানিক ৩ লাখ থেকে ৫ লাখ। সরকারি ও বেসরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা নিয়ে ভিন্নতা রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক আজকের ভোলার প্রতিনিধি আলহাজ শওকাত হোসেন, বন্ধুজনের আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইউনুস, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আমিনুল ইসলাম, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সুজনের সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, সিপিপির টিম লিডার মো. তসলিম এবং আমরা ভোলাবাসী সংগঠনের আহ্বায়ক মীর মোশারেফ অমিসহ অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর সোপান।

পরে ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ বনি আমীন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

নারী যাত্রীদের জন্য ১০০টি পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারী যাত্রীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনতে যাচ্ছে সরকার।…

আবহাওয়া ও পরিবেশ

দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপ এখন সুস্পষ্ট, ৪৮-৭২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সিস্টেম…

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন
আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ঐতিহাসিক দায়ের ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে শনিবার (১৪ নভেম্…

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না
আবহাওয়া ও পরিবেশ

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না

শৈশবে চোখের সামনে দেখেছেন প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ধ্বংসযজ্ঞ। সেই স্মৃতি থেকেই উপকূলের মানুষের দুর্ভোগ ও জলবায়ু সংকট নিয়ে কাজের অনুপ্রেরণা পেয়েছ…