মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পর যুক্তরাষ্ট্রকে ‘অনেক কম আতঙ্ক’ নিয়ে দেখছে ইউরোপ, তবে বড় পরিবর্তনের আশা কম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ইউরোপ এখন যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে ‘অনেক কম আতঙ্ক’ নিয়ে দেখছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ থেকে ওয়াশিংটনের সরে যাওয়ার প্রবণতা ট্রাম্পের চেয়েও গভীর এবং তা উল্টে যাওয়ার সম্ভাবনা কম।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান—কোনো পক্ষই ইউরোপসংশ্লিষ্ট বিষয় নিয়ে তেমন কথা বলেনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ পরিচালনা, গ্রিনল্যান্ডের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি তাঁর আক্রমণাত্মক অবস্থানও আলোচ্যসূচিতে ছিল না।
গত সপ্তাহে ডেমোক্র্যাটিক পার্টির জয় ইউরোপের প্রতি বন্ধুভাবাপন্ন একটি কংগ্রেস দিতে পারলেও বিশেষজ্ঞরা কয়েকটি ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আশা করছেন না।
ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের রবার্ট শুমান সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের পরিচালক এরিক জোন্স বলেন, ‘গত দুই বছরের তুলনায় ইউরোপীয়রা এখন যুক্তরাষ্ট্রের দিকে অনেক কম আতঙ্ক নিয়ে তাকাচ্ছে, তবে ট্রান্সআটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে এর তাৎপর্যকে তাদের অতিরঞ্জিত করা উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘প্রশাসনের পর প্রশাসন ধরে এই ধারাটি একই দিকে এগোচ্ছে, এবং এই মধ্যবর্তী নির্বাচন সেই ধারা বদলে দেয়নি।’
কয়েক দশক ধরে ট্রান্সআটলান্টিক সম্পর্ক গড়ে উঠেছিল এই ধারণার ওপর যে ওয়াশিংটনের একটি মুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ ইউরোপ প্রয়োজন, আর ইউরোপীয় সরকারগুলো নির্ভর করত মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার ওপর।
কিন্তু সেই ঐকমত্য ধীরে ধীরে ক্ষয় হয়েছে, এবং তা ট্রাম্পের হাত ধরে শুরু হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে আটলান্টিকের দুই পাড়েই বৈশ্বিক সম্পৃক্ততার প্রতি জনসমর্থন কমেছে।
বিশ্লেষকদের মতে, এই ধারাটি শুরু হয়েছিল বারাক ওবামার আমলে; ওই অঞ্চল থেকে মার্কিন নিরাপত্তার প্রতি হুমকির আশঙ্কায় তাঁর প্রশাসন এশিয়ার দিকে কৌশলগত পুনর্মুখীকরণ শুরু করেছিল। এটি এখন রাজনৈতিক বিভাজনের উভয় পক্ষের ঐকমত্যের বিরল ক্ষেত্র হয়ে উঠেছে: রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়েই ইউরোপীয়দের নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নেওয়ার পক্ষে।
মার্কিন প্রেসিডেন্ট তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ দৃষ্টিভঙ্গি দিয়ে এই সরে যাওয়াকে ত্বরান্বিত করেছেন। তিনি বারবার ন্যাটোকে আক্রমণ করেছেন, গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন এবং মস্কোকে বিচ্ছিন্ন ও দুর্বল করার ইউরোপীয় প্রচেষ্টাকে ক্ষুণ্ন করে ইউক্রেনের চেয়ে রাশিয়ার প্রতি বেশি সম্মান দেখিয়েছেন।
ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস কেন্দ্রীয় ব্যয়, আইন প্রণয়ন ও কংগ্রেসের তদারকির ওপর আরও বেশি ক্ষমতা পেয়ে ট্রাম্পের কিছু সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে। তবে পররাষ্ট্রনীতির ওপর প্রেসিডেন্টের যথেষ্ট কর্তৃত্ব থেকে যাবে।
ইউরোপিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমির অর্থনীতিবিদ ও পরিচালক ফ্রেডরিক এরিকসন বলেন, ‘সবাই ভালো ট্রান্সআটলান্টিক সম্পর্কের পক্ষে কথা বলেন—আরও বেশি অনুমানযোগ্য এবং আমেরিকার কাছ থেকে ইউরোপের প্রত্যাশা বিবেচনায় নেওয়ার ব্যাপারে আরও বেশি খোলামেলা।’




