…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে আইনজীবীদের মিশ্র মত: দেশে ফিরলেই রায় কার্যকর হবে, বললেন চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে আইনজীবীদের মিশ্র মত: দেশে ফিরলেই রায় কার্যকর হবে, বললেন চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পাড়ি জমান। জুলাই–আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় এরই মধ্যে মৃত্যুদণ্ড হয়েছে তাঁর। ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে বিচার ও তদন্ত চলমান রয়েছে বেশ কয়েকটি মামলার। এ ছাড়া সারা দেশে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে পাঁচ শতাধিক মামলা।

সম্প্রতি তাঁর দেশে ফেরা ও মৃত্যুদণ্ড আইনগতভাবে মোকাবিলায় আপিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই। তাঁকে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির আওতায় আসতে হবে। রায় প্রকাশিত হওয়ার পর ৩০ দিন সময় থাকলেও তিনি কোনো আপিল দায়ের করেননি। ভবিষ্যতে তাঁর আপিল দায়েরের আইনগত সুযোগ নেই। তাই তিনি দেশে ফিরলেই তাঁর রায় কার্যকর করা হবে। এর কোনো বিকল্প নেই।

আপিলের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারায় বলা হয়েছে, দোষী সাব্যস্ত হওয়া ও দণ্ড প্রদানের তারিখ অথবা খালাস বা দণ্ড প্রদানের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। উক্ত সময়সীমা অতিবাহিত হওয়ার পর আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, কেউ যদি দেশে এসে মামলা মোকাবিলা করতে চায় তাঁকে ট্রাভেল পাস দেওয়া উচিত। আর বাংলাদেশে এমন কোনো নজির নেই যে আপিল বিভাগে যাওয়া ছাড়াই ফাঁসি কার্যকর করা হয়েছে। কারণ সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগ সম্পূর্ণ ন্যায়বিচারের স্বার্থে যেরূপ প্রয়োজন আদেশ দিতে পারেন। সে ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিষয়টি একান্তই আপিল বিভাগের এখতিয়ার। তাই আপিল করার সুযোগ ছাড়াই ফাঁসি কার্যকর করার দাবি কেবলই আইনকে পাশ কাটিয়ে যাওয়া বলে মনে করেন তিনি।

সংবিধানের ১০৪ অনুচ্ছেদে বলা হয়েছে—কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদ্ঘাটন বা দাখিল করার আদেশসহ আপিল বিভাগের নিকট বিচারাধীন যেকোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য যেমন প্রয়োজন হতে পারে, উক্ত বিভাগ সেইরূপ নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করতে পারবেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত বছরের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জুলাই–আগস্টের শহীদ পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলা হয়।

মামলায় থাকা ৫টি অভিযোগ দুটি ভাগে ভাগ করে একটিতে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে গত বছরের ১৫ ডিসেম্বর আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড দিতে আপিল বিভাগে আবেদন করে প্রসিকিউশন। যা এখনো নিষ্পত্তি হয়নি।

আপিল বিভাগে প্রসিকিউশনের করা আবেদনের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, এরই মধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। তাই সাজা কার্যকর করতে ওই আবেদন শুনানি জরুরি নয়। প্রয়োজনে যেকোনো সময় আপিল বিভাগে থাকা আবেদন প্রত্যাহারও করা যাবে। আর সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় সম্পূর্ণ ন্যায়বিচার সম্পর্কিত নীতির সুযোগ শেখ হাসিনা পাবেন না বলে জানান তিনি।

এর আগে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাওলানা আবুল কালাম আযাদকে ২০১৩ সালে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সময় তিনি পলাতক ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশে ফিরে বিলম্ব মার্জনাসহ চলতি বছরের ৬ জুলাই আপিল করেন আবুল কালাম। সেই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা স্থগিতও চাওয়া হয়। তাঁর আপিলটি চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। যা এখনো নিষ্পত্তি হয়নি।

জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজকের পত্রিকাকে বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে আইন মেনেই ফিরতে হবে। মাওলানা আবুল কালাম আজাদের মামলাতেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আইনি অবস্থান পরিষ্কার হয়েছে। কারণ এখনো আবুল কালামের আপিলটি গৃহীত হয়নি।

এদিকে এরই মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করার রায় বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। গত ৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাক্ষর করা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু আজকের পত্রিকাকে বলেন, মাওলানা আবুল কালাম আযাদকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার যে সুযোগ দিয়েছে সেই নজির সামনে রয়েছে। তাই শেখ হাসিনা ফিরতে চাইলে তাঁকে সেই সুযোগ দেওয়া উচিত। আর তিনি যদি ফিরতে পারেন তাহলে আপিল করার সুযোগও পাবেন। আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করবেন কি না সেটা আপিল বিভাগের বিষয়।

তবে প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনার বাংলাদেশে আসার কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, কারও পাসপোর্ট বাতিল হলে আপিল দায়ের করতে হয়। পুনরায় পাসপোর্ট ইস্যু করার দরখাস্ত করা যায় না। আর পলাতক আসামি আইনের অধীনে কোনো দরখাস্ত করতে পারেন না। শেখ হাসিনা ভারতে মানবিক আশ্রয়ে আছেন।

সিরিয়ার উদাহরণ তুলে ধরে শিশির মনির বলেন, বাশার আল আসাদ গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে গেলে রাশিয়া সরকার তাঁকে আশ্রয় দেয়। পরে তাঁর মৃত্যুদণ্ড হয়। তখন সিরিয়া সরকার রাশিয়ার কাছে অনুরোধ করে আসাদকে হস্তান্তর করতে। কিন্তু রাশিয়া তাতে অস্বীকৃতি জানায়। এখানে বাংলাদেশ সরকার অনুরোধ করলেও ভারত সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এই অবস্থায় মানবিক কারণে আশ্রয়প্রাপ্ত কোনো মানুষ নিজস্বভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।

বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬(১)(গ) ধারায় বলা আছে, যদি আবেদনকারী তাঁর আবেদন দাখিলের তারিখের অব্যবহিত পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের কোনো আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হন এবং অনূর্ধ্ব দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে পাসপোর্ট বা ভ্রমণ নথি ইস্যু করতে অস্বীকার করা যেতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

আইন ও অপরাধ

বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…