…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সংসদে নাহিদ: নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, না হলে আমরা আমাদের পথ দেখব

নিজস্ব প্রতিবেদক
সংসদে নাহিদ: নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, না হলে আমরা আমাদের পথ দেখব
ছবি: সংগৃহীত

সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই প্রশ্ন তোলেন। একই সঙ্গে সরকারের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি স্পষ্ট জবাব দাবি করেন।

নাহিদ ইসলাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়। এই ঘটনায় বাড়িতে থাকা গবাদিপশু আগুনে পুড়ে মারা গেছে বলেও তিনি সংসদকে জানান।

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, রাত থেকেই তাঁরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। তিনি নিজেও কুষ্টিয়ার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। অথচ বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।

নাহিদ ইসলাম প্রশ্ন তুলে বলেন, কোনো ফরেনসিক দল ঘটনাস্থলে না যাওয়া এবং ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে ঘটনাটিকে পেট্রোল বোমা হামলা নয় বলে মন্তব্য করলেন, তা তাঁর বোধগম্য নয়।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তাতে কারা প্রধান লক্ষ্যবস্তু, তা এখন স্পষ্ট। এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। এ ছাড়া সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও ককটেল বিস্ফোরণ হচ্ছে বলে তিনি জানান।

নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তাঁদের মানবাধিকার নিশ্চিত করা না হলে এবং শত্রুপক্ষের মানবাধিকার নিয়ে সরকার বেশি উদ্বিগ্ন থাকলে নিজেদের নিরাপত্তার পথ নিজেদেরই দেখতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রথম লক্ষ্যবস্তু তাঁরা হলেও পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারেন সরকারের লোকজনও। এই শক্তির নৃশংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের পরিবার আক্রান্ত হলে সরকারের মন্ত্রী-এমপিদের পরিবারও রেহাই পাবে না। তাই আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের অবস্থান এবং আপসকামিতার অভিযোগের বিষয়ে তিনি সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ বিষয়ে রুলিং দিয়ে স্পিকার বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ যে প্রশ্ন তুলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা গুরুতর। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘বাংলার দামাল সন্তানরা সবচেয়ে সাহসী’, রাওয়ার ভেটেরানস ডে অনুষ্ঠানে বললেন স্পিকার হাফিজ উদ্দিন

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশমাতৃকার …

রাজনীতি

পরাজিত শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিরোধ করা হবে: চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে ক…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…